যক্ষ্মার জীবাণুর ম্যাপিং তৈরির দাবি ভারতীয় বিজ্ঞানীদের
ভারতীয় বিজ্ঞানীরা যক্ষ্মার জীবাণুর (মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকোলোসিস জেনোম) ডিএনএর ম্যাপিং তৈরি করতে সফল হয়েছেন বলে দাবি করেছেন। এর ফলে যক্ষ্মার প্রতিষেধক হিসেবে সস্তা ওষুধ তৈরি সহজ হবে বলে তাঁরা আশা করছেন।প্রতিবছর এ রোগে প্রায় তিন লাখ ৩০ হাজার ভারতীয় মারা যায়। আর বিশ্বে এ রোগে মারা যাওয়ার সংখ্যা ১৭ লাখ। গত চার দশকের এ রোগের জন্য নতুন কোনো ওষুধ আবিষ্কার হয়নি।কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (সিএসআইআর) প্রধান সামির ব্রহ্মচারী আজ রোববার দিল্লিতে বলেন, ‘যক্ষ্মার প্রতিষেধক তৈরিতে আমাদের বিজ্ঞানীরা ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় এক শ ছাত্র কয়েক মাস কাজ করেছেন। আমরা দেড় থেকে দুই বছরের মধ্যে যক্ষ্মার ওষুধ তৈরি করতে পারব, যা ওই সময় অন্তত পরীক্ষা করার পর্যায়ে থাকবে।’যক্ষ্মার জীবাণুর ডিএনএর ম্যাপিংয়ে যেসব ছাত্র কাজ করেছেন, তাঁদের অভিনন্দন জানান ব্রহ্মচারী। তিনি বলেন, ‘আমরা এ কাজ করেছি ওষুধ তৈরির উন্মুক্ত সূত্র (ওপেন সোর্স ড্রাগ ডিসকভারি) ধরে। বিশ্বের যে কেউ এ প্রচেষ্টায় অংশ নিতে পারেন।’এ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট একজন জ্যেষ্ঠ বিজ্ঞানী রাজেশ গোখলে বলেন, ‘আমাদের লক্ষ্য ওষুধের স্বত্ব নয়, অবহেলিত এই রোগের নতুন প্রতিষেধক আবিষ্কার। আমাদের এই গবেষণার সুযোগ নিয়ে যে কেউ এই ওষুধ আবিষ্কার করতে পারেন।’