ময়মনসিংহে শহীদ মিনার ভাঙার ঘটনায় অধ্যক্ষ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে শহীদ মিনার ভেঙে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় চাইরবাড়িয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু তালেবকে আজ বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে আজ পৌনে ১২টায় আদালত থেকে বের হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে এ ঘটনায় ওসিসহ অপর তিনজনকে আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আবু তালেবকে গ্রেপ্তারের ব্যাপারে গফরগাঁও থানার ওসি ওমর ফারুক প্রথম আলোকে বলেন, তাঁকে গ্রেপ্তার করে আপাতত শাহবাগ থানায় রাখা হয়েছে। শহীদ মিনার ভেঙে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে ২২ ফেব্রুয়ারি ময়মনসিংহের গফরগাঁও থানার ওসিসহ তিন ব্যক্তিকে ১ মার্চ আদালতে তলব করেন হাইকোর্ট। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন।২২ ফেব্রুয়ারি ‘শহীদ মিনার ভেঙে পুকুরে ফেলে দিল জামায়াত নেতা!’ শিরোনামে একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন তা আদালতের নজরে আনেন। ওই দিন শুনানির পর আদালত এ আদেশ দেন। হাইকোর্টের নির্দেশে অভিযুক্ত চারজন আজ আদালতে হাজির হন।