ময়ূরপঙ্খি নামবে রাজপথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়ূরপঙ্খি নৌকার কথা কি মনে পড়ে? একদা রাজার দুলালেরা যাতে পাল তুলে সাত সমুদ্দুর তেরো নদী পার হয়ে বাণিজ্যে যেতেন, কিংবা যেতেন মেঘবরণ কেশ কুচবরণ কন্যার দেশে। সেই ময়ূরপঙ্খি নৌকা সাজানোর পালা চলছে। তবে এবার সেটি জলস্রোতে নয়, ভাসবে জনস্রোতে। পাক্কা ২২ ফুট দৈর্ঘ্যের নৌকা। তার সঙ্গে থাকবে ২২ ফুট উচ্চতার হাওদাসংযুক্ত হাতি, সওয়ারিসমেত ঘোড়া। এসব এবার নামবে ঢাকার রাজপথে পয়লা বৈশাখে চারুকলা ইনস্টিটিউটের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায়।হাতে একদম সময় নেই, তাই বিপুল তোড়জোড়ে কাজ চলছে। হাতি-ঘোড়া-ময়ূরপঙ্খি নৌকাই তো শুধু নয়, তাদের সঙ্গে আছে আরও নানা সঙ্গীসাথি। বিরাট একটি কাকাতুয়া পাখি থাকবে। আরও থাকবে পেঁচা, মাছ, প্রজাপতিসহ বিভিন্ন রকমের মুখোশ। সংখ্যায় হাজারের ওপরে। চারুকলা অনুষদের চত্বরে চলছে এসব তৈরির বিপুল কর্মযজ্ঞ।অনুষদের ডিন শিল্পী রফিকুন নবীকে প্রধান করে গঠন করা হয়েছে বৈশাখ উদ্যাপন কমিটি। শিল্পী শিশির ভট্টাচার্য্যের তত্ত্বাবধানে এবার পয়লা বৈশাখের আয়োজনে সার্বিক ব্যবস্থাপনার কাজ করছেন এমএফএর নবম ব্যাচের শিক্ষার্থীরা। রফিকুন নবী বললেন, বরাবরের মতো এবারও তিন দিনের কর্মসূচি উদ্যাপিত হচ্ছে, তবে মঙ্গল শোভাযাত্রার স্লোগান এখনো চূড়ান্ত করা হয়নি। পয়লা বৈশাখের উৎসবকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে একটা উদ্দীপনার সৃষ্টি হয়। নতুন শিক্ষার্থীরা নানা ধরনের মুখোশ ও ঐতিহ্যবাহী লোকশিল্পকলার বিভিন্ন আঙ্গিকের সমন্বয়ে যেসব প্রতীক ও ভাস্কর্য তৈরি করে, তাতে ওরা হাতে-কলমে কাজ করার প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা লাভের সুযোগ পায়। এদিক থেকেও পয়লা বৈশাখের আয়োজনের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। পাশাপাশি সমাজের মুখোশধারীদের সম্পর্কে এসব প্রতীক জনসাধারণের মধ্যে এক ধরনের সচেতনতার সৃষ্টি করে।বরাবরের মতোই এই বিশাল আয়োজনের ব্যয়ভার নিজেরাই জোগাড় করার উদ্যোগ নিয়েছেন চারুকলার শিক্ষার্থীরা। জয়নুল গ্যালারির সামনে সাজিয়ে রাখা হয়েছে তাঁদের আঁকা বিভিন্ন মাধ্যমের ছবি ও চিত্রিত সরা, মৃৎপাত্র, মাটির ব্যাংক, টি-শার্ট ইত্যাদি। পাশাপাশি আঁকাজোঁকার কাজও চলছে। এমএফএর নবম ব্যাচের জয়ন্ত কুমার তালুকদার বললেন, ‘গত ২৫ মার্চ থেকে পয়লা বৈশাখ উদ্যাপনের প্রস্তুতি শুরু হয়েছে। বিক্রি বেশ ভালো হচ্ছে, এই অর্থেই আমরা পয়লা বৈশাখের আয়োজন করি এবং এটা এখন নগরবাসী জানেন বলে তাঁরা বেশ ভালো সহায়তা দেন।’ সরার দাম ২০০ থেকে ৫০০ টাকা, চিত্রকর্ম ২০০ থেকে ৫০০০ হাজার টাকা। এ ছাড়া এবার একটি টি-শার্ট করা হয়েছে শিল্পী রফিকুন নবীর আঁকা টোকাই নিয়ে। এই প্রথম তাঁর আঁকা টোকাই টি-শার্টে এল। অনেকেই সংগ্রহের জন্য টি-শার্টটি কিনছেন। দাম ২৫০ টাকা। উৎসবের কর্মসূচি চূড়ান্ত হয়নি। তবে বরাবরের মতোই তিন দিনের অনুষ্ঠান হবে। বকুলতলার মঞ্চে ১৩ মার্চ বিকেলে দেশি বাদ্যযন্ত্রের সমবেত বাদনের মধ্য দিয়ে শুরু হবে চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান। পরদিন সকালের মঙ্গল শোভাযাত্রার সময় ও অনুষ্ঠানসূচি পরে নির্ধারণ করা হবে। পরের দিন হবে যাত্রাপালা তাজমহল। চারুকলার নবীণ-প্রবীণ ছাত্রছাত্রীরা এতে অংশ নেবেন। শোভাযাত্রার প্রস্তুতির পাশাপাশি যাত্রার মহড়াও চলছে পুরোদমে।বৈশাখী মেলাচারুকলায় যেমন চলছে নববর্ষের উৎসবকে বর্ণাঢ্য করে তোলার উদ্দীপনা, তেমনি বৈশাখী মেলা নিয়েও এখন ব্যস্ত বিসিকের নকশাকেন্দ্র। ঢাকায় নকশাকেন্দ্রের প্রতিষ্ঠাতা শিল্পগুরু কামরুল হাসানের উদ্যোগেই বৈশাখী মেলা শুরু হয়েছিল ১৯৭৮ সালে। নগরবাসীর কাছে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী কারুপণ্যের জনপ্রিয়তা তৈরি ও বাজারজাতকরণের জন্যই তিনি বাংলা নববর্ষের শুরুতে ঢাকায় বৈশাখী মেলার আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন। প্রথমবার বাংলা একাডেমীর সহায়তায় একাডেমীর মাঠেই অনুুষ্ঠিত হয়েছিল বৈশাখী মেলা। নকশাকেন্দ্রের নিজস্ব মাঠ না থাকায় বিভিন্ন সময় নানা স্থানে এই মেলা অনুষ্ঠিত হয়েছিল। এবার আবার বৈশাখী মেলা হচ্ছে বাংলা একাডেমী মাঠে।নকশাকেন্দ্রের প্রধান নকশাবিদ শিল্পী এস এম শামসুদ্দীন বললেন, ‘এবার বাংলা একাডেমীর সঙ্গে যৌথভাবে বৈশাখী মেলা করা হচ্ছে। মেলায় দেড় শ স্টল থাকবে। দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী কারুপণ্য পাওয়া যাবে এখানে। পুতুলনাচ, নাগরদোলা থাকবে এবং প্রতিদিন সন্ধ্যায় মেলার মঞ্চে দেশের বিভিন্ন অঞ্চলের লোকসংস্কৃতির ওপর ভিত্তি করে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।’ মেলা চলবে দশ দিন ধরে।আনন্দের প্রস্তুতি প্রয়োজন হয়, সেই প্রস্তুতি চলছে দারুণ উৎসাহ-উদ্দীপনায়। যেসব ঘটনা সমাজ-জীবনকে নিরানন্দ করে তোলে, তাকে সরিয়ে দিতেও যদি এমন উদ্দীপনার প্রস্তুতি নেওয়া যেত, তবে আনন্দ হতো আরও মধুরতর।