ময়মনসিংহে সেনাসদস্য খুন
ময়মনসিংহ শহরের আকুয়া খালপাড় এলাকায় নিজ বাসায় সন্ত্রাসীদের হাতে মাহবুব আলম (৩৬) নামের এক সেনাসদস্য খুন হয়েছেন। তিনি কুমিল্লা সেনানিবাসের ৩৩ আর্টিলারি ব্রিগেডের ল্যান্স করপোরাল হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, আজ শুক্রবার ভোররাতে একদল সশস্ত্র অস্ত্রধারী মাহবুবের ভাড়া বাসায় প্রবেশ করে তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ সময় সন্ত্রাসীরা বাসার মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। পারিবারিক সূত্রে জানা যায়, দুই মাস আগে মাহবুব আলম আইভরি কোস্টে জাতিসংঘ মিশন থেকে দেশে ফেরেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার কাইটাল গ্রামে।কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জানান, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।