ময়মনসিংহের হালুয়াঘাটে ৩৯৫টি গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পাঁচ নম্বর গজারিভিটা ইউনিয়নের বোয়ালমারা গ্রাম থেকে পুলিশ ৩৯৫টি গুলি উদ্ধার করেছে। আজ বুধবার দুপুর একটার দিকে ভারত সীমান্তবর্তী ওই গ্রামের ভোরাঘাট নদীর পাড় থেকে পলিথিনে মোড়ানো গুলিগুলো উদ্ধার করা হয়। গুলিগুলো রাইফেল ও এলএমজির বলে জানা গেছে। হালুয়াঘাট থানার পুলিশ জানায়, দুপুর একটার দিকে স্থানীয় চৌকিদার দুলাল উদ্দিন তাঁর গরু নদীতে গোসল করাতে নিয়ে যান। এ সময় তিনি কিছু জিনিস ভর্তি একটি পলিথিন দেখতে পান। পলিথিন খুলে এর মধ্যে গোলাবারুদ দেখতে পেয়ে তিনি থানায় খবর দিলে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল হক করিম জানান, ঘটনাস্থলের পাশেই ভারতের তুরা সীমান্ত এলাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্ত পার হয়েই গুলিগুলো এসেছে। এখন এলাকায় ব্যাপক তল্লাশি চলছে।