ময়মনসিংহে অগ্নিদগ্ধ হয়ে মা মেয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ সদর উপজেলার আনন্দিপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন মা ও মেয়ে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একটি শিশু। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। কুপি থেকে ঘরে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া মা-শিশু হলেন আনন্দিপুর গ্রামের মজিবুর রহমানের স্ত্রী আয়েশা খাতুন (৩০) ও তাঁর মেয়ে হিরামণি (৬)। মজিবুর ঢাকায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গৃহবধূ আয়েশা রাতে ছেলেমেয়েদের পড়াশোনা শেষে একমাত্র ছেলে রুদ্র্রকে (১১) শাশুড়ির ঘরে রেখে দুই মেয়েকে নিয়ে নিজের ঘরে ঘুমোতে যান। কিছুক্ষণ পর ঘরে আগুন জ্বলতে দেখা যায়। আয়েশা ও তাঁর দুই মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে দরজা ভেঙে তাঁদের উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত দুইটার দিকে হিরামণি মারা যায়। ভোরের দিকে ঢাকায় নেওয়ার পথে মারা যান আয়েশা। অগ্নিদগ্ধ তিন বছরের কন্যা ঈশামণির অবস্থার অবনতি হলে গতকাল সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদারসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র সূত্রধর বলেছেন, ধারণা করা হচ্ছে, প্লাস্টিকের চেয়ারের ওপর কুপি রেখে তাঁরা ঘুমিয়ে পড়েছিলেন। একপর্যায়ে কুপি উল্টে প্লাস্টিকের চেয়ারে পরে আগুন দ্রুত মশারি ও বিছানাসহ পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এটি নাশকতা বলে মনে হয়নি।