ময়লা-আবর্জনায় দূষিত সুরমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে ভাগ করে রেখেছে সুরমা নদী। এ নদী পার হতে সবাইকে ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহ্যবাহী কিনব্রিজ পাড়ি দিতে হয়। একসময় নদীর দুকূল ছাপিয়ে কুলকুল শব্দে স্বচ্ছ পানি বয়ে যেত উজান থেকে ভাটিতে। সে দিন আর নেই। ভয়াবহ দূষণে নদী হারিয়েছে আগের চরিত্র। কিনব্রিজের দুই পাড়ে ময়লা-আবর্জনা ফেলে পুরো নদী দূষণ করা হচ্ছে। এ জন্য ক্রমান্বয়ে দূষিত হচ্ছে সুরমা নদীর পানি। এলাকাবাসী জানিয়েছে, সুরমা নদীর তীরঘেঁষে দুই পাড় উত্তর ও দক্ষিণে সমানতালে বাসাবাড়ি-দোকান-রেস্তোরাঁর ময়লা-আবর্জনা এবং বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে। এতে নদীর নাব্যতা হ্রাস ও স্বাভাবিক গতিপ্রবাহ রোধের পাশাপাশি এর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। ময়লা-আবর্জনা ফেলার কারণে নদীর আশপাশের পরিবেশও জনস্বাস্থ্যের জন্য বিরাট হুমকি হয়ে দেখা দিয়েছে। এ ছাড়া বিভিন্ন কলকারখানার রাসায়নিক বর্জ্য নদীতে ফেলায় বিভিন্ন সময় নদীতে মরা মাছ ভেসে উঠতেও দেখা যায় বলে এলাকার মানুষজন জানান।সুরমা তীরবর্তী ভার্থখলা এলাকার বাসিন্দা আনিসুল ইসলাম বলেন, ‘কিনব্রিজের দুই পাড়ে ময়লা-আবর্জনা ফেলার কোনো নিয়ম না থাকলেও মানুষজন এখানে ময়লা ফেলে ভরাট করে ফেলছেন। এগুলো অপসারণের জন্যই যেন কোনো কর্তৃপক্ষ নেই।পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের কর্মীরা জানান, কিনব্রিজসংলগ্ন এলাকার বর্জ্যগুলো অপসারণ করা না হলে আগামী কয়েক বছরের মধ্যে সুরমা নদীকে বাঁচানো দুষ্কর হয়ে পড়বে। ক্রমশই নদীর পানি বিষাক্ত হয়ে উঠছে। তাই এখনই নদী রক্ষায় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশকর্মীরা। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট অঞ্চলের সমন্বয়কারী আয়েশা চৌধুরীর ধারণা, সুরমায় দূষণের প্রধান কারণ হচ্ছে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা। তিনি এ ব্যাপারে দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন, ‘সুরমা নদীর তীর ধরে এগুলো দেখা যায়, নগরের বাইরের অংশ নদীর রূপ নিয়ে সজীব রয়েছে। আর নগরের অংশগুলো যেন বিবর্ণ। এ ক্ষেত্রে সিটি করপোরেশনকে আগে উদ্যোগী হতে হবে। তারপর জনসচেতনতারও প্রয়োজন রয়েছে।’