যক্ষ্মা নির্মূলে চাই সচেতনতা ও রাজনৈতিক অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যক্ষ্মা নিয়ন্ত্রণে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সঠিক পথেই রয়েছে। তবে রোগটিকে পুরোপুরি নির্মূল করতে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির বিদ্যমান কিছু দুর্বলতা দ্রুত কাটিয়ে উঠতে হবে। সৃষ্টি করতে হবে জনসচেতনতা। দরকার হবে দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার।বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে প্রথম আলোর কার্যালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত ‘যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম: অগ্রগতি ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এসব কথা বলেন। প্রথম আলোর স্বাস্থ্যকুশল বিভাগ ও বেসরকারি সংস্থা ব্র্যাকের যৌথ উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়।বৈঠকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির ব্যবস্থাপক আশেক হোসেন বলেন, সারা দেশে সরকারি-বেসরকারি উদ্যোগে পরিচালিত ‘ডটস’ (ডিরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট—রোগীকে সরাসরি ওষুধ খাওয়ানো) কর্মসূচির আওতায় ৭০ শতাংশ রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু শিশুমৃত্যু ও মাতৃমৃত্যুর হার কমানোয় বাংলাদেশ যে সাফল্য অর্জন করেছে, সেই সাফল্য যক্ষ্মার ক্ষেত্রে অর্জন করতে পুরো কর্মসূচিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির পরিচালক ফারুক আহমেদ শতভাগ রোগীর সুচিকিৎসা নিশ্চিত করতে হলে সরকারের সুদৃঢ় অঙ্গীকার থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন। তিনি বলেন, উন্নত দেশগুলোতে যক্ষ্মা এখন একটি বিস্মৃতপ্রায় রোগ। দারিদ্র্যের সঙ্গে যক্ষ্মার সরাসরি যোগসূত্র রয়েছে। তাই বাংলাদেশ সব সময় এই রোগের ঝুঁকির মধ্যে রয়েছে। যক্ষ্মা নির্মূলে এখন দেশে কে কীভাবে কাজ করছে, তার মূল্যায়ন হওয়া দরকার। ফারুক আহমেদ বলেন, ২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশের জন্য বিদেশি সাহায্য হিসেবে বরাদ্দ হয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা। তার পরও প্রায়ই ওষুধের ঘাটতি দেখা যায়। সব রোগীকে এখনো সুচিকিৎসার আওতায় আনা যায়নি। রোগীরা নিয়মিত ওষুধ না খাওয়ায় আবারও আক্রান্ত হচ্ছে। কেন এসব ঘটছে, তা খতিয়ে দেখা দরকার।সাউথ-ইস্ট এশিয়ান রিজিওন আইইউএটিএলডির চেয়ারম্যান এবং নাটাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজাফফর হোসেন পল্টু বলেন, জনসংখ্যার অধিক ঘনত্ব যক্ষ্মা রোগের আশঙ্কা বাড়ায়। লিবিয়াসহ কয়েকটি দেশ থেকে বিপুলসংখ্যক মানুষ দেশে ফিরছে। এখন আরও বেশি সতর্ক হতে হবে। সচেতনতা বাড়ানোর জন্য সরকার ও এনজিওগুলোর সমন্বয় বাড়াতে হবে। প্রয়োজনে সাংসদদেরও সম্পৃক্ত হতে হবে। সর্বোপরি সুদৃঢ় রাজনৈতিক অঙ্গীকার দরকার।বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা সাবেরা আলী যক্ষ্মা কর্মসূচিকে শতভাগ সফল করতে স্থানীয় সরকারের সংস্থাগুলোকে যুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন।এ ছাড়া, আলোচকেরা ডটস কর্মসূচির সীমাবদ্ধতা এবং এমডিআর (মাল্টি-ড্রাগ রেজিস্টেন্ট যক্ষ্মা—নিয়মিত ওষুধ গ্রহণ না করার কারণে আরও জটিল হয়ে যাওয়া যক্ষ্মারোগ) প্রসঙ্গেও আলোচনা করেন।ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম-প্রধান মো. আকরামুল ইসলাম বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণে অনেক অগ্রগতি হওয়া সত্ত্বেও কিছু কিছু জায়গায় সমস্যা থেকে যাচ্ছে। গ্রামের মানুষ হাতুরে ও পল্লি চিকিৎসকদের কাছে যায়। তাঁরা প্রায়ই রোগ ধরতে পারেন না। এতে রোগীর চিকিৎসা বিলম্বিত হয়। অন্যদিকে, শহরাঞ্চলে যে চিকিৎসকেরা ব্যক্তিগতভাবে রোগী দেখেন, তাঁদের কেউ কেউ রোগী ধরে রাখতে সঠিক পরামর্শ দেন না। রোগী কিছুদিন ওষুধ খেয়ে একটু সুস্থ বোধ করলেই আর চিকিৎসা করান না। এ কারণে গ্রামে মৃত্যুর হার এবং শহরে এমডিআরের ঝুঁকি বেশি।জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের পরিচালক এ কে এম মোস্তফা হোসেন এমডিআরের ঝুঁকি কমাতে প্রতিটি ডটস কেন্দ্রে একটি করে পরামর্শ সেল গঠনের প্রস্তাব করেন। যক্ষ্মারোগের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া আছে। ওই ওষুধ খাওয়ার কারণে জন্ডিস, ক্ষুধামন্দাসহ নানা উপসর্গ দেখা দিতে পারে। এ কারণে অনেকেই ওষুধ খাওয়া বন্ধ করে দেন। ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে রোগীরা যেন কোনো সিদ্ধান্ত না নিয়ে বসে, সেদিকে লক্ষ রাখা প্রয়োজন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) বিজ্ঞানী কে জামান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মাহফুজা রিফাত, ডেমিয়েন ফাউন্ডেশনের অং ক্য জাই মগ, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির উপকর্মসূচি ব্যবস্থাপক মির্জা নিজামউদ্দীন প্রমুখ। যক্ষ্মা নিয়ন্ত্রণে বাংলাদেশের অবস্থান ও অগ্রগতি সম্পর্কে বৈঠকে বক্তব্য উপস্থাপন করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির মো. সাঈদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম ও বিভাগীয় (স্বাস্থ্যকুশল পাতা) সম্পাদক ইকবাল কবীর।বিশ্ব যক্ষ্মা দিবস আজআজ ২৪ মার্চ, বিশ্ব যক্ষ্মা দিবস। প্রতিবছরের মতো এবারও সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সারা বিশ্বে দিনটি পালিত হচ্ছে। দিনটির এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যক্ষ্মামুক্ত দেশ গড়ি’। বিশ্বে যক্ষ্মা রোগের প্রকোপ বেশি এমন ২২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে যক্ষ্মা রোগের প্রধান কারণ অপুষ্টি, অস্বাস্থ্যকর পরিবেশ ও জনসংখ্যার আধিক্য।বাংলাদেশে কেবল ২০১০ সালেই এক লাখ ৫৮ হাজার ২৩৭ জন যক্ষ্মারোগী শনাক্ত হয়েছে। ফুসফুসে যক্ষ্মার প্রধান উপসর্গ একনাগাড়ে তিন সপ্তাহের বেশি কাশি। আক্রান্ত রোগী বিনা চিকিৎসায় থাকলে তার হাঁচি-কাশির মাধ্যমে জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে এবং শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে সুস্থ ব্যক্তি আক্রান্ত হয়। তবে ফুসফুসের বাইরেও যক্ষ্মা হয় এবং এর নানা লক্ষণ রয়েছে।সময়মতো চিকিৎসা শুরু করে পরিপূর্ণ চিকিৎসা নিলে যক্ষ্মা সম্পূর্ণ ভালো হয়।