ময়মনসিংহে আলবদরের প্রধান সংগঠক ছিলেন কামারুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান একাত্তরে মুক্তিযুদ্ধকালে বৃহত্তর ময়মনসিংহে আলবদর বাহিনীর প্রধান সংগঠক ছিলেন বলে মন্তব্য করেছে রাষ্ট্রপক্ষ। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ এসব কথা বলেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল এই মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়েছে। এ সময় আসামির কাঠগড়ায় কামারুজ্জামান হাজির ছিলেন। গতকাল যুক্তি উপস্থাপনের আগে আসামিপক্ষের শেষ সাফাই সাক্ষী আবদুর রহিমের সাক্ষ্য গ্রহণ করা হয়।যুক্তি উপস্থাপনের শুরুতে গোলাম আরিফ মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাকে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে জামায়াতে ইসলামী, মুসলিম লীগসহ বেশ কয়েকটি সংগঠন পাকিস্তানি দখলদার বাহিনীকে সহায়তা করে এবং বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিল।গোলাম আরিফ বলেন, গোলাম আযমের (একাত্তরে পূর্ব পাকিস্তান জামায়াতের আমির) নেতৃত্বে রাজাকার, আলবদর, আলশামস বাহিনী গঠিত হয়। ওই সময় কামারুজ্জামান বৃহত্তর ময়মনসিংহে আলবদর বাহিনীর প্রধান সংগঠক ছিলেন। ময়মনসিংহ, শেরপুর ও জামালপুরের বিভিন্ন স্থানে কামারুজ্জামান পাকিস্তানি সেনাদের সহায়তার পাশপাশি মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন, যা রাষ্ট্রপক্ষ বিভিন্ন তথ্য-উপাত্তের মাধ্যমে সফলভাবে প্রমাণ করতে পেরেছে।এরপর যুক্তি উপস্থাপন করেন এই মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম। তিনি বলেন, কামারুজ্জামান বৃহত্তর ময়মনসিংহে পাকিস্তানি মেজর রিয়াজ ও আইয়ুবকে সহায়তা করতেন, এটি রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মোহন মুন্সির সাক্ষ্যে প্রমাণিত হয়েছে। এই পর্যায়ে কৌঁসুলি প্রয়োজনীয় প্রস্তুতির জন্য সময়ের আরজি জানালে ট্রাইব্যুনাল বলেন, ২৮ মার্চের মধ্যে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ করতে হবে। ট্রাইব্যুনাল আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরীকে বলেন, ‘আপনারাও মানসিকভাবে প্রস্তুত থাকুন, ৩১ মার্চ থেকে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হবে।’শেষ সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ: যুক্তি উপস্থাপন শুরুর আগে কামারুজ্জামানের পক্ষে পঞ্চম ও শেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন ময়মনসিংহ সদর থানার বাসিন্দা আবদুর রহিম। জবানবন্দিতে তিনি দাবি করেন, একাত্তর সালে তিনি ময়মনসিংহে মুক্তিযোদ্ধাদের স্বেচ্ছাসেবক বাহিনীর সাধারণ সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি রাজাকার ও আলবদর কমান্ডার হিসেবে কামারুজ্জামানের নাম কারও কাছে শোনেননি। তাঁর জবানবন্দি নেন কফিল উদ্দিন চৌধুরী।জবানবন্দি শেষে রহিমকে জেরা করেন সাইফুল ইসলাম। জেরায় এক প্রশ্নের জবাবে রহিম বলেন, তিনি যে মুক্তিযোদ্ধা ছিলেন, এ ধরনের কোনো সনদ তাঁর নেই। কৌঁসুলি জানতে চান, মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকার, আলবদর ও আলশামস বাহিনী গঠিত হয়েছিল, তা কি সাক্ষী জানেন? জবাবে সাফাই সাক্ষী বলেন, তিনি এটা জানেন না। পরে কৌঁসুলি মত (সাজেশন) দেন, আপনি মুক্তিযুদ্ধের ঘটনা অস্বীকার করে কামারুজ্জামানের পক্ষে মিথ্যা সাক্ষ্য দিলেন। জবাবে রহিম বলেন, এটা সত্য নয়।পরে যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।