ময়নাতদন্তকারী চার চিকিৎসককে স্বাস্থ্য অধিদপ্তরে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে কিশোরী হেনা আক্তারের লাশের ময়নাতদন্ত সম্পন্নকারী চারজন চিকিৎসককে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে তলব করা হয়েছে। হেনার চিকিৎসার কাগজপত্র এবং ময়নাতদন্তের প্রতিবেদন নিয়ে আজ মঙ্গলবার সকাল ১০টার মধ্যে চিকিৎসকদের ওই অধিদপ্তরে হাজির হতে হবে।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (হাসপাতাল) মো. মমতাজ উদ্দিন ভূঁইয়া গত রোববার এক ফ্যাক্স বার্তার মাধ্যমে ওই চিকিৎসকদের তলব করেন। চার চিকিৎসকের মধ্যে শরীয়তপুরের সিভিল সার্জন গোলাম সরোয়ারও রয়েছেন।জানা যায়, জেলার নড়িয়া উপজেলার চামটা গ্রামের কিশোরী হেনা ধর্ষণের শিকার হওয়ার পর সালিস বৈঠকে ফতোয়া দিয়ে ধর্ষকের সঙ্গে তাকেও দোররা মারা হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে হেনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে গত ৩১ জানুয়ারি হেনার মৃত্যু হয়। গত ২ ফেব্রুয়ারি শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নির্মম চন্দ্র দাস, রাজেশ কুমার মজুমদার ও হোসনে আরা রোজী এবং শরীয়তপুরের সিভিল সার্জন গোলাম সরোয়ার হেনার লাশের ময়নাতদন্ত করেন। এ-সংক্রান্ত প্রতিবেদনে চিকিৎসকেরা হেনার শরীরে সামান্য একটি আঘাতের চিহ্ন পাওয়ার কথা উল্লেখ করেন। ৭ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে হেনার লাশের পুনঃ ময়নাতদন্তের নির্দেশ দেন এবং ময়নাতদন্ত সম্পন্নকারী চার চিকিৎসককে আদালতে তলব করেন। পুনঃ ময়নাতদন্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা হেনার শরীরের ১৬টি স্থানে আঘাত থাকার কথা উল্লেখ করেন। ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট দুটি ময়নাতদন্তের অমিল খতিয়ে দেখতে এবং এ জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন। সংশ্লিষ্ট চিকিৎসকদের দায়িত্বে অবহেলা ও গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখে ভবিষ্যতে ময়নাতদন্তের ক্ষেত্রে ভুল এড়াতে কমিটিকে সুপারিশসহ ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেন আদালত। এর পরিপ্রেক্ষিতে গত রোববার হেনার ময়নাতদন্ত সম্পন্নকারী চারজন চিকিৎসককে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তলব করা হয়।সিভিল সার্জন গোলাম সরোয়ার জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির দ্বিতীয় দফা বৈঠকে সাক্ষাৎকার দিতে তাঁকেসহ চার চিকিৎসককে ঢাকায় অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে তলব করা হয়েছে। সেই মোতাবেক তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অধিদপ্তরে উপস্থিত হবেন।এ দিকে হেনাকে দোররা মারার ঘটনায় করা দুটি মামলার অন্যতম আসামি ইমাম মফিজ উদ্দিন তালুকদারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। তিন দিনের রিমান্ড শেষে আজ তাঁকে আদালতে হাজির করা হবে বলে সিআইডি সূত্র জানিয়েছে।