ময়মনসিংহ বিভাগের দাবিতে আন্দোলন জোরদার হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই শহরে সরকারের ১২টি বিভাগীয় দপ্তর ও পরিদপ্তর আছে। বৃহত্তর ময়মনসিংহের সব জেলার মানুষকে আসতে হয় এখানে। শিক্ষাপ্রতিষ্ঠানও অনেক, যা অন্য বিভাগীয় শহরে নেই। জনসংখ্যার দিক থেকেও সর্ববৃহত্। ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করলে মাত্র দুটি বিভাগীয় কার্যালয় দরকার। দাবি একটাই—আমরা ময়মনসিংহ বিভাগ চাই। না হলে আন্দোলন।’কথাগুলো বলেছেন ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি আনিসুর রহমান খান। তিনি জানান, বিভাগ বাস্তবায়নের দাবিতে পরিষদের পক্ষ থেকে ১ ফেব্রুয়ারি থেকে জেলা শহর ও উপজেলাগুলোতে পথসভা চলছে। গতকাল পর্যন্ত এই কর্মসূচির মাধ্যমে প্রচারপত্র বিলি করে তাঁরা সাধারণ মানুষকে আন্দোলনে সম্পৃক্ত করেছেন। আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালনের মধ্য দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।জেলা মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোমতাজ উদ্দিন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ময়মনসিংহকে বিভাগ ঘোষণা না করলে তাঁর দল হেয়প্রতিপন্ন হবে।সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী, ময়মনসিংহ জেলা বিএনপির সভাপতি ও ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি এ কে এম মোশাররফ হোসেন বলেন, ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্বাচনী অঙ্গীকার ছিল। আশার কথা হলো, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ময়মনসিংহকে বিভাগ করার যৌক্তিকতা সমর্থন করে নির্বাচনের আগে ময়মনসিংহ সার্কিট হাউসে এক জনসভায় বক্তব্য দিয়েছিলেন।বিভাগ বাস্তবায়নের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নেতারা এখন সোচ্চার। জেলা চেম্বারের সভাপতি ও ভারপ্রাপ্ত পৌর মেয়র ইকরামুল হক বলেন, এটা পুরোনো শহর, বিশাল জনগোষ্ঠী। তাই বিভাগ করা জরুরি। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমীর আহাম্মদ চৌধুরী বলেন, লোকসংখ্যা, ঐতিহ্য, ঐশ্বর্য—সবকিছুতেই ময়মনসিংহ বিভাগ হওয়ার দাবি রাখে। ময়মনসিংহ গণিত সমিতির সভাপতি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিকস বিভাগের অধ্যাপক আবদুল হাই বলেন, ‘শিক্ষার দিক থেকে ঢাকার পরই ময়মনসিংহের অবস্থান। তাই বিভাগ হওয়ার দাবি রাখে। এই আন্দোলনের সঙ্গে আমরা সবাই একমত।’স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেন, ‘একটি বিভাগ হওয়ার জন্য যা যা দরকার, ময়মনসিংহে তার সবই আছে। বৃহত্তর ময়মনসিংহের মানুষ চিকিত্সা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্যসহ নানাবিধ কাজে প্রতিনিয়ত ময়মনসিংহে যাতায়াত করেন। কাজেই আমি ময়মনসিংহে বিভাগ চাই।’ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকার ফুল বিক্রেতা গিরিন্দ্র সরকার বলেন, ‘বিভাগ অইলে পরিবেশ ভালো অইবো।’ মেডিকেল কলেজের পাশের চুরখাই এলাকার দিনমজুর ফজলুল হক বলেন, ‘আমরার শহর বিভাগ অইবো, আমরা বিভাগ চাই।’ রিকশাচালক ও শম্ভুগঞ্জ এলাকার বাসিন্দা মানিক মিয়া বলেন, ‘বিভাগ অইলে মেলা ট্যাহা ইনকাম করাম।’ স্টেশন এলাকার চা-বিক্রেতা আলমগীর বলেন, ‘মাইনসে বিভাগ নিয়া যাইত, আর আমরা টিক মাইরা বইয়া থাকবাম? আমরাও আন্দোলনে যাইয়াম।’জেলা প্রশাসক এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী বলেন, ময়মনসিংহে বিভাগ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন সংগঠন এরই মধ্যে স্মারকলিপি দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।ময়মনসিংহ থিয়েটার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও বহুরূপী নাট্য সংস্থার সভাপতি সাহাদাত হোসেন খান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে এসেছি। এরই মধ্যে আরেকটি বিভাগ হলো। আমরা সব সাংস্কৃতিককর্মী এই বিভাগ বাস্তবায়ন আন্দোলনের সঙ্গে যুক্ত।’উপজেলা চেয়ারম্যান সমিতির পক্ষ থেকে সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা ফয়েজুর রহমানের মতে, জাতীয় স্বার্থে ঢাকা বিভাগ ভেঙে ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর—এই তিনটি বিভাগ করা উচিত। দেশের সাতটি বিভাগের মধ্যে ছয়টিতে জনসংখ্যা সাড়ে সাত কোটি। আর শুধু ঢাকা বিভাগেই জনসংখ্যা সাড়ে ছয় কোটি। দুই নেত্রীই ময়মনসিংহকে বিভাগ করতে চেয়েছেন। কিন্তু কেউ কথা রাখেননি।