ময়মনসিংহে দুটি ট্রেনের সংঘর্ষে চালকসহ আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে চালকসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। এতে একটি ট্রেনের ইঞ্জিন দুমড়ে-মুচড়ে গেছে। এ ছাড়া প্রায় ১২৬ ফুট রেললাইন সম্পূর্ণভাবে উপড়ে গেছে এবং দুটি বগির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে জংশন দিয়ে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা, চট্টগ্রাম, জামালপুরসহ বিভিন্ন এলাকার ট্রেন চলাচল আবারও চালু হয়।ঢাকা ও ময়মনসিংহের দুটি উদ্ধারকারী ট্রেনের সহযোগিতায় বিকেল পাঁচটার দিকে দুর্ঘটনাকবলিত ইঞ্জিনটি উদ্ধার করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপড়ে যাওয়া ১ নম্বর রেললাইনের মেরামতকাজ অব্যাহত রয়েছে।ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন সূত্রে জানা যায়, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল ট্রেন ভাওয়াল এক্সপ্রেসের ৫৬ নম্বর ডাউন ট্রেনটি ভোর চারটা ২৫ মিনিটে পৌঁছার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগে ভোর চারটা ২০ মিনিটে স্টেশনের হোম সিগন্যাল না পেয়েই ময়মনসিংহ রেলওয়ে জংশনের ১ নম্বর লাইনে দ্রুত বেগে ঢুকে পড়ে।এ সময় ট্রেনটি স্টেশনের ওই লাইনেই দাঁড়িয়ে থাকা জারিয়ার লোকাল ২৫৭ নম্বর ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রেনের সহকারী চালক সবুজ হাসানসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। ভাওয়াল এক্সপ্রেসের চালক আবদুল বাসেত ঘটনার পর পালিয়ে গেছেন।ময়মনসিংহ স্টেশন সুপার মো. নজরুল ইসলাম জানান, জারিয়ার ট্রেনটিতে কোনো যাত্রী ছিল না এবং ভাওয়াল এক্সপ্রেসেও যাত্রী কম থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে চালকের অসর্তকতার কারণে এ দুর্ঘটনা ঘটার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তদন্ত চলছে, তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতির পরিমাণ এ মুহূর্তে বলা যাচ্ছে না।