ময়মনসিংহে ট্রেনে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪
ময়মনসিংহ-জামালপুর রেলপথে গত বুধবার রাতে দুটি ট্রেনে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতেরা ট্রেন থেকে ফেলে দিলে তিন যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা ডাকাতি ও খুনের মামলায় এদেরকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সরদারপাড়ার হাসু মিয়া (১৮), কলকিহারা গ্রামের আফছার আলী (১৮) এবং ইসলামপুর উপজেলার পোড়ারচর গ্রামের সবুজ মিয়া (১৭) ও জহুরুল মিয়া (১৬)। ঢাকাগামী অগ্নিবীণা ট্রেনের ছাদ থেকে ছুড়ে ফেলা যাত্রী শেরপুর জেলার রিকশাচালক আহত রবিজল (২৫) তাঁদের শনাক্ত করেন।জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র রেজাউল ইসলামের বাবা নবাব আলীর দায়ের করা মামলায় আজ এ চারজনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও শিগগিরই আটক করা হবে।ময়মনসিংহ জিআরপি থানার ওসি আবুল কাসেম বলেন, গতকাল সকালে খাগডহর ও বিদ্যাগঞ্জ রেলস্টেশনের কাছ ও নরুন্দি এলাকা থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়। আরেকজন নান্দিনা এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়। তার পরিচয় পাওয়া যায়নি। ট্রেনে কাটা পড়ার ঘটনাটি ডাকাতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ায় গতকাল রাতে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।নিহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রীতম বিশ্বাসের শেষকৃত্য গতকাল রাতেই কেওয়াটখালী শ্মশানঘাটে সম্পন্ন হয়েছে। তাঁর বন্ধু রেজাউল করিমকে আজ বেলা ১১টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শালীহর গ্রামের নিজ বাড়িতে দাফন করা হয়।