যক্ষ্মা নির্ণয়ে রক্ত পরীক্ষা নিষিদ্ধের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোতে যক্ষ্মার জীবাণু নির্ণয়ে রক্ত পরীক্ষা পদ্ধতি দ্রুত নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যক্ষ্মা নির্ণয়ের এ পদ্ধতিতে ভুল ফলাফল আসে এবং এতে লাখ লাখ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে।যক্ষ্মা নির্ণয় বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিরপেক্ষ বিশেষজ্ঞদের মাধ্যমে এক বছর ধরে একটি বিশ্লেষণ তৈরি করেছে। ওই বিশ্লেষণে দেখা গেছে, যক্ষ্মা নির্ণয়ে রক্ত পরীক্ষা পদ্ধতি অবিশ্বাস্য রকমের ভুল ফলাফল দেয়। সংবাদ সম্মেলনে সংস্থার কর্মকর্তা মারিও রাভিজলিওন জানান, কেবল উন্নয়নশীল দেশগুলোতে মূলত বেসরকারি খাতে ব্যবহূত এ পরীক্ষার ফলাফল কমপক্ষে ৫০ শতাংশ ক্ষেত্রে ভুল হয়। এ পরীক্ষা অসুস্থ রোগীদের যক্ষ্মামুক্ত এবং সুস্থদের যক্ষ্মাক্রান্ত হিসেবে ঘোষণা করে বলে প্রমাণ পাওয়া গেছে।মারিও রাভিজলিওন বলেন, ‘এর অর্থ হলো, যক্ষ্মা আক্রান্ত হাজার হাজার মানুষ কোনো চিকিৎসাই পান না। সুতরাং তাঁরা অন্য অনেক মানুষকেই এ রোগে আক্রান্ত করেন এবং একইভাবে অনেক সুস্থ মানুষ অযথা এ রোগের চিকিৎসা নিচ্ছেন।’রাভিজলিওন আরও বলেন, ‘কোথাও এ পরীক্ষার কোনো আইনগত অনুমোদন নেই এবং ধনী দেশে এর ব্যবহার নেই। সব জায়গায় অবশ্যই এটা দ্রুত বন্ধ করা উচিত।’বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, যক্ষ্মা নির্ণয়ে মূলত পশ্চিমা দেশের এ পরীক্ষা পদ্ধতি উন্নয়নশীল দেশগুলোর রোগীদের ভুল বার্তা দেয়। যক্ষ্মা নির্ণয় বিষয়ে এ প্রথমবারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশ্য কোনো নেতিবাচক মতামত প্রকাশ করল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতিবছর বিশ্বে ১৭ লাখ মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যায়। প্রতিবছর চীন, ভারতসহ প্রায় ১৭টি দরিদ্র দেশের কমপক্ষে ২০ লাখ রোগী এ পরীক্ষা করান। এসব পরীক্ষা বেশির ভাগ ক্ষেত্রেই বেসরকারি ও আধা বেসরকারি খাতে সম্পন্ন হয়।সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যক্ষ্মাবিশেষজ্ঞ কারিন ওয়েয়ার বলেন, ‘মানহীন পরীক্ষার উপকরণ বিক্রি বাবদ এটা লাখ লাখ ডলারের ব্যবসা। যাতে বিশ্বাসযোগ্য নয় এমন ফলাফল আসে।’বিশ্ব স্বাস্থ্য সংস্থার পৃথক এক বিবৃতিতে বলা হয়েছে, এ পদ্ধতির স্বচ্ছতা সমর্থন করে এমন কোনো প্রমাণ নেই। এখানে বড় ধরনের আর্থিক বিষয় জড়িত। এ কারণেই ওই সব দেশের চিকিৎসক, ল্যাবরেটরি, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ কোম্পানি এবং অন্য অংশীদারেরা যক্ষ্মা নির্ণয়ে রক্ত পরীক্ষায় উৎসাহিত হন।বিশ্ব স্বাস্থ্য সংস্থার যক্ষ্মা-সংক্রান্ত ওয়েবসাইটে একটি বিশেষজ্ঞ গোষ্ঠীর প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, যক্ষ্মার জীবাণু নির্ণয়ে এ পদ্ধতির উপকরণ প্রস্তুতকারী পরিচিত ১৮টি কোম্পানিই যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, নেদারল্যান্ডসসহ উন্নত বিশ্বের। এ ছাড়া অধিকাংশ প্রতিষ্ঠানই বেসরকারি মালিকানাধীন। যদিও এ পদ্ধতির কীট উৎপন্ন হয় চীন, ভারত ও সিঙ্গাপুরে। ১৯৯০ সালে মধ্য নাগাদ যক্ষ্মা নির্ণয়ে রক্ত পরীক্ষা পদ্ধতির ব্যবহার শুরু হয়।