ময়মনসিংহে মা ও দুই মেয়ে খুন
ময়মনসিংহে মা ও তাঁর দুই মেয়ে খুন হয়েছেন। জেলার ফুলপুর উপজেলা রূপসী ইউনিয়নের বাত্তা গ্রামে রোববার রাতে এ খুনের ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ আজ সোমবার সকালে তিনজনের লাশ উদ্ধার করেছে।নিহতেরা হলেন—খোদেজা খাতুন (৪৫), তাঁর দুই মেয়ে জোহরা (১৮) ও মোর্শেদা (১০)। গ্রামবাসী ও ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম জানান, খোদেজা খাতুনের স্বামী আলী হোসেনের সঙ্গে একই গ্রামের জনাব আলীর বিরোধ ছিল। সম্প্রতি জনাব আলী এক গ্রাম্য ঝগড়ার জের ধরে আলী হোসেন ও তাঁর তিন ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন। মামলায় গ্রেপ্তার এড়াতে আলী হোসেন ও তাঁর ভাইয়েরা গতকাল রাতে বাড়ির বাইরে ছিলেন। রাতে আলী হোসেনের পরিবার ও তাঁর অন্য ভাইদের পরিবারের সদস্যরা যে যার ঘরে ঘুমাতে যায়। আজ সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা দেখেন, খোদেজা ও তাঁর মেয়ে মোর্শেদার লাশ পুকুরে ভাসছে। আর মানসিক প্রতিবন্ধী জোহরার লাশ ঘরের মধ্যেই ছিল। গতকাল রাতে কোনো একসময় তিনজনকে খুন করা হয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। খোদেজা ও আলী হোসেন দম্পতির সাত ছেলেমেয়ে। গতকাল খোদেজা দুই মেয়ে নিয়ে বাড়িতে ছিলেন। অন্যরা বাড়ির বাইরে ছিলেন। ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।