যক্ষ্মা নিয়ন্ত্রণে সাফল্য ধরে রাখতে চাই রাজনৈতিক প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিকভাবে ডট্স বাস্তবায়িত হচ্ছে বলে দেশে যক্ষ্মা নিয়ন্ত্রণে সাফল্য দেখা যাচ্ছে। এই সাফল্য ধরে রাখতে সরকার, এনজিও ও পেশাজীবীদের একসঙ্গে কাজ করতে হবে। এ জন্য রাজনৈতিক প্রতিশ্রুতি ও ধারাবাহিক কর্মোদ্যোগ জরুরি। গতকাল সোমবার প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত ‘জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি: ডট্স-এর কার্যকারিতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এ কথা বলেন। যক্ষ্মাবিশেষজ্ঞ, বিশেষজ্ঞ চিকিৎসক, জনস্বাস্থ্যবিদ, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়নকারী কর্মকর্তা, শিশুবিশেষজ্ঞ ও এনজিও প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। ব্র্যাকের সহযোগিতায় প্রথম আলো এই বৈঠকের আয়োজন করে।জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক মো. আশেক হোসেন মূল উপস্থাপনায় বলেন, দেশের ৮৫০টি কেন্দ্রে স্বাস্থ্যকর্মীর সরাসরি নজরদারিতে চিকিৎসা (ডিরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট বা ডট্স) হচ্ছে। এতে রোগীর নিয়মিত ওষুধ সেবন নিশ্চিত হয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে পরিচালিত জাতীয় কর্মসূচিতে বিনা মূল্যে রোগনির্ণয় ও ওষুধ দেওয়া হয়। তিনি বলেন, ডট্স যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির মূল স্তম্ভ হিসেবে কাজ করছে।জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক মো. রাশিদুল হাসান বলেন, সাত দিনের ওষুধ দিলে শিক্ষিত বা অশিক্ষিত-নির্বিশেষে বেশির ভাগ লোক তা সেবন করতে ভুলে যায়। এ ক্ষেত্রে ডট্স নীরব আন্দোলন ঘটিয়েছে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (নিপসম) সহযোগী অধ্যাপক আসিফ মুজতবা মাহমুদ বলেন, চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে অনেক রোগী চিকিৎসা করায়। এসব চিকিৎসক ও জাতীয় কর্মসূচির মধ্যে একটা যোগসূত্র তৈরি করা দরকার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, কালাজ্বর নির্মূলে মিল্টোফসিন ব্যবহার করা হয়েছিল। পরীক্ষায় দেখা গিয়েছিল, প্রকৃত ওষুধের উপাদান তাতে ছিল না। তিনি যক্ষ্মার ওষুধের মান সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য দেশে পরীক্ষা করার সুপারিশ করেন।বিএসএমএমইউর সাবেক সহ-উপাচার্য রশীদ-ই-মাহবুব বলেন, ‘যক্ষ্মা গরিবের রোগ বলে বহু বছরে এই রোগের নতুন কোনো ওষুধ আবিষ্কার বা তৈরি হয়নি। যক্ষ্মা প্রতিরোধ বা চিকিৎসায় আমাদের নিজস্ব কোনো কৌশল নেই। যা বাস্তবায়িত হচ্ছে, তা মূলত দাতাদের পরামর্শে।’ তিনি বলেন, এ বিষয়ে জাতীয়ভাবে বিতর্ক হওয়া খুব দরকার।বেসরকারি নাগরিক সংগঠন নাটাবের জ্যেষ্ঠ সহসভাপতি মোজাফফর হোসেন বলেন, এই রোগ নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় পর্যায়ের প্রতিশ্রুতি খুব দরকার। সাংসদ, মেয়র ও কমিশনারদের কর্মসূচির সঙ্গে যুক্ত করতে হবে।রাষ্ট্রের প্রতিশ্রুতির প্রয়োজনীয়তার কথা বলেন অনুষ্ঠানে উপস্থিত একমাত্র বিদেশি এন ইশিকওয়া। জাপানের আরআইটির পরিচালক ইশিকওয়া বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে যক্ষ্মার প্রকোপ খুবই বেশি ছিল। সরকারের প্রতিশ্রুতি এবং এ ক্ষেত্রে পর্যাপ্ত বাজেট বরাদ্দের কারণে ২০ বছরে তা উল্লেখযোগ্যভাবে কমে যায়। ব্র্যাক ১৯৮৪ সাল থেকে যক্ষ্মা কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রতিষ্ঠানটির স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা বিভাগের সহযোগী পরিচালক মো. আকরামুল ইসলাম বলেন, অভিজ্ঞতায় দেখা গেছে, রোগীকে কমিউনিটিতে রেখে চিকিৎসা করালে খরচের চাপ কম পড়ে। ঢাকা শিশু হাসপাতালের শিশু বক্ষব্যাধি বিশেষজ্ঞ রুহুল আমিন বলেন, শিশুদের যক্ষ্মা শনাক্ত করার সুনির্দিষ্ট পদ্ধতি নেই। যাদের নির্ণয় করার কথা, তাদের কোনো ধারণা নেই। তিনি বলেন, পরীক্ষায় পাস করার জন্য মেডিকেল শিক্ষার্থীরা পিত্তথলি বা হূৎযন্ত্রের রোগ নিয়ে চর্চা করেন। যক্ষ্মা বা ডায়রিয়ার মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের উৎসাহ থাকে না। নার্স বা প্যারামেডিকদেরও এ বিষয়ে প্রয়োজনীয় ধারণা নেই।আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী কে জামান বলেন, ইপিআই বা শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে বাংলাদেশ যেমন সফল হয়েছে। সাফল্যের গল্প হিসেবে ডটসও নতুনভাবে যুক্ত হবে। তিনি বলেন, শহর ও নগর এলাকায় ডটসের কী অবস্থা, তা জানা দরকার। এ বিষয়ে নগর প্রাথমিক স্বাস্থ্য কর্মসূচির যক্ষ্মাবিষয়ক পরামর্শক লুৎফর রহমান বলেন, ঢাকা মহানগরে ১৩৮টি কেন্দ্রে যক্ষ্মা রোগীদের সেবা দেওয়া হয়। অনুষ্ঠানে একাধিক আলোচক বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও ওষুধ প্রতিরোধী যক্ষ্মার (এমডিআর-টিবি) প্রকোপ বাড়ছে। বেসরকারি প্রতিষ্ঠান ডেমিয়েন ফাউন্ডেশনের দেশীয় পরিচালক অং ক্য জাই মগ বলেন, নতুন শনাক্ত করা রোগীর ১ দশমিক ৪ শতাংশ ওষুধ প্রতিরোধী যক্ষ্মার শিকার। এদের একটি অংশ চিকিৎসায় ভালো হবে না। এ ক্ষেত্রে জোর দেওয়া দরকার।মানুষকে সচেতন করার ওপর একাধিক আলোচক জোর দেন। অভিনেতা আজিজুল ইসলাম বলেন, মানুষ জানে ওষুধ সেবন করলে সে সুস্থ হবে। তাই মানুষ যক্ষ্মার ব্যাপারে আগের চেয়ে বেশি উদাসীন হয়েছে। নিপসমের সহকারী অধ্যাপক ইকবাল কবির বলেন, ‘যক্ষ্মার ওষুধ খাওয়া বাদ দিলে রক্ষা নাই’ এই বার্তা এখন প্রচার করা দরকার। ধূমপান করলে যক্ষ্মার ঝুঁকি বাড়ায়, এটাও মানুষকে জানানো দরকার।বেসরকারি প্রতিষ্ঠান আশার আলো সোসাইটি এইচআইভি ও এইডসের শিকার ব্যক্তিদের চিকিৎসা সহায়তা দেয়। প্রতিষ্ঠানের পরামর্শক নিলুফার বেগম বলেন, এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যক্ষ্মার প্রকোপ স্বাভাবিকের চেয়ে বেশি। নিবন্ধন করা দুই হাজার ৩০০ এইচআইভি আক্রান্ত ব্যক্তির মধ্যে ৬৩ জন যক্ষ্মায় আক্রান্ত। আড়াই ঘণ্টার এই গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সহকর্মসূচি ব্যবস্থাপক মির্জা নিজাম উদ্দিন ও ব্র্যাকের অ্যাডভোকেসি সমন্বয়কারী এলিসন সুব্রত বাড়ৈ।