ময়মনসিংহ পৌর মেয়র ও আ.লীগের সদস্যপদ বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অসত্য তথ্য দিয়ে যাত্রা শুরু’ হয়েছিল ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক ওরফে টিটুর। তৃণমূল থেকে আওয়ামী লীগের সমর্থন পাওয়ার জন্য তিনি যে সদস্য ফরমটি জমা দিয়েছিলেন, তা জাল ছিল বলে দাবি করেছে ময়মনসিংহ শহর আওয়ামী লীগ।শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান ওরফে মিল্কী জানান, এই অভিযোগ এখনো আলোচিত বলে মাস কয়েক আগে শহর আওয়ামী লীগ সভায় সিদ্ধান্ত হয়েছে, মেয়র ইকরামকে নতুন করে আওয়ামী লীগের সদস্য হতে হবে।মেয়র ইকরামুল হক জালিয়াতির অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নতুন করে সদস্য হতে যাবেন কেন? পুরোনো সদস্যপদটিই নবায়ন করবেন তিনি।সাদেক খানের দাবি, যদি সত্যিই তিনি (মেয়র) ১৯৯৬ সালে আওয়ামী লীগের সদস্য হয়ে থাকেন, তাহলে ২০০২ সালের সম্মেলনের আগে সদস্যপদ নবায়ন করেননি কেন? এই প্রশ্ন মেয়র ইকরামকে করা হলে তিনি বলেন, ‘তখন খেয়াল ছিল না।’২০১১ সালের ১৭ জানুয়ারি ময়মনসিংহ পৌরসভা নির্বাচন হয়। মেয়র পদে দলীয় সমর্থন পেতে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের ভোটে অংশ নিতে হয়েছিল প্রতিযোগী প্রার্থীদের। তখন ইকরামুল হক ১৯৯৬ সালে পূরণ করা হয়েছে দাবি করে একটি সদস্য ফরম প্রার্থী বাছাইয়ের জন্য গঠিত কমিটির কাছে জমা দেন। দলের একাংশের অভিযোগ, এই ফরমটি পেছনের তারিখ দিয়ে ২০১১ সালে পূরণ করা। এ কাজে তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার, সাবেক সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন আহমেদ, জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ ভৌমিক ও ৯ নম্বর ওয়ার্ডের তখনকার সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদের সহযোগিতা পেয়েছিলেন বলেও অভিযোগ।বড় ভাই ব্যবসায়ী আমিনুল হক ওরফে শামীমের কারণেই ইকরাম আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন বলে মনে করে স্থানীয় আওয়মী লীগের নেতা-কর্মীরা। কারণ, ইকরাম তৃণমূল নেতাদের ভোটে পরাজিত হয়েছিলেন। কিন্তু দল তাঁকেই সমর্থন দিয়েছিল। এর কারণ হিসেবে নেতা-কর্মীরা বলছেন, ব্যবসায়ী শামীম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা আজমের ঘনিষ্ঠ বন্ধু। শামীম জামালপুরে ছাত্রদলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।জাতীয় সংসদের হুইপ মির্জা আজম প্রথম আলোর কাছে আমিনুল হকের সঙ্গে বন্ধুত্বের কথা স্বীকার করে বলেন, ‘শামীম (আমিনুল হক) ছাত্রলীগ দিয়ে শুরু করেছিল। পরে ছাত্রদলে চলে যায়। তবে আমাদের বন্ধুত্ব এখনো অটুট।’ তবে আমিনুলের ছোট ভাই ইকরামকে মনোনয়ন পাইয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি। আমিনুল হকও ছাত্রদল করার কথা স্বীকার করে বলেন, তিনি ও তাঁর বন্ধু মির্জা আজম আশির দশকের শুরুর দিকে জামালপুরের আশেক মাহমুদ কলেজে পড়ার সময় ছাত্রলীগ দিয়েই রাজনীতি শুরু করেছিলেন। পরে ছাত্রসংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে ছাত্রদলে যোগ দেন।শহর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম জানান, ইকরামুল হক মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন আদায়ের জন্য তৃণমূলের ভোটে অংশগ্রহণের ইচ্ছে প্রকাশ করলে তিনি, সাধারণ সম্পাদক সাদেক খান মিল্কীসহ আরও কয়েকজন প্রার্থী বাছাইয়ের জন্য সদর আসনের সাংসদ মতিউর রহমানকে প্রধান করে গঠিত স্টিয়ারিং কমিটির কাছে লিখিতভাবে দাবি করেন, ইকরামুল হক দলের প্রাথমিক সদস্যও নন, তাই তিনি আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশা করতে পারেন না। ইকরামুল হকের প্রার্থী হওয়া যখন অনিশ্চিত, তখন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন বলে জানিয়েছেন শহর আওয়ামী লীগের তিন সাংগঠনিক সম্পাদকের একজন (নাম প্রকাশে অনিচ্ছুক)। মতিন সরকারের পরামর্শে ত্রিশালের বালিপাড়া এলাকা থেকে ১৯৯৬ সালের অব্যবহূত পুরোনো ফরম সংগ্রহ করে আনেন জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ ভৌমিক। সংগৃহীত সদস্য ফরমে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের তখনকার সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ ও জেলা আওয়ামী লীগের তখনকার সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন আহমেদ স্বাক্ষর করেন।আবদুল মতিন সরকার প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে তাঁর কিছুই জানা নেই। এ জন্য কাউকে দায়ী করা হলে সেই মানুষটি হবেন ১৯৯৬ সালে যিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯৬ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন আহমেদ প্রথম আলোর কাছে পেছনের তারিখ দিয়ে কাউকে সদস্য করার অভিযোগ অস্বীকার করেন। নিজেকে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য দেখাতে ইকরামুল হকের প্রয়োজন ছিল ওই ওয়ার্ডের তখনকার সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদের স্বাক্ষর। মোহাম্মদ নওশাদ গুরুতর অসুস্থ হওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সাংসদ মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ইকরামুল হক দলের সদস্য কি না, এ প্রশ্ন উঠেছিল এবং কাগজপত্রে তিনি নিজেকে আওয়ামী লীগের সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারার পরই তৃণমূলের ভোটে অংশ নেওয়ার সুযোগ পান। তিনি পৌর মেয়রকে নিয়ে বিতর্ক না করার পরামর্শ দিয়ে বলেন, ‘টিটু (ইকরামুল হক) সব সময় আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে অংশ নিত।’