ময়মনসিংহে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে নিহত ৬
ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে ঘটনাস্থলেই ছয়জন নিহত ও সাতজন গুরুতর আহত হয়েছেন।আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার বড়ইতলায় এ দুর্ঘটনা ঘটে।আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী সিমেন্টবোঝাই ট্রাকটি গৌরীপুর উপজেলার বড়ইতলায় একটি রিকশাকে পাশ কাটানোর সময় উল্টে যায়। বিকট শব্দ শুনে পাশের কয়েকটি দোকানের লোকজন ছুটে এসে ট্রাক থেকে ছিটকেপড়া আহত সাতজনকে উদ্ধার করেন।স্থানীয় এলাকাবাসীর ধারণা, ট্রাকের যাত্রীরা শ্রমিক ছিলেন এবং কাজ শেষে কম ভাড়ায় বাড়ি ফিরছিলেন।গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল হান্নান জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে উল্টে দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকাজ চলছে।