ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে অবরোধ
মেরামতের দাবিতে নান্দাইল চৌরাস্তা থেকে মুশুলি পর্যন্ত ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে স্থানীয় শিক্ষার্থী ও অধিবাসীরা মিলে সাত কিলোমিটার দীর্ঘ মানববন্ধন তৈরি করে। জনতা চার ঘণ্টা সড়কটি অবরোধ করে রাখে। আজ মঙ্গলবার ঠিকাদারি প্রতিষ্ঠানের তালবাহানার প্রতিবাদে তারা এ অবরোধ করে। সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী ও শত শত জনতা সড়কের দুই পাশে হাতে হাত রেখে এই মানববন্ধনে অংশ নেয়। তাদের অভিযোগ, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও যোগাযোগ মন্ত্রণালয়ের নীরবতার কারণে সড়কটির মেরামতের কাজ হচ্ছে না।মুশুলি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র আরিফুল ইসলাম ও সাগর শর্মা বলে, সড়কে মরণ ফাঁদ তৈরি হয়েছে। প্রতিদিন যানবাহন নষ্ট হচ্ছে। প্রচণ্ড ধুলায় স্কুলে বসে ক্লাস করা যাচ্ছে না। তারা জানিয়েছে, গত দেড় বছর ধরে দুর্ভোগ পোহালেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি সড়কের নির্মাণকাজ শেষ করছে না। তাই কোনো উপায় না দেখে বিক্ষোভ করছে।প্রতিষ্ঠানটির শিক্ষক আশরাফ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘সড়কের ধুলার কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। অনেকেই সর্দি-কাশিতে ভুগছে।’ এদিকে অবরোধের কারণে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। সিলেট-সরিষাবাড়ী পরিবহনের বাসচালক শফিকুল ইসলাম বলেন, ‘বাস নিয়ে দুই ঘণ্টা ধরে আটকা পড়ে আছি। সড়ক অবরোধ করে লোকজন বিক্ষোভ করছে।’ যোগাযোগ করা হলে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল হামিদ মিয়া বলেন, সড়ক অবরোধের বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। তিনি বিষয়টি সওজকে জানিয়েছেন। ঘটনাস্থলে নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন পৌঁছেছেন।সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প-২-এর আওতায় চীনের জিইও ইঞ্জিনিয়ারিং কোম্পানি ২০০৮ সালের ২৫ জুলাই নান্দাইলের চৌরাস্তা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক প্রশস্ত করার কাজ শুরু করে। কিশোরগঞ্জ এলাকার বিশ্বরোড মোড় থেকে নান্দাইল উপজেলার মুশুলি পর্যন্ত সড়কটি চলাচলের উপযোগী করলেও মুশুলি থেকে চৌরাস্তা পর্যন্ত সাত কিলোমিটার সড়কে মাটি কেটে রাখা হয়েছে। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটি বাকি কাজ দেড় বছরেও শেষ করতে পারেনি। কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেছেন, চীনের ঠিকাদারি প্রতিষ্ঠানটি দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছে।