যখন তখন খসে পড়ে পলেস্তারা
বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ছাদ থেকে পলেস্তারা খসে ঠিক নাকের ওপর পড়ে সালমা আক্তারের। প্রচুর রক্তক্ষরণ হয়। ক্লাসে আর বসে থাকা হয় না তার। আহত অবস্থায় বাড়ি ফিরতে হয় তাকে। সপ্তম শ্রেণীতে পড়ার সময় ঘটনাটি ঘটে। এখন সে পড়ে দশম শ্রেণীতে। কিন্তু ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে আহত হওয়ার ভয় এখনো পিছু ছাড়েনি তার। কেননা, অন্যান্য শ্রেণীকক্ষের অবস্থাও একই। আর তিন বছর আগের ঘটনাটি কখনো ভোলা সম্ভব নয় তার পক্ষে। আহত হওয়ার কারণে নাকের ওপরে স্থায়ী একটা চিহ্নও রয়ে গেছে। শরীরের ওপর পলেস্তারা খসে পড়ে শিক্ষক জাকির হোসেনের ওপরও। তাই ত্রুটিযুক্ত শ্রেণীকক্ষে পাঠদান করতে করতে কখনো মনের অজান্তে চোখ চলে যায় বইয়ের পাতা থেকে ছাদের দিকে। তিনি ছাদের দিকে তাকালেই ফিক করে হেসে ফেলে কোনো কোনো শিক্ষার্থী। তখন লজ্জা পেলেও প্রকাশ করেন না, বললেন জাকির হোসেন। তিনি আরও বলেন, ‘কী আর করার আছে, এ অবস্থাতেই চলতে হয়। কিন্তু কত দিন আরও চলতে হবে, জানা নেই আমাদের।’ ওপরের ঘটনাগুলো চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বর্ধিষ্ণু ও শিক্ষাদীক্ষায় অগ্রসর এলাকা হিসেবে পরিচিত রাজারামপুরের ৭০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী হাসিনা বালিকা উচ্চবিদ্যালয়ের।১৯৪০ সালে ব্রিটিশ ভারতের তৎকালীন ডেপুটি ম্যাজিস্ট্রেট এলাকার কৃতি সন্তান মাহতাব উদ্দীন সরকার তাঁর মা হাসিনা বানুর নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। শুরুতে এর নাম ছিল মিডিল ইংলিশ স্কুল। তখন ছিল প্রাথমিক পর্যায়ের। ১৯৫৮ সালে এটি নিম্ন মাধ্যমিক এবং ১৯৬৪ সালে এটি উচ্চবিদ্যালয়ে পরিণত হয়। গোড়াতে ৬৩ শতক জমির ওপর তিনটি কক্ষ নির্মাণ করে দেন মাহতাব উদ্দীন সরকার। পরবর্তী সময় এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি আনাম মিয়া, আজিজুর রহমানসহ আরও অনেকেই এগিয়ে আসেন বিদ্যালয়ের উন্নতির জন্য। তাঁরা বিদ্যালয়ের নামে আট বিঘা ধানি জমি দান করেন। একে একে নির্মিত হয় ১৪টি কক্ষ। কিন্তু কক্ষগুলো বহু বছর আগে নির্মিত হওয়ায় তা এখন জরাজীর্ণ। সরেজমিনে দেখা গেছে, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা ও খোয়া। বেরিয়ে পড়েছে রড, চুইয়ে পড়ছে পানি। বর্ষাকালে আতঙ্কের মধ্যে ক্লাসে থাকতে হয় ছাত্রীদের। ছাত্রীসংখ্যা সাত শতাধিক হওয়ায় এক বেঞ্চে পাঁচ থেকে ছয়জন গাদাগাদি কর বসে। গ্রীষ্মকালে খুব কষ্টের মধ্যে ক্লাস করতে হয় তাদের। ছাত্রী সালমা আক্তার বলে, ‘গাদাগাদি করে বসতেও আমাদের আপত্তি নেই। কিন্তু ভয়ের মধ্যে থেকে ক্লাস করতে আমাদের আপত্তি আছে। কখন মাথার ওপর পলেস্তারা খসে পড়ে, এ ভয়ে ক্লাসে মনোযোগ দিতে পারি না ঠিকমতো।’ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘আমি বিদ্যালয়ে সদর আসনের সাংসদকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসি এবং শ্রেণীকক্ষগুলোর করুণ অবস্থা ও স্থানসংকুলান না হওয়ার কথা তুলে ধরি। এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও সাংসদকে পুরোনো এ বিদ্যালয়টির উন্নয়নে ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারওয়ার জাহান বলেন, ‘মাত্র তিন মাস হলো আমি সভাপতি হয়েছি। এখন পর্যন্ত বিদ্যালয়ে যেতে পারিনি। এত পুরোনো একটি বিদ্যালয় এখনো সরকারি অনুদান তেমন পায়নি এটা দুঃখজনক।