ময়মনসিংহে জমজমাট গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অঙ্কে কথা বলা যায় না কেন’, ‘মানুষের মস্তিষ্ক কি অন্য কোনো প্রাণীর মস্তিষ্কে প্রতিস্থাপন সম্ভব,’ ‘৯.৯৯ বলার সময় দশমিকের পর নিরানব্বই কেন বলি না’, ‘বাংলার চার ও ইংরেজির আট এক রকম কেন’, ‘গণিত ও অঙ্কের মধ্যে পার্থক্য কী’—এমন নানা প্রশ্নের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের ময়মনসিংহ অঞ্চলের উৎসব। গতকাল শনিবার ময়মনসিংহ শহরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসব হয়। কুয়াশা কাটতে না কাটতেই প্রচণ্ড শীতে জড়োসড়ো হয়ে সকাল সাড়ে সাতটায় প্রতিযোগীরা বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়। উৎসবে ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ১৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। সকাল সাড়ে আটটায় জাতীয় সংগীতের পর পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. লোকমান হোসেন মিয়া। উদ্বোধনী পর্বে জেলা প্রশাসক বলেন, ‘তোমরাই হবে আগামী দিনে দেশের কর্ণধার। তাই তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।’ তিনি শিক্ষার্থী ও অভিভাকদের মাদক বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা বলেন, এ আয়োজন আমাদের শিক্ষার্থীদের গণিত বিষয়ে আগ্রহী করে তুলছে।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও গণিতের অধ্যাপক আ. হাই বলেন, ‘আমাদের ছোট শিক্ষার্থীরা যে এখন আর গণিতকে ভয় পায় না, এই প্রতিযোগিতায় বহু শিক্ষার্থীর অংশগ্রহণ তাই প্রমাণ করে।’উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় সোয়া এক ঘণ্টার পরীক্ষাপর্ব। পরীক্ষার পর প্রথম আলোর জেলা প্রতিনিধি কামরুজ্জামানের উপস্থাপনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পর্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যরা নাচ, গান, আবৃত্তি, কৌতুক করে পরীক্ষার্থীদের মাতিয়ে রাখেন দুপুর একটা পর্যন্ত। এ সময় চ্যানেল আইয়ের সেরাকণ্ঠ মুগ্ধ ও তাঁর যমজ ভাই স্নিগ্ধ গান পরিবেশন করেন।বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান অতিথিদের নিয়ে প্রশ্নোত্তরপর্বে যোগ দিতে মঞ্চে ওঠেন। এ সময় শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক মো. কায়কোবাদ, বিশিষ্ট বিজ্ঞানী মো. আতাউল করিম, গণিতবিদ খোদাদাত খান, বিজ্ঞানী রেজাউনুর রহমান, জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান, অধ্যাপক আ. হাইসহ ময়মনসিংহের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকেরা। ভালো প্রশ্ন করায় এই পর্বে শিক্ষার্থীরা উপহার হিসেবে অতিথিদের কাছ থেকে বই গ্রহণ করে। এ সময় মঞ্চে ময়মনসিংহের উদ্যোক্তা মো. আ. খালেককে পরিচয় করিয়ে দেওয়া হয়। ফলাফল প্রকাশের আগে পরীক্ষার্থীরা রবিকস কিউবে অংশ নেয়। এতে দুজন সফল হয়। প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরিতে ৬৩ জনকে পুরস্কৃত করা হয়। এদের মধ্যে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ জিলা স্কুলের ছাত্র আদিব হাসান।