ময়মনসিংহ পৌরসভায় ৩৩ নারী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড মিলে সংরক্ষিত আসন ২। শুধু ৪ নম্বর ওয়ার্ডেই কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন নারী। আর সংরক্ষিত ওই আসনের জন্য ১৭ জানুয়ারি ভোটযুদ্ধে নামছেন আটজন প্রার্থী। গোটা ময়মনসিংহ পৌরসভার চিত্র মোটামুটি একই রকমের। ঢাকা বিভাগের মধ্যে ময়মনসিংহেই সবচেয়ে বেশিসংখ্যক ৩৩ জন নারী প্রার্থী এবার নির্বাচনে লড়ছেন।এ পৌর নির্বাচনে বিপুলসংখ্যক নারীর অংশগ্রহণের বিষয়টি ইতিবাচক চোখে দেখছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি আইনজীবী খালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘কয়েক বছর আগেও নারীদের এমন অংশগ্রহণ চোখে পড়ত না। পরিস্থিতি পাল্টাচ্ছে। যদিও সংরক্ষিত আসনের বাইরে মেয়েরা এখনো তেমনভাবে অংশ নিচ্ছেন না। তবে আমি আশাবাদী, সামনের বছরগুলোয় অভিজ্ঞতা কাজে লাগিয়ে নারী প্রার্থীরা মেয়র পদেও নির্বাচন করবেন।’তবে সুশীল সমাজের প্রতিনিধিরা যতই উচ্ছ্বসিত হোন না কেন, বিপাকে পড়েছেন ভোটাররা। গতকাল শুক্রবার ময়মনসিংহের সানকিপাড়া এলাকার বাসিন্দা শামসুজ্জামান বলছিলেন, ‘রাস্তার এই মাথা থাইকা ওই মাথা পর্যন্ত চাইরজন দাঁড়াইছে। সবাই পরিচিত, কারে রাইখা কারে ভুট দেই। বড় সমস্যায় আছি।’নির্বাচনে অংশ নিচ্ছেন নানা পেশার নারী: এবার ময়মনসিংহ পৌরসভা নির্বাচনে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁদের অনেকেই গৃহিণী। স্বামী, সহোদর কিংবা সন্তানের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করছেন তাঁরা। প্রতিদ্বন্দ্বিতা করছেন শিক্ষক, ক্ষুদ্র ব্যবসায়ী, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা, পশুপালন করে জীবিকা নির্বাহ করেন এমন অনেক নারীও। তাঁদের কেউ কেউ পুরোপুরি নিজের উপার্জনের টাকায়, আবার কেউ পরিবারের সদস্যদের কাছ থেকে আংশিক সাহায্য নিয়ে নির্বাচনী দৌড়ে রয়েছেন।সংরক্ষিত আসন-২-এর নারী কাউন্সিলর পদপ্রার্থী ফাতেমা আক্তার খাতুন। ১৯৭৫-৭৬ সালে তিনি ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের ভিপি ছিলেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন, স্কাউটিংয়ের সঙ্গেও জড়িত ছিলেন। এ বছর নির্বাচনে দাঁড়িয়েছেন। সংরক্ষিত আসন-৭-এর প্রার্থী মোসাম্মৎ মরিয়ম বেগম পশুপালন করে অর্থ জমিয়ে নির্বাচন করছেন। বললেন, সারা জীবনই কিছু না কিছু করার চেষ্টা করেছেন। একই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসমত আরা বানু। তিনি তেলিগ্রাম উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করছেন।যোগ্যতা বিচার করে ভোট দেবেন ভোটাররা: ময়মনসিংহের ভোটপ্রার্থীরা এখন বাড়ি বাড়ি ঘুরে দরিদ্রদের ভিজিডি-ভিজিএফ কার্ড পাইয়ে দেবেন, বিধবা-ভাতার ব্যবস্থা করিয়ে দেবেন, রাস্তাঘাট, পয়োনিষ্কাশন-ব্যবস্থার উন্নতি করবেন, ইভ টিজিং রোধে কাজ করবেন—এ ধরনের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে ভোটাররা প্রার্থীর ব্যক্তিগত ইমেজ বিবেচনায় রেখে ভোট দেবেন বলে জানান। শহরের পুলিশ লাইন এলাকার শাহাদৎ হোসেন বলেন, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও সমাজে গ্রহণযোগ্যতা দেখে তাঁরা ভোট দেবেন।ক্ষমতা নেই, মূল্যায়নও নেই: ময়মনসিংহে নারীদের এই অংশগ্রহণ নিয়ে এলাকায় আলোচনার শেষ নেই। কিন্তু আদতে সংরক্ষিত আসনের এই নারী প্রার্থীদের কাজের সুযোগই নেই। গতকাল শুক্রবার সংরক্ষিত আসন-১-এর ভোটার শম্ভুগঞ্জ ইউসি উচ্চবিদ্যালয়ের ইংরেজির শিক্ষক মোখলেসুর রহমান বলছিলেন, যেকোনো সামাজিক সমস্যায় পুরুষদের তুলনায় নারী কাউন্সিলররাই এগিয়ে আসেন। তাঁদের সততা ও নিষ্ঠা কোনো অংশেই কম নয়, কিন্তু কাজে লাগানো হয় না। একই বক্তব্য দিয়েছেন সংরক্ষিত আসন-৪-এর প্রার্থী বর্তমান সংরক্ষিত কাউন্সিলর রোকশানা শিরীন। ঘাগড়াবায়েরা উচ্চবিদ্যালয়ের শিক্ষক রোকশানা বলেন, ‘এলাকায় ভোট চাইতে গিয়ে বেশ সমস্যায় পড়ছি। ভোটাররা বুঝতে চাইছেন না, আমরা কী কারণে এলাকার সব ধরনের উন্নয়নে অংশ নিতে পারিনি। আমাদের ক্ষমতাও নেই, মূল্যায়নও নেই। তত্ত্বাবধায়ক সরকারের সময় কয়েকজন পুরুষ ও নারী কাউন্সিলর যৌথ বাহিনীর হাতে আটক হয়েছিলেন, সেই পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে, নারী কাউন্সিলরা তুলনামূলকভাবে অনেক বেশি সৎ। তবু আমরা কাজ করার সুযোগ পাই না।’ব্যতিক্রমী প্রার্থী: সংরক্ষিত আসন-২-এর প্রার্থী লাইলী। স্বশিক্ষিত এই প্রার্থীর বিরুদ্ধে দুটি মামলা বিচারাধীন। দুটিই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে করা হয় ২০০৪ ও ২০০৫ সালে। লাইলীর অভিযোগ, রাজনৈতিকভাবে হয়রানির জন্য তাঁর বিরুদ্ধে একদল কুচক্রী এ মামলা করেছে। প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি কোনো দলের সঙ্গে যুক্ত নন। সারা জীবন জনগণ নিয়ে ছিলেন, জনগণ নিয়েই থাকবেন।তিন মেয়র পদপ্রার্থী যা ভাবছেন: ভারপ্রাপ্ত মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক বলেন, ২০ মাস ধরে তিনি নানাভাবে নারী প্রার্থীদের কাজকর্মে সহায়তা দিয়েছেন, ভবিষ্যতেও দেবেন। তাঁর মতে, সংরক্ষিত আসন হলেও নারী প্রার্থীদের নির্বাচনী এলাকা সাধারণ কাউন্সিলরদের চেয়ে বড়। তাঁদের প্রতি বৈষম্যমূলক আচরণ করাটা ঠিক নয়। বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী এ কে এম শফিকুল ইসলাম বলেন, সংরক্ষিত আসনে নির্বাচিত কাউন্সিলররা যেন তাঁদের পুরুষ সহকর্মীদের মতোই কাজের সুযোগ পান, সে বিষয়ে সরকারের একটা সুস্পষ্ট নির্দেশনা থাকা দরকার। তিনি মেয়র নির্বাচিত হলে অন্য কাউন্সিলরদের সঙ্গে আলোচনার মাধ্যমে নারী কাউন্সিলরদের কাজে লাগাবেন। একই মন্তব্য করেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. শহীদুল ইসলাম।স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ব্যাখ্যা: গৌরীপুরের সাংসদ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির ‘স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কারণে নির্বাচনের পরিবেশ অস্বস্তিকর হচ্ছে!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একটি তথ্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, এলাকার মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সেখানে গৌরীপুর পৌরসভার বাইরের লোকও ছিল। তিনি ওই অনুষ্ঠানে নির্বাচন বা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার বিষয়ে একটি কথাও উচ্চারণ করেননি।