যখন প্রয়োজন তখনই মাতৃত্বকালীন ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত নারী শিক্ষক ও কর্মচারীদের জন্য ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার ওই পরিপত্রে বলা হয়েছে, সন্তান ধারণের পর নারী কর্মী যে তারিখ থেকে ছুটিতে যাওয়ার আবেদন করবেন, সে তারিখ থেকেই এই ছুটি মঞ্জুর করতে হবে। তবে সন্তান প্রসবের তারিখটি ছুটি আরম্ভের সর্বশেষ তারিখ হবে বলে উল্লেখ করা হয়েছে।চিকিত্সকের সনদসহ কেউ এই ছুটির জন্য আবেদন করলে তা নামঞ্জুর করা বা ছয় মাসের কম দেওয়া অথবা ছুটি আরম্ভের তারিখ পরিবর্তন করার ক্ষমতা ব্যবস্থাপনা কমিটি বা পরিচালনা পরিষদের (গভর্নিং বডি) থাকবে না বলেও পরিপত্রে বলা হয়েছে।একজন নারী শিক্ষক ও কর্মচারী সমগ্র চাকরি জীবনে সর্বোচ্চ দুবার মাতৃত্বকালীন ছুটি পাবেন। ছুটিতে যাওয়ার আগে সেই নারী যে হারে বেতন-ভাতা পেতেন ছুটিতে থাকা অবস্থায়ও তিনি তা পাবেন।২৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলনকারী বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কয়েকটি সংগঠনের নেতারা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই সরকারি কর্মজীবী নারীদের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নারীদের জন্যও মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার সিদ্ধান্ত নেওয়া হয়।