ময়মনসিংহে ট্রিপল মার্ডার মামলায় আটজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ধোবাউড়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তিনজনকে হত্যা (ট্রিপল মার্ডার) মামলায় আজ বৃহস্পতিবার আটজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এ বি এম সাজেদুর রহমান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামিরা হলেন—মোতাহার হোসেন প্রদীপ, ওমর আলী, মো. রফিকুল, মো. শফিকুল ইসলাম, আবদুর রহিম, বুলবুল, এরশাদ আলী ও আশরাফ আলী। তাঁদের মধ্যে এক ব্যক্তি ও তাঁর চার ছেলে আছেন। তবে ওমর আলী, এরশাদ, রফিকুল, শফিকুল ও বুলবুল পলাতক।এ ছাড়া জিয়াউল ইসলাম জুয়েলকে যাবজ্জীবন এবং আবদুর রাজ্জাককে ১০ বছর, মো. হানিফ ও রহিমাকে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।এদিকে, অপরাধ প্রমাণিত না হওয়ায় হোসনে আরা, রোকেয়া খাতুন ও আল আমিন নামের তিনজনকে খালাস দিয়েছেন আদালত।এদিকে এ মামলার অপর আসামি আনিসুর রহমান মানিকের বিরুদ্ধে মামলার বিচারকাজ হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে।২০০৬ সালের ২২ জানুয়ারি ধোবাউড়া থানাধীন চোরেরভিটা গ্রামে জমি দখলের প্রতিবাদ করায় নিরঞ্জন সূত্রধর, হরিদাস সূত্রধর ও বিমল সূত্রধরকে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ কুপিয়ে হত্যা করে। পরবর্তী সময় ধোবাউড়া থানায় বিমলের ভাই শ্যামল সূত্রধর বাদী হয়ে ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। নিহত নিরঞ্জনও হরিদাস সহোদর এবং বিমল তাঁদের ভাইয়ের ছেলে।