যক্ষ্মা চিকিৎসায় সূর্যের আলো
সূর্যের আলো থেকে শরীর যে ভিটামিন-ডি গ্রহণ করে, তা যক্ষ্মা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।গবেষকেরা জানিয়েছেন, প্রতিবছর যক্ষ্মায় আক্রান্ত হয়ে ১৫ লাখ মানুষের মৃত্যু ঘটে। বেশ কিছু ক্ষেত্রে প্রচলিত অ্যান্টিবায়োটিক ব্যবহার করেও যক্ষ্মারোগীদের চিকিত্সায় সুফল মেলে না। সম্প্রতি প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস নামের একটি সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে গবেষকেরা জানিয়েছেন, যক্ষ্মায় আক্রান্ত রোগীরা ভিটামিন ও অ্যান্টিবায়োটিক চিকিৎসায় দ্রুত সেরে ওঠেন। তবে এ ধরনের চিকিত্সা শুরুর আগে বিষয়টি নিয়ে আরও গবেষণার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তাঁরা।ফুসফুস সংক্রমণের চিকিৎসায় আগে থেকেই ভিটামিন-ডির ব্যবহার ছিল। ওই ধারণাটি কাজে লাগিয়ে ভিটামিন-ডি যক্ষ্মা চিকিৎসার ক্ষেত্রেও উল্লেখযোগ্য ফল পেয়েছেন গবেষকেরা। তাঁদের দাবি, ভিটামিন-ডি কেবল ফুসফুসের সংক্রমণই নয়, নিউমোনিয়া ও যক্ষ্মার মতো রোগের চিকিৎসায় যথেষ্ট দরকারি।গবেষকেরা বলেন, অ্যান্টিবায়োটিক আবিষ্কারের আগেও চিকিৎসকেরা যক্ষ্মারোগীদের চিকিত্সায় সূর্যের প্রখর আলো শরীরে লাগানোর পরামর্শ দিতেন। এ পদ্ধতিটির নাম ছিল ‘হেলিওথেরাপি’, যা শরীরে প্রচুর ভিটামিন-ডি তৈরি করত। তবে অ্যান্টিবায়োটিক আবিষ্কারের পর হেলিওথেরাপির ব্যবহার বন্ধ হয়ে যায়।লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের গবেষক আদ্রিয়ান মার্টিনো এ প্রসঙ্গে জানিয়েছেন, অ্যান্টিবায়োটিকের বিকল্প না হলেও ভিটামিন-ডি যক্ষ্মা দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করবে।