ময়মনসিংহে যাত্রীবাহী ট্রেনে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-জারিয়া রেলপথের ময়মনসিংহের গৌরীপুর রেলস্টেশনের কাছে গতকাল মঙ্গলবার রাতে একটি লোকাল ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে ট্রেনের ১০ যাত্রী আহত হয়েছে।ময়মনসিংহ রেলওয়ে পুলিশ, ট্রেনের যাত্রী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনার জারিয়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ট্রেনটি গৌরীপুর স্টেশনের আউটার সিগন্যালের কাছে রাত সাড়ে নয়টার দিকে পৌঁছালে একদল অস্ত্রধারী ডাকাত ট্রেনের চার নম্বর (এস-১৯৩৩) বগিতে ডাকাতি শুরু করে। এ সময় ডাকাতেরা যাত্রীদের কাছ থেকে নগদ অর্থসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতদের এলোপাথাড়ি ছুরিকাঘাতে আহত হয় ট্রেনের ১০ যাত্রী। পরে ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জ রেলস্টেশনে রাত সোয়া ১০টার দিকে পৌঁছার পর উত্তেজিত যাত্রীরা ট্রেনের ওই বগিতে আগুন ধরিয়ে দেয়।শম্ভুগঞ্জ রেলস্টেশন মাস্টার আমিনুল ইসলাম জানান, ট্রেনটি থামার সঙ্গে সঙ্গে যাত্রীরা হঠাত্ বগিটিতে আগুন ধরিয়ে দেয়। পরে রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।ডাকাতি হওয়া ট্রেনটির পরিচালক (গার্ড) রুকুন উদ্দিন জানান, ট্রেনটিতে রেলওয়ের কোনো নিরাপত্তা কর্মী ও রেলওয়ে পুলিশ (জিআরপি) ছিল না। এতে ডাকাতেরা নির্বিঘ্নে ডাকাতি করে পালিয়ে যায়।