ময়মনসিংহে অভিযোগ গঠনের শুনানি ১৫ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের ঘটনায় করা দুটি মামলায় ময়মনসিংহ সেক্টর ও ৪৫ রাইফেল ব্যাটালিয়নের ৪২ জওয়ানের বিরুদ্ধে আগামী ১৫ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানি হবে। আজ শনিবার সকালে ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৭-এর সভাপতি কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম সরকার অভিযোগ গঠনের শুনানির এ দিন ধার্য করেন। আদালত সূত্রে জানা যায়, আজ সকাল আটটা ও নয়টায় বিশেষ আদালত-১৭-এ মামলা দুটির শুনানি শুরু হয়। দুটি মামলায় আজই প্রথম ৪২ জন আসামিকে আদালতে হাজির করা হয়। এঁদের মধ্যে ১৪ জন সেক্টরে এবং ২৮ জন ৪৫ রাইফেল ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। মামলা দুটির প্রসিকিউটর আসামিদের উপস্থিতিতে মামলার বিবরণী পেশ করেন। পরে আগামী ১৫ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করে আদালত মুলতবি করা হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ময়মনসিংহে বিডিআর বিদ্রোহের প্রথম বিচারকাজ শুরু হয়।