ময়মনসিংহ মেডিকেল কলেজে শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজের এক ছাত্রীকে উক্ত্যক্ত করার জের ধরে গত বৃহস্পতিবার রাতে কলেজের শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিৎসকদের সঙ্গে বহিরাগতদের পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। এ সময় বহিরাগতরা হাসপাতালের বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে ইন্টার্নি চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেছেন।সংঘর্ষে আহতদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী, পাঁচজন ইন্টার্নি চিকিৎসক ও পাঁচজন বিএমএর নেতা। গুরুতর আহত মেডিকেল কলেজের পাঁচ ছাত্রকে রাতে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তাঁরা হলেন: মাসুদ পারভেজ (পঞ্চম বর্ষ), খালেছ মোনতাছির আহাম্মেদ (পঞ্চম বর্ষ), আবদুল্লাহ আল মামুন (চতুর্থ বর্ষ), রেজুয়ান সাইদ (চতুর্থ বর্ষ) ও রেফয়েজ মাহমুদ (তৃতীয় বর্ষ)। শুক্রবার সকালে তাঁদের আইসিইউ থেকে সাধারণ শয্যায় স্থানান্তর করা হয়। আহত বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।কলেজ ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কলেজের পঞ্চম বর্ষের এক ছাত্র ও ছাত্রী প্রশাসনিক ভবনের তিনতলার নার্সেস ক্যান্টিনের সামনের বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। এ সময় তিন বহিরাগত পাশ দিয়ে যাওয়ার সময় বহিরাগতদের একজন ছাত্রীর গায়ে ধাক্কা দেয়। এ নিয়ে বহিরাগতদের সঙ্গে ওই দুই শিক্ষার্থীর বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। পরে অন্য চিকিৎসকেরা এসে সুমন নামের এক বহিরাগতকে আটক করেন। এ সময় বাকি দুই বহিরাগত দৌড়ে পালিয়ে যায়। এ খবর চরপাড়া ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে রাত সাড়ে নয়টার দিকে প্রায় ১০০ জন বহিরাগত হাসপাতালে প্রবেশ করে সন্ধানী, মেডিসিন ক্লাব, রক্ত সঞ্চালন কেন্দ্র ও শিক্ষকদের বিশ্রাম কক্ষসহ প্রায় ১৫-১৬টি কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। একপর্যায়ে শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিৎসকেরা সংঘবদ্ধ হয়ে বহিরাগতদের ধাওয়া করেন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ৩৫ জন আহত হয়। রাত সাড়ে ১০টার দিকে হামলা-ভাঙচুরের বিচার ও হাসপাতালের পরিচালকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা হাসপাতালে মিছিল করেন।পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর হাসপাতালে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের সময় হাসপাতালের জরুরি বিভাগ প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে।হাসপাতালে ভর্তি আহত শিক্ষার্থীরা জানান, প্রায় ১০০ জনের একদল বহিরাগত অকথ্য ভাষায় গালাগাল করতে করতে ডক্টরস ক্লাবে এসে তাঁদের ওপর হামলা চালায়। বহিরাগতদের অনেকের হাতে ছিল চাপাতি, দা ও লাঠিসোঁটা। শিক্ষার্থীরা জানান, ‘বহিরাগতরা ভাঙচুরের সময় চিৎকার করে বলছিল, চরপাড়া এলাকা দিয়ে তোরা কীভাবে যাস দেখে নিব।’ তাঁরা বলেন, এই ঘটনার পর থেকে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।গতকাল শুক্রবার মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় হামলা ও ভাঙচুরের নিন্দা ও দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাজাহান চরপাড়া এলাকার কেব্ল টেলিভিশন ব্যবসায়ী আরিফ, সাগর ও সফিকুর রহমানসহ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছেন। পুলিশ মামলার প্রধান আসামি আরিফকে চরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাজাহান বলেন, বহিরাগতরা একজন শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার পর এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।বিএমএর ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান ভূঁইয়া বলেন, ইন্টার্নি চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন। তবে জরুরি চিকিৎসাসেবা যাতে ব্যাহত না হয়, সেজন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম জানান, হামলা ও ভাঙচুরের ঘটনা এবং হাসপাতালের সার্বিক নিরাপত্তার বিষয়ে শনিবার (আজ) সদর আসনের সাংসদ মতিউর রহমান, জেলা প্রশাসক মো. লোকমান হোসেন মিয়া ও পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, মামলার প্রধান আসামি আরিফ ওরফে ডিস আরিফকে গ্রেপ্তার করা হয়েছে।ইন্টার্নি চিকিৎসক রনি রায় ও সাইদুর রহমান বলেন, বহিরাগতরা বিভিন্ন অজুহাতে হাসপাতালে হামলা চালায়। কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় বহিরাগতরা আবারও হামলা চালিয়েছে।