ময়মনসিংহে ট্রেন অবরোধ, আগের সময়সূচি বহালের দাবি
আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ময়মনসিংহ স্টেশনে পৌঁছার বর্তমান সময়সূচি পরিবর্তনের দাবিতে আজ শুক্রবার সকালে ট্রেন অবরোধ কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ উন্নয়ন পরিষদ।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার ভোর পাঁচটা থেকে ময়মনসিংহ রেলস্টেশনে উন্নয়ন পরিষদের নেতাসহ শহরের বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক শ মানুষ জড়ো হয়ে ট্রেনটি আসার অপেক্ষা করতে থাকেন।ট্রেনটি সাড়ে পাঁচটায় আসার কথা থাকলেও ময়মনসিংহ রেলস্টেশনে পৌঁছায় সকাল আটটা ২০ মিনিটে। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রেনটিকে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। খবর পেয়ে ময়মনসিংহ সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান ঘটনাস্থলে এসে অবরোধ তুলে নিতে সবাইকে অনুরোধ জানান। মতিউর রহমান আশ্বাস দেন আজই তিনি প্রধানমন্ত্রী ও যোগাযোগমন্ত্রীর সঙ্গে বিষয়টি আশু সমাধানের জন্য কথা বলেন। ময়মনসিংহ উন্নয়ন পরিষদের সচিব অ্যাডভোকেট সাদিক হোসেন বলেন, সাংসদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সকাল আটটা ৩৫ মিনিটে অবরোধ তুলে নেওয়া হয়। আগামী সাত দিনের মধ্যে সময়সূচি পরিবর্তন করা না হলে আমরা লাগাতর কর্মসূচি দেব।ময়মনসিংহ রেলস্টেশন সুপার আবুল কালাম আজাদ জানান, আটটা ৩৫ মিনিটে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এ অবরোধকালে অন্য কোনো ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি।উন্নয়ন পরিষদের নেতারা জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ৭৪৪ নম্বর আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি আগে ভোর সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহে এসে পৌঁছাত। এ সময় ট্রেনটি ব্যবহারে নানা সমস্যা হওয়ায় সময়সূচি বদলে সকাল সাড়ে আটটা করা হয়। সুবিধাজনক সময় হওয়ায় গত এক বছরে ময়মনসিংহ স্টেশনে ট্রেনটির যাত্রী এবং এতে সরকারের রাজস্ব আয় বিপুল পরিমাণে বাড়ে। কিন্তু পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত একটি মহল নিজেদের স্বার্থে তদবির করলে সম্প্রতি ট্রেনটির সময়সূচি আবারও পরিবর্তন করে ভোর সাড়ে পাঁচটা করা হয়।