ময়মনসিংহে টিআর-কাবিখা প্রকল্পে ব্যাপক অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দ খাদ্যশস্য ও টাকা ময়মনসিংহে দলীয় বিবেচনায় সরকারি দলের সাংসদ বা উপজেলা চেয়ারম্যানের আস্থাভাজন লোকদের মধ্যে বণ্টন করার অভিযোগ উঠেছে।এ ছাড়া সাংসদের দেওয়া তালিকা অনুযায়ী অনেক অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামেও বরাদ্দ দেওয়া হয়েছে। এ নিয়ে বিভিন্ন উপজেলায় ক্ষমতাসীন দলের লোকদের মধ্যেই সংঘর্ষ ও মামলার ঘটনা ঘটেছে।গত সপ্তাহে ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় প্রথম আলোর অনুসন্ধানে এমন বেশ কিছু তথ্য পাওয়া গেছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গ্রামীণ অবকাঠামো সংস্কার (টেস্ট রিলিফ— টিআর) ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (কাজের বিনিময়ে খাদ্য—কাবিখা) কর্মসূচির আওতায় গত দুই বছরে ময়মনসিংহের ১২টি উপজেলায় ৩৩ হাজার ৩১৬ মেট্রিক টন খাদ্যশস্য (চাল বা গম) বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া অতিদরিদ্রদের জন্য নেওয়া কর্মসংস্থান প্রকল্পের (কাজের বিনিময়ে টাকা-কাবিটা) বরাদ্দ দেওয়া হয় ১০৭ কোটি টাকা।এর মধ্যে সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের দ্বন্দ্বসহ বিভিন্ন কারণে ৬১৮ মেট্রিক টন খাদ্যশস্য ও ছয় কোটি ৬৫ লাখ টাকা ফেরত গেছে।গৌরীপুর: ২০১০-১১ অর্থবছরে গৌরীপুর উপজেলায় স্থানীয় সাংসদ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরের চিঠির পরিপ্রেক্ষিতে ১৯টি প্রকল্পের জন্য টিআর কর্মসূচি থেকে ২০ মেট্রিক টন খাদ্যশস্য এবং ১৫টি প্রকল্পের জন্য নয় লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।এর মধ্যে অন্তত ১৩টি প্রকল্পের কোনো অস্তিত্ব নেই বলে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম গত ৩০ জুন জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি অভিযোগ দেওয়ার পরও উপজেলা নির্বাহী কর্মকর্তা অস্তিত্বহীন প্রকল্পের অনুকূলে টাকা ও গম বরাদ্দ দিয়েছেন। তাই জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছি।’সাংসদের দেওয়া তালিকা অনুযায়ী, গৌরীপুর ইউনিয়নের গজন্দর খেলাঘরের নামে ৬০ হাজার টাকা, শাহবাজপুর ছাত্রকল্যাণ সমিতির নামে তিন টন গম ও পূর্ব শালীহর গ্রামের ভাই ভাই সংঘকে তিন টন গম দেওয়া হয়েছে। কিন্তু প্রথম আলোর পক্ষ থেকে ওই এলাকায় গিয়ে প্রথম দুটি প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। আর ভাই ভাই সংঘ নামের একটি সাইনবোর্ড ছাড়া আর কিছু নেই।একই ইউনিয়নের শাহবাজপুর ফুরকানিয়া মাদ্রাসার নামে ৬০ হাজার টাকা দেওয়া হয়। ওই গ্রামের লোকজন জানায়, সেখানে সকালে মক্তব পড়ানো হয়। মাদ্রাসার কোনো কার্যক্রম নেই। ওই প্রতিষ্ঠানের সভাপতি আবুল কাশেম বলেন, ৬০ হাজার টাকা সরকারি বরাদ্দের বিষয়ে তিনি কিছু জানেন না।বোকাইনগর ইউনিয়নের তেলিহাটী ইকরা কিন্ডারগার্টেন অ্যান্ড কোচিং সেন্টার ও গৌরীপুর পৌর এলাকার ভার্টেক্স টিচিং পয়েন্টকে ৬০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ওই কোচিং সেন্টারে গিয়ে কোনো উন্নয়নকাজ চোখে পড়েনি। আর ভার্টেক্স টিচিং পয়েন্টে পাঁচটি মার্কার বোর্ড ছাড়া কিছুই কেনা হয়নি। ভার্টেক্সে পরিচালক আশীষ সরকার বলেন, কাবিটা কর্মসূচির অধীন এই সরকারি বরাদ্দের বিষয়ে তিনি কিছু জানেন না। এ ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগের নেতা রঞ্জন সরকার জানেন।জানতে চাইলে রঞ্জন সরকার প্রথম আলোকে বলেন, কিছু সরঞ্জাম কেনা হয়েছে। পরে আরও কেনা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ৩০ জুনের মধ্যে খাদ্যশস্য ও টাকা ব্যয়ের বাধ্যবাধকতা থাকায় সাংসদের দেওয়া তালিকা ধরে বণ্টন করা হয়েছে। তিনি বলেন, এখন যেহেতু অভিযোগ উঠেছে, তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এদিকে সরকারি এসব বরাদ্দ নিয়ে দুর্নীতির প্রতিবাদে এবং প্রকল্প ও টাকা বিতরণ বন্ধের দাবিতে গত ২৯ জুন গৌরীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন সারোয়ারের নেতৃত্বে দলটির একাংশ উপজেলা চত্বরে মিছিল বের করে। তখন আওয়ামী লীগের অপর একটি অংশ প্রকল্প অনুমোদন ও টাকা বিতরণের দাবিতে পাল্টা মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে দুই পক্ষের ৫০-৬০ জন আহত হন। বেশ কিছু মোটরসাইকেল ও গাড়ি ভাঙচুর হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ওই হামলার ঘটনায় গত ৩ জুলাই ময়মনসিংহ প্রেসক্লাবে গৌরীপুর উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যৌথভাবে সংবাদ সম্মেলন করেন। তাঁরা টিআর, কাবিটা ও কাবিখার বরাদ্দ বণ্টনে অনিয়মের জন্য প্রতিমন্ত্রীকে দোষারোপ করেন। জানতে চাইলে প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির প্রথম আলোকে বলেন, উপেজলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের কিছু লোক তাঁর বিরুদ্ধে লেগেছে। তারাই অপপ্রচার চালায়। তিনি বলেন, তার পরও যদি অনিয়ম হয়ে থাকে, তদন্ত করে দেখা হবে। ভবিষ্যতে যাতে এমন না হয়, সেদিকে নজর রাখা হয়।ধোবাউড়া: গত বছরের ডিসেম্বর মাসে ধোবাউড়া উপজেলার রাঘবেড় ইউনিয়নে ছবি জালিয়াতি করে ছাত্রলীগকর্মী আজহারুল ইসলাম অতিদরিদ্রদের জন্য নেওয়া কর্মসৃজন কর্মসূচির টাকা তুলে নেন। এ ঘটনার প্রতিবাদ করায় আজহারুল দলবল নিয়ে ওই ইউনিয়ন যুবলীগের পরিবেশবিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেনকে পিটিয়ে পা ভেঙে দেন। মোজাম্মেল তখন আজহারুলসহ ১১ জনকে আসামি করে ধোবাউড়া থানায় মামলা করেন।বাঘবেড় ইউনিয়নে গেলে স্থানীয় সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি টিআর, কাবিখা ও কর্মসৃজন কর্মসূচিতে অনিয়মের কথা জানান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে কেউ নাম প্রকাশ করতে চাননি। স্থানীয় সূত্রগুলো জানায়, বাঘবেড় ইউনিয়নের কর্মসৃজন কর্মসূচির শ্রমিকদের জন্য মুন্সীরহাট জনতা ব্যাংকে হিসাব খোলা হয়। শ্রমিকদের নামের তালিকায় সেকান্দর মিয়ার নামের বিপরীতে ছবি দেওয়া হয় এলাকার সচ্ছল পরিবারের সন্তান ছাত্রলীগের কর্মী আজাহারুলের। তাঁর ভাই কামরুলকেও ওই প্রকল্পের শ্রমিক হিসেবে দেখানো হয়। তাঁরা প্রত্যেকেই ১২ হাজার টাকা করে উত্তোলন করেন। আজহারুল প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আমি টাকা তুলিনি। দাদাভাইয়ের (উপজেলা চেয়ারম্যান ফোরকান উদ্দিন সেলিম মৃধা) কাছের মানুষ যুবলীগের সাত্তার টাকা উঠিয়েছে। পরে তাঁর কথামতো আমরা রুবেলকে মারধর করি।’ হামলার শিকার মোজাম্মেল হোসেন অভিযোগ করেন, বাঘবেড় ইউনিয়নে গত বছরের কর্মসৃজন কর্মসূচিতে ৩৩৩ জন শ্রমিকের মধ্যে দুই শতাধিক ভুয়া শ্রমিক ছিল। প্রকল্প কর্মকর্তা লুৎ ফর রহমান বলেন, তিনিও এই ঘটনা শুনেছেন। তবে এটা তিনি এখানে যোগ দেওয়ার আগে ঘটেছে, তাই এ ব্যাপারে তিনি বিস্তারিত বলতে পারবেন না। ওই প্রকল্পে উপজেলার বাঘবেড় গ্রামের যুবলীগ নেতা আবদুস সাত্তার শ্রমিকের তালিকায় তাঁর নিজের নামসহ তাঁর চার ভাই, চার ভাইয়ের স্ত্রী, দুই ভাতিজা এবং তিন চাচাতো ভাই ও তাঁদের স্ত্রীসহ ১৭ জনের নামে ব্যাংক হিসাব খুলে টাকা উত্তোলন করেছেন।এ ছাড়া ফুলপুর ডিগ্রি কলেজের ছাত্র কায়সার আহাম্মেদও শ্রমিক হিসেবে টাকা উত্তোলন করেন। তাঁর মাসহ পরিবারের চারজন সরকারি ও চারজন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।এ ছাড়া গত বছর অতিদরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন (ভিজিডি) প্রকল্পের অধীনে বরাদ্দ দেওয়া অর্থ আত্মসাতের অভিযোগ জানিয়ে জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন ধোবাউড়ার ৩ নম্বর সদর ইউনিয়নের ৩৭৬ জন সদস্য। জানতে চাইলে ওই এলাকার সাংসদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, ‘এগুলো আমার নলেজে কেউ দেয়নি।’