ময়লার উৎপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওয়া থেকে গুলিস্তানে এসে বাস থেকে নামল সাহেদের পরিবার। তাঁর বাসা মিরপুর সাড়ে ১১ নম্বরে। মিরপুরের বাসের জন্য অপেক্ষা করছেন গুলিস্তান মাজার চৌরাস্তার পশ্চিম পাশে বিটিসিএলের আঞ্চলিক অভিযোগকেন্দ্রের সামনের মোড়টায়। রাস্তার পাশে ডাস্টবিনের দুর্গন্ধে বসে থাকতে পারছিলেন না তাঁরা। নাকে কাপড় দিয়েও এই গন্ধের তীব্রতা থেকে রেহাই পাচ্ছিলেন না। অন্যদিকে সেখান থেকে সরে যেতেও পারছেন না। কারণ, যদি বাস এসে চলে যায়! অগত্যা দুর্গন্ধের চোটে বমি করতে শুরু করলেন সাহেদের স্ত্রী ও তাঁদের একমাত্র সন্তান। এ ধরনের ঘটনা ঢাকা শহরের ব্যস্ততম সড়কগুলোর প্রতিনিয়ত দৃশ্য। রাস্তার পাশে রাখা ডাস্টবিনের সামনে দিয়ে নাকে কাপড় দিয়েও দুর্গন্ধ থেকে রেহাই পাওয়া অতিশয় কষ্ট হয়ে যায় পথচারীদের।গুলিস্তান বিটিসিএল আঞ্চলিক অভিযোগকেন্দ্রের সামনে এ রকম উপচে পড়া ময়লার স্তূপ দেখা যায়। সেখানে ময়লা রাখার জন্য সিটি করপোরেশন কর্তৃক তিন-চারটি ডাস্টবিন রাখা সত্ত্বেও আশপাশের দোকানি ও রাস্তা ডিভাইডারের ফল ব্যবসায়ীরা ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলে চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে ফেলেন। এসব দেখার যেন কেউ নেই। এ রকম দৃশ্য দেখা যায় গুলিস্তান মাজার থেকে পুরো নর্থ-সাউথ রোডের প্রায় প্রতিটি গলির মুখে। সুরিটোলা স্কুলের মূল গেট থেকে শুরু করে দেয়াল ঘেঁষে ফুটপাত নয়, যেন একটা ময়লার ডাস্টবিন। এতে স্কুলের শিক্ষার্থীরাও অসুবিধায় পড়ছে। ময়লা-আবর্জনা মাড়িয়ে উড়ালপথ থেকে নামা সম্ভব হয় না ছাত্রছাত্রীদের। স্কুল কর্তৃপক্ষের অনেক চেষ্টার পরও এই ডাস্টবিনের উৎপাত বন্ধ হয়নি।গুলিস্তানের ব্যস্ততম সড়কে এবং স্কুলের পাশে ডাস্টবিনের এ অবস্থা থেকে আমাদের কি কোনো মুক্তি নেই? এর জন্য আইন থাকা সত্ত্বেও এর প্রয়োগ নেই বলেই মনে করছেন সাধারণ পথচারী ও আশপাশের বাসিন্দারা।পাদটীকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ অ্যাক্ট অনুযায়ী, যত্রতত্র ময়লা ফেললে এবং পরিবেশ নোংরা করলে ২০০ টাকা জরিমানা করতে পারে পুলিশ।