ময়েজউদ্দিনের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত
যথাযোগ্য মর্যাদায় আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক সাংসদ ময়েজউদ্দিনের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।দিবসটি উপলক্ষে আজ সকাল নয়টার দিকে মরহুমের বনানীর কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, আ ক ম মোজাম্মেল হক, শহীদ ময়েজউদ্দিন আহমেদের মেয়ে মেহের আফরোজ চুমকিসহ যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের নেতারা এ কর্মসূচিতে অংশ নেন।দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে নয়াপল্টনে পরিবার পরিকল্পনা সমিতির শহীদ ময়েজউদ্দিন মিলনায়তনে বাদ আসর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া কালীগঞ্জের নোয়াপাড়া ময়েজউদ্দিন আদর্শ বিদ্যালয়ে কাঙালি ভোজ ও মিলাদ এবং পূবাইল আওয়ামী লীগ অফিস ও মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করে।উল্লেখ্য, ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিজ এলাকা কালীগঞ্জে হরতালের মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় সন্ত্রাসী চক্রের হাতে ময়েজউদ্দিন শহীদ হন। বাসস