ময়মনসিংহ মেডিকেলে ইন্টার্ন চিকিত্সকদের কর্মবিরতি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিত্সকদের কর্মবিরতি চলছে। আজ রোববার বেলা ১১টার দিকে ইন্টার্ন চিকিত্সকেরা হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে ছয় দফা দাবিতে মৌন মিছিল ও মানববন্ধন করেন। সেখানে তাঁরা দুপুর একটা পর্যন্ত অবস্থান ধর্মঘট করেন। গত শনিবার দুপুর থেকে ইন্টার্ন চিকিত্সকদের এ কর্মবিরতি চলছে। এ কারণে হাসপাতালের চিকিত্সাসেবা মারাত্মক ব্যাহত হচ্ছে। এদিকে পরিস্থিতি মোকাবিলায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সব অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপককে নিয়ে সম্মেলনকক্ষে বেলা ১১টার দিকে আলোচনায় বসেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের আলোচনা চলছে বলে জানা গেছে।ইন্টার্ন চিকিত্সকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—হাসপাতালে বহিরাগতদের প্রবেশ নিষেধ ও হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার, হাসপাতালের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি বিভাগ ও প্রতিটি ওয়ার্ডের সামনে পুলিশের ব্যবস্থা করা, রোগীদের ভর্তি বিভাগে ঊর্ধ্বতন চিকিত্সকদের তত্ত্বাবধানের ব্যবস্থা করা, রাজনৈতিক চাপ থাকলেও বেশি অসুস্থ রোগীদের পেয়িং বেডে ভর্তি না করা, রোগীদের মৃত ঘোষণার সময় ঊর্ধ্বতন চিকিত্সকদের উপস্থিতি নিশ্চিত করা ও প্রত্যেক রোগীর সঙ্গে একজনের বেশি আত্মীয় না থাকার বিষয়টি নিশ্চিত করা। ময়মনসিংহের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক চিকিত্সক মতিউর রহমান ভূঁইয়া জানান, ‘একদিকে কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিত্সা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আবার একের পর এক হামলার ঘটনায় চিকিত্সকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।’ ইন্টার্ন চিকিত্সক পরিষদের সভাপতি মো. আরমান হোসেন বলেন, ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন বেসরকারি একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র দিব্য জ্যোতি সাহা মারা যায়। এ ঘটনায় বিনা চিকিত্সার অভিযোগ এনে তার স্বজনেরা কর্তব্যরত চার ইন্টার্ন চিকিত্সকের ওপর হামলা করে। হামলার ঘটনায় হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক সফিউদ্দিন আহমেদকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।