ওষুধ প্রতিরোধী যক্ষ্মা বা এমডিআর টিবি এখনো একটি চ্যালেঞ্জ। শিশুদের যক্ষ্মা শনাক্তকরণ বেশ কঠিন, ফলে শনাক্তকরণে ঘাটতি থেকে যাচ্ছে। উচ্চবিত্ত ও শহরের ভাসমান জনগোষ্ঠীকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে কাঙ্ক্ষিতমাত্রায় সম্পৃক্ত করতে না পারার বিষয়টিও যক্ষ্মা নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে। তবে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির মাধ্যমে শনাক্তকৃত ৯২ শতাংশ রোগীই ভালো হচ্ছে। রোগীকে ডটস পদ্ধতির আওতায় আনাসহ অন্যান্য ক্ষেত্রেও বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক।আজ শুক্রবার বিশ্ব যক্ষ্মা দিবস পালন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রতিনিধিরা যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণে বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও বেসরকারি সহযোগী উন্নয়ন সংস্থা যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এবার বিশ্ব যক্ষ্মা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘যত দিন বাঁচব যক্ষ্মাকে রুখব।’জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সরকারের যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর মো. আশেক হোসেন বলেন, বাংলাদেশ যক্ষ্মা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করায় জাতিসংঘের মহাসচিব বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন।দেশে বর্তমানে যক্ষ্মা শনাক্তকরণের হার ৭০ শতাংশের ওপরে। এমডিআর টিবি ও নিয়ন্ত্রণের মধ্যেই আছে। দেশে এ-সংক্রান্ত একটি জরিপের কাজ শেষ হয়েছে (অপ্রকাশিত)। সে জরিপ অনুযায়ী দেশে নতুন রোগীদের মধ্যে এমডিআরটিবির হার দুই শতাংশের কম। সব মিলে যক্ষ্মা নিয়ন্ত্রণে বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছে। তবে যে চ্যালেঞ্জগুলো আছে তা মোকাবিলায় সরকারি ও বেসরকারি পর্যায়ের সমন্বিত উদ্যোগ আরো বাড়ানোর সুপারিশ করেন তিনি।জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর প্রোগ্রাম ম্যানেজার মো. নুরুজ্জামান হক জানালেন, দেশে যক্ষ্মা শনাক্তকরণে আধুনিক ও উন্নতমানের স্ক্রিনিং মেশিনের ব্যবহার শুরু হয়েছে । ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির সহকারী পরিচালক মো. আকরামুল ইসলাম বলেন, শনাক্ত হওয়ার পর ওষুধ শুরু করে কয়েক দিন পর একটু ভালো লাগলেই রোগীরা ওষুধ খাওয়া বন্ধ করে দেন। ফলে সরকারের কার্যক্রমে ডটস পদ্ধতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। চিকিত্সা পদ্ধতি রোগীর বাড়ির দোরগোড়ায় যাচ্ছে। ফলে নতুন রোগীদের মধ্যে এমডিআরটিবি সংক্রমণ নেই বললেই চলে। গণমাধ্যমও আগের চেয়ে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমকে গুরুত্ব দেওয়ায় সার্বিক ক্ষেত্রে অগ্রগতি এসেছে।স্থানীয় সরকার বিভাগের দ্বিতীয় আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রোজেক্টের প্রোগ্রাম কনসালট্যান্ট এম লুত্ফর রহমান শহর এলাকার যক্ষ্মা নিয়ন্ত্রণের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তিনি বলেন, শহরের ভাসমান জনগোষ্ঠীকে শনাক্ত করা সম্ভব হলেও ছয় মাস নিয়মিত ওষুধ খাওয়ানোর লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। একই ভাবে শহরের উচ্চবিত্ত রোগীদের পরিসংখ্যানই জানা সম্ভব হচ্ছে না।কেননা জানা জানির ভয়ে তারা এ কর্মসূচির আওতায় আসছে না। তারা চলে যাচ্ছেন প্রাইভেট চিকিত্সকদের কাছে। সেখানে এই রোগীরা নিয়মিত ওষুধ না খেলেও নজরদারির কোনো উপায় নেই। ফলে এমডিআর টিবির ঝুঁকি বেড়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত দেশের চারটি বক্ষব্যাধি হাসপাতালে মোট এক হাজার ৫০০ জন এমডিআর রোগীকে চিকিত্সার আওতায় আনা সম্ভব হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাংলাদেশে এমডিআর টিবি রোগীর সংখ্যা প্রায় ১০ হাজার। তবে সংবাদ সম্মেলনে বক্তারা এ সংখ্যাটি আরো অনেক কম হবে বলে উল্লেখ করেন।সংবাদ সম্মেলনে বক্তারা জানান, অনেক অগ্রগতির পরও বিশ্বে যক্ষ্মা ঝুঁকিপূর্ণ ২২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। গত বছর জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির মাধ্যমে এক লাখ ৫৫ হাজার ৫৬৪ জন নতুন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। কফে যক্ষ্মা জীবাণুযুক্ত রোগী শনাক্তকরণের হার প্রতি এক লাখ জনসংখ্যায় ৬৫।সংবাদ সম্মেলনে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মির্জা নিজামউদ্দিন, ডেমিয়েন ফাউন্ডেশনের দেশীয় পরিচালক অংকাই জাই মগ বক্তব্য দেন।