ময়নাতদন্তে হুইটনির ফুসফুসে পানি মিলেছে!
সদ্য প্রয়াত মার্কিন পপগায়িকা হুইটনি হিউস্টনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের ফলাফলে বলা হয়েছে, মৃত্যুর সময় তাঁর ফুসফুসে পানি ছিল। অবশ্য পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে কি না তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এ জন্য আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে।১১ ফেব্রুয়ারি শনিবার যুক্তরাষ্ট্রের বেভারলি হিলটন হোটেলের একটি কক্ষ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় হুইটনিকে। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হোটেলের ঘরে বাথটাবে তাঁর মৃতদেহ পাওয়া গেছে। ময়নাতদন্তে পাওয়া ফলাফলে বিষয়টি আরও শক্ত একটি ভিত্তি পেল। অবশ্য এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কর্তৃপক্ষ। পানির নিচে যাওয়ার আগেও তাঁর মৃত্যুর সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া হচ্ছে না।ময়নাতদন্ত সম্পন্ন হলেও, হুইটনির মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য সবাইকে আরও চার থেকে ছয় সপ্তাহ অপেক্ষা করতে হবে বলেই এক খবরে টিওআই জানিয়েছে। কারণ, এ সময়ের আগে তাঁর টক্সিকোলজি পরীক্ষার ফলাফল পাওয়া যাবে না।