যত কাণ্ড বিনোদনকেন্দ্রে
ঈদ মৌসুমে সরকারি বিনোদনকেন্দ্রগুলোতে নামে মানুষের ঢল। স্বাভাবিকের চেয়ে বেশি দর্শনার্থী থাকার পরও পুরো পরিস্থিতি ভালোভাবেই মোকাবিলা করে কর্তৃপক্ষ। নগরের কয়েকটি সরকারি বিনোদনকেন্দ্র ঘুরে বিনোদনপ্রত্যাশী মানুষের বিনোদনের খোরাক এবং কর্তৃপক্ষের নানা রকম ব্যস্ততার চিত্র তুলে ধরছেন আজহার হোসেনমো গ ল দু র্গএকটু যত্নবান হোন‘এই কেল্লা আমাদের সম্পদ। এটা রক্ষার দায়িত্ব আমাদের সবার। কিন্তু অনেকেই কেল্লার চত্বরে চিপস, চকলেট, আইসক্রিমের মোড়ক, কোমল পানীয়র বোতল-ক্যান ফেলে রেখে যায়। এসব পরিবেশ নষ্ট করে। আবার কেউ পুরাকীর্তির গায়ে ইট-কয়লায় নানা রকম অশ্লীল বাক্য লিখে রাখে। এ থেকে বিরত থাকা দরকার। সবাইকে কেল্লার ব্যাপারে দায়িত্বশীল হতে হবে।’ বললেন লালবাগ কেল্লার কাস্টডিয়ান নাসিমা শাহিন। সূর্য ডোবার আগে আগে কেল্লা ছেড়ে যাওয়ার পরামর্শ দেন কেল্লার একাধিক গার্ড। কারণ, কেল্লার আশপাশে এখন বহুতল ভবনের ছড়াছড়ি। সেসব ভবনের ছাদ টপকে ছিঁচকে চোর-ছিনতাইকারীরা যদি সন্ধ্যার সময় কিছু করে, তবে এর দায়ভার কে নেবে? সেবা পেতে অপেক্ষাপুরান ঢাকার অলিগলি পেরিয়ে তবেই আসতে হয় লালবাগ কেল্লায়। ফলে রিকশাই ভরসা। ভরসার এই যানে চেপে কেল্লায় আসতে চাইলে পড়তে হবে ভোগান্তিতে। কেল্লার মোড়েই রিকশার জটলা। জটলা পেরিয়ে ভেতরে যেতে যেতে টের পাবেন গাড়িওয়ালাদের গাড়ির জটলা।ফটকের পাশে ছোট্ট দুটি খোপে টিকিট বিকোচ্ছে দেদার। পুরুষ আর নারীরা আলাদা সারিতে টিকিটের অপেক্ষায়। কিন্তু লাইন তো এগোয় না। কারণ টের পাওয়া গেল ভেতরে গিয়েই। টিকিটঘরের ভেতর টিকিট দিচ্ছেন একজন। একবার পুরুষের সারিতে, অন্যবার নারীদের সারিতে। টিকিট বেচার খোপ আর সারি দুটো হলেও এখানে টিকিট দিচ্ছেন একজনই।এবার ভেতরে গলে পড়ার পালা। ভেতরে ঢুকে একটি নির্দেশকে চোখ পড়ল। এতে দোভাষী আর গাইডের সেবা নেওয়ার কথা উল্লেখ রয়েছে। কিন্তু এলাকা ঘুরে দেখা মিলল একজন গাইডের। নির্দেশক সাইনবোর্ডের সামনে অপেক্ষায় রাশিয়া থেকে আসা দুই পর্যটক। ভাষাগত সহায়তার জন্যই তাঁরা অপেক্ষায় রয়েছেন সেখানে। কিন্তু দোভাষী কিংবা গাইডের টিকিটি পর্যন্ত দেখা নেই সেখানে। গাইড ব্যস্ত অন্য একদল পর্যটক নিয়ে। এ ব্যাপারে লালবাগ কেল্লার কাস্টডিয়ান নাসিমা শাহিন জানান, কেল্লায় কর্মরত গাইড ও দোভাষী প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দায়িত্বে রয়েছেন মাত্র একজন। এর পরও বিদেশি পর্যটক এলে সহায়তা করেন স্টাফরা।বাংলামোটর থেকে আসা সুমাইয়া জাহান বলেন, কেল্লার স্টাফদের ব্যবহার ভালো। গ্যালারি ঘুরে দেখতে দেখতে নানা প্রশ্নের জবাব তাঁরা দিয়েছেন সহজভাবেই। সহায়তার এই মনোভাব ভালো লেগেছে। কেল্লার ভেতরের গ্যালারিগুলোতে লাগানো হয়েছে হলুদ আলোর বাতি। এর বদলে সাদা বাতি লাগানোর পরামর্শ দিলেন দর্শনার্থীরা।পুরাকীর্তির ঘাড়ে বসে!পুরো লালবাগ কেল্লায় বসার জায়গার হাহাকার। নেই কোনো ছাউনির ব্যবস্থা। তাই বলে কি দর্শনার্থীরা বসবে না? দর্শনার্থীরা নিজেদের মতো করেই বসার জায়গা করে নিয়েছে। কেল্লার ভেতর বিভিন্ন ভবনের দোতলার ছাদ আর কার্নিশে বসেছে দর্শনার্থীরা। আবার অনেকে মাঠের ঘাসেও বসেছে দলবেঁধে। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসা সাজমান আফরোজ বলেন, ‘কেল্লার পরিবেশ সুন্দর, তবে বসার কোনো ব্যবস্থা নেই। অনেকক্ষণ ভবনের ছাদে ছিলাম। এখন রোদ বলে মাঠে গাছের ছায়ায় এসে বসেছি। আবার কেল্লার ভেতর নানা ফাঁকফোকরে দেখা মেলে প্রেমিক জুটির। এটা একটু অস্বস্তিকর ব্যাপার।’কেল্লার গোপন সুড়ঙ্গের পাশে রয়েছে একটি কামান। অথচ কামানের ওপর চড়ে বসেছেন কয়েকজন তরুণ। বসার জায়গা নেই বলে এই দশা, জানান তরুণদের একজন সাজ্জাদ। অনেক শিশুই নেমে পড়েছিল ফোয়ারায়। কয়েকজন অভিভাবক নিজেরাই বাচ্চাদের নামিয়ে দিচ্ছিলেন। ফোয়ারার পাশে কর্মরত গার্ড বলেন, ‘আমাদের কাজ নজরদারি করা। কিন্তু দর্শনার্থীরাই যদি আমাদের কথা না শোনে, তাহলে কী করি?’পি ং ক প্যা লে সমুগ্ধতার পালাকষ্টেসৃষ্টে নবাববাড়ির অন্দরে প্রবেশ করার পর যে কারোরই মন ভালো হয়ে যাবে। নাজিমুদ্দিন রোডের আদনান জাদুঘরে এসেছিল মা-বাবার সঙ্গে। নবাবের বসার চেয়ার দেখে সে মুগ্ধ। আবার হাতে আঁকা বিশাল আকারের পারিবারিক ছবি দেখেও মুগ্ধ অনেকেই। এ ছাড়া প্রায় প্রতিটি গ্যালারিতে থাকা স্টাফরা সাধ্যমতো সহায়তা করেছেন দর্শনার্থীদের।নবাববাড়ির আকর্ষণের আরও একটি জায়গা হলো এর সুবিশাল সিঁড়ি। পড়ন্ত বিকেলে অনেকেই সিঁড়িতে দাঁড়িয়ে পছন্দমতো ছবি তুলতে ব্যস্ত ছিলেন। যশোর থেকে ঘুরতে আসা শারমিন নাহার জানান, সিঁড়িতে দাঁড়ালে নদী বেশ ভালো দেখা যায়। আবার সবাই সিঁড়ির স্মৃতি ধরে রাখতে ছবি তোলে এখানে। তাই জটলা সিঁড়িতেই বেশি। স্পেনের পর্যটক বাবলো উইদাম্পটন জানান, ঢাকার অনেকের কাছেই পিংক প্যালেসের নাম জানতে চেয়েছেন। কিন্তু কেউ দেখাতে পারেনি। শেষতক বহু খুঁজে বের করেছেন গোলাপি রঙের আহসান মঞ্জিল। পুরান ঢাকার মোড়ে মোড়ে বাংলা ও ইংরেজিতে আহসান মঞ্জিল চিহ্নিত করলে খোঁজ পেতে সুবিধে হবে বলে জানান এই পর্যটক।নবাববাড়িতে নবাবি আমলের কোনো আপ্যায়নের ব্যবস্থা নেই। তবে রয়েছে খাবারের সাধারণ মানের একটি ক্যানটিন। সেখানে রয়েছে হাল আমলের সাধারণ মানের খাবার, কিন্তু দামটা নবাবি ধাঁচের। সূত্রাপুরের মনিরউজ্জামান জানান, বাচ্চার জন্য এক বোতল জুস কিনতে গিয়ে গচ্চা দিতে হয়েছে ১০ টাকা। প্রায় প্রতিটি পণ্যেই পাঁচ থেকে ২০ টাকা করে বেশি নিচ্ছেন তাঁঁরা। দোকানি এ ব্যাপারে জানান, ইজারার নিয়ম মেনে আবেদন করতে গিয়ে যে টাকা উপরি দিতে হয়, সেই টাকা পোষাতেই এই বাড়তি দাম।নবাববাড়ির স্মৃতিস্মারকনবাববাড়িতে ঘুরতে আসা অনেক পর্যটক এখানকার সুভেনিরের খোঁজ করে। দেশি দর্শনার্থীরাও নিতে চায় ভিউকার্ড আর স্টিকার। বছরখানেক আগেও এখানে সেসবের ব্যবস্থা ছিল। কিন্তু এবারের ঈদে যাঁরা সুভেনিরের খোঁজ করেছে, তাদের নাকাল হতে হয়েছে। ফটকের ডান পাশের ছোট্ট ঘরটিতে থাকা এক কর্মচারী জানান, মূল ভবনে খোঁজ মিলবে এসব উপহারের। মূল ভবনে যেতে দেখা মেলে লাইব্রেরির। সারি সারি বইয়ের আলমারি। সব কয়টিতে তালা ঝোলানো। লাইব্রেরির কর্মকর্তাদের কাছ থেকে জানা গেল, এখানে বসে বই পড়ার ব্যবস্থা রয়েছে। লাইব্রেরির ফটকের পাশে একটি চেয়ারে দুটি বই রাখা। একটি বাংলা, অন্যটি ইরেজিতে লেখা। এ বই দুটি নবাববাড়িকে চেনার, জানার বা স্মৃতি ধরে রাখার সুভেনির হয়ে উঠেছে। স্মৃতিধারক ভিউকার্ড আর স্টিকারের কোনো ব্যবস্থা এখন নেই নবাববাড়িতে।ফটকে আটকঈদের পরদিন বিকেলবেলা আহসান মঞ্জিল ফটকে দর্শনার্থীদের ভিড়। ফটকের গ্রিল ধরে ভেতরে উঁকিঝুঁকি মারছে অনেকেই। ঈদের পরদিন ছুটির দিনের বিকেলটা কাটাতে অনেকেই এসেছে নবাববাড়ি দেখতে। অথচ নবাববাড়ির ফটক বন্ধ। সরকারি বন্ধের আওতায় ঈদের দ্বিতীয় দিন বন্ধ ছিল নবাববাড়ি। পরীবাগের মুনিয়া জামান বলেন, ‘লালবাগ কেল্লায় দুপুর পর্যন্ত ছিলাম। কেল্লা খোলাই ছিল। বিকেলটা নবাববাড়িতে কাটাতে আসছি। অথচ আজ এখানে ঈদের ছুটি চলছে।’আবার চকবাজারের বীরেন বোস স্ট্রিটের আশিকুর বলেন, ‘ফটকের গার্ডদের কাছে বন্ধের কারণ জানতে চাইলে ওরা অশালীন ভাষায় আমাদের চলে যেতে বলে। নবাববাড়ির ফটকে ওরা ভালোই নবাবি দেখায় দর্শনার্থীদের।’ঈদের ছুটির পর আহসান মঞ্জিল জাদুঘর খোলে সোমবার। সেদিন জাদুঘরের ফটক গলে ঢুকে পড়লেন একদল যুবক। দায়িত্বরত দ্বাররক্ষী জানান, ‘ওরা পাশের কুমারটুলি এলাকার। স্থানীয় বলে সব সময়ই টিকিট ছাড়া আসা-যাওয়া করে। মাঝেমধ্যে গার্ডদের গায়েও হাত তোলে। আবার এরাই ভেতরে থাকা দর্শনার্থীদের উৎপাত করে।’ফটকের বচসা পেরিয়ে ভেতরের মূল ভবনে দেখা মেলে একাধিক ব্যানারের। ব্যানারে ছেয়ে আছে মূল ভবনের একটি দিক। শোক দিবস উপলক্ষে জাতীয় জাদুঘর কর্মচারী ইউনিয়ন টানায় সেসব ব্যানার। শোক দিবসের মাসখানেক পরও ব্যানার নামানোয় কর্তৃপক্ষের অনীহায় ক্ষোভ জানায় একাধিক দর্শনার্থী।আবার জাদুঘরের শৌচাগারের অবস্থাও বেশ করুণ। পুরুষ শৌচাগারের কোনো কোনোটির কল ভাঙা। আর মহিলা শৌচাগারের ভেতরের অবস্থা স্যাঁতসেঁতে। শৌচাগারে পিছলে পড়ে দুর্ঘটনার ঘটনাও ঘটেছে একটি। টিপু সুলতান রোডের তানিসা জানান, ভেতরে ঢোকার পথে পিচ্ছিল। মেঝেতে অনেকেই ভারসাম্য রাখতে না পেরে আছড়ে পড়েছে।শি শু স্ব র্গতিন দফা লাইনের ঝক্কি!ঈদের পরদিন ৫৭ হাজার দর্শনার্থী ছিল শহীদ জিয়া শিশুপার্কে। ফলে ফটকে একটু-আধটু ভিড়ভাট্টা তো হবেই। ভিড়ের মধ্যে কিছু কিছু লোক যে মানুষের ধাক্কায় ফাউ চলে যাচ্ছে, সেটাও ভালো করেই জানে কর্তৃপক্ষ। পুরো ব্যাপারটি সামলে উঠতে পারেন না সংখ্যায় কম থাকা কর্মচারীরা। কর্তৃপক্ষের মাথায় থাকে একটিই চিন্তা, নির্বিঘ্নে শিশুসহ পরিবারসুদ্ধ নির্মল আনন্দ দেওয়া। তাই অনেকটা তাড়াহুড়ো করে যাত্রীদের ভেতরে ঢোকার ব্যবস্থা করে দেওয়া হয়।ঢোকার দীর্ঘ সারির পর দাঁড়াতে হয় রাইডে চড়ার টিকিট কেনার দীর্ঘ সারিতে। রাইডের টিকিট পেতে ঝক্কি সামলে উঠলেও রাইডগুলোতে চড়তে বেগ পেতে হয়েছে। দর্শনার্থী বেশি হওয়ায় প্রতিটি রাইডের সামনে ছিল দীর্ঘ লাইন। ফলে ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকে তবেই শিশু আর বুড়োরা চড়ে বসতে পেরেছে পছন্দের রাইডগুলোয়।ঈদ সামনে রেখে সপ্তাহখানেক আগ থেকেই শিশুপার্কে মেরামতি আর রঙের কাজ শুরু হয়। ফলে শিশুরা ঈদের বিনোদন নিতে এসে উজ্জ্বল আর বাহারি শিশুপার্ক দেখে মুগ্ধ। এবার শহীদ জিয়া শিশুপার্কের প্রায় সব রাইডই চলেছে নির্বিঘ্নে। কর্তৃপক্ষ কারিগরি সব ত্রুটি সেরে ফেলে ঈদের আগেই। ফলে ঈদের ছুটিতে সরগরম ছিল প্রতিটি রাইড। মজার সব রাইডশিশুপার্কের রাইডগুলো কাজে যেমন মজার, তেমনি নামেও বেশ মজার। উড়ন্ত বিমান, উড়ন্ত নভোযান, রোমাঞ্চ চক্র, আনন্দ ঘূর্ণি, বিস্ময় চক্র, এসো গাড়ি চড়ি, ছোটমণিদের রেলগাড়ি, লম্ফঝম্ফ, ঝুলন্ত চেয়ার, এফ-৬ জঙ্গিবিমান আর ফুলদানি আমেজ নামে নামকরণ করা হয়েছে রাইডগুলোর।কিন্তু শিশুপার্কের রাইডগুলোয় চড়ে খানিক বাদেই নেমে যেতে হয়েছে দর্শনার্থীদের—এমন অভিযোগ নিয়ে তথ্যকেন্দ্রে আসেন সানারপাড়ের মনির হোসেন। তিনি জানান, ‘এসো গাড়ি চড়ি’র টিকিট নিয়ে পাক্কা দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। শেষতক শিশুকে চড়ান গাড়িতে। কিন্তু এ রাইডের দায়িত্বে থাকা স্টাফ শিশু মাহিনুলকে নামিয়ে দেয় আধ মিনিটের মাথায়। অভিযোগ পেয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপে আবার রাইডে চড়ানো হয় মাহিনুলকে। কর্তৃপক্ষের আন্তরিকতায় মুগ্ধ মাহিনুলের পরিবারের মতো অনেকেই।রাইডের বাহারের মধ্যে গোদের ওপর বিষফোঁড়া হয়েছে ‘লম্ফঝম্ফ’র একটি অংশ। এর মোটা কাপড় ছিঁড়ে গেছে ঈদের দিনই। ফলে আমুদে শিশুদের ওই অংশে যেতে দেওয়া হয়নি।কর্তৃপক্ষ একটু নজর দিক...শিশুপার্কের বহির্গমন ফটকের সামনে অনেকেই নাক চাপা দিয়ে পথ চলছিল। কারণ, এ পথটুকু পেরোতে হয় শৌচাগারের সামনে দিয়ে। শৌচাগারের দুর্গন্ধে এখানে টেকা দায়। কর্তৃপক্ষের এমন অবিবেচক কাজের কারণে ঘরমুখো মানুষ ফটক গলে বেরিয়েছে অসন্তুষ্ট হয়ে।আবার শিশুপার্কের ভেতর খাবারের শেডগুলোতে থাকা ‘ক্যানটিনবয়’ ক্রেতা জোটাতে হুমড়ি খেয়ে পড়ে দর্শনার্থীদের ওপর। হাত কিংবা গায়ের জামা ধরে টানাটানিও করে কেউ কেউ। শাহজাহানপুরের বাসিন্দা লুসি রহমান বলেন, খাবারের শেডগুলো এক কোনায় থাকলে বেশি ভালো হতো। এতগুলো দোকানের বদলে একটি বড় দোকান থাকতে পারত। এতে ব্যবস্থাপনা সহজ হতো। শেডগুলোতে ঘুরে দেখা গেছে, দাম স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি। ফলে অনেকেই বাসায় তৈরি খাবার প্যাকেট করে এনেছে শিশুপার্কে। মিরপুরের আলভি জানান, ‘গত বছর খাবারের পর দাম নিয়ে একপ্রস্থ ঝগড়া হয় দোকানির সঙ্গে। এবার সেই তর্কে যাইনি। বাসায় বানানো হালকা নাশতা সঙ্গে এনেছি।’শিশুপার্কে গাড়ি পার্ক করার জায়গায় সকাল থেকেই নানাজনের গাড়ি পার্ক করা থাকে। ফলে দর্শনার্থীরা এখানে গাড়ি পার্ক করতে পারেনি। শিশুপার্কের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, সারা বছর আশপাশের বিভিন্ন অফিসের গাড়ি পার্ক হয় শিশুপার্কের খোলা চত্বরে। ঈদের বন্ধে তিন দিন গাড়ি ছিল না। অফিস খুলে যাওয়ায় আবার গাড়ি পার্ক করা শুরু হয়েছে। ফলে দর্শনার্থীদের আসা-যাওয়া এবং গাড়ি পার্কিংয়ে বিঘ্ন ঘটছে।চি ড়ি য়া খা না র চি ড়ি য়াকত ছিল দর্শনার্থী?‘ঢাকায় বিনোদনকেন্দ্রের সংখ্যা এমনিতেই কম। তাই ঈদ মৌসুমে চিড়িয়াখানায় ভিড়ভাট্টা একটু বেশিই। এ বছর ঈদের পরদিন চিড়িয়াখানায় বেচা হয় দেড় লাখ টিকিট।’ বলছিলেন ঢাকা চিড়িয়াখানার প্রচার কর্মকর্তা মনছুরা হাছিন। এত মানুষ সামাল দিয়ে চিড়িয়াখানায় নির্বিঘ্নে ঢোকাতেও একটু বেগ পেতে হয়। তাই ফটকের কাছে বাঁশ দিয়ে সারি করা হয়েছে। আবার ঢোকার ফটক আর বেরোনোর ফটক দুটো দিয়েই লোকজন ভেতরে ঢোকানো হচ্ছিল। বেরোনোর সময়ও তাই জনজট বেঁধে যাচ্ছিল।এ তো গেল চিড়িয়াখানার ভেতরের অবস্থা। দূর-দূরান্ত থেকে চিড়িয়াখানায় আসাও ছিল ভোগান্তি। বাসে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ভাড়ায় চড়ে আসতে হয়েছিল চিড়িয়াখানায়। গুলিস্তান-চিড়িয়াখানা রুটে চলাচলকারী ২/বি বাসের চালক আমজাদ বলেন, ‘এমনিতে স্ট্যান্ডের জন্য চাঁদা দিতে হতো এক হাজার ৮০০ টাকা। ঈদের মৌসুমে এই চাঁদার হার দাঁড়িয়েছে চার হাজার টাকা। আমরা তাই ভাড়াও বাড়াইছি।’ চাঁদাবাজের চাঁদার বোঝা চেপেছে বাসের যাত্রীদের ওপর। মিরপুর সনি সিনেমা হল থেকে চিড়িয়াখানা রোডে আসতে গুনতে হয়েছে পাঁচ থেকে আট টাকা পর্যন্ত, যা স্বাভাবিকের চেয়ে বেশি।হাতি ঘোড়া গেল তলচিড়িয়াখানায় পিঠে চেপে বসার মতো চিড়িয়া আছে হাতেগোনা। বিশালদেহী হাতি আর কৃশকায় ঘোড়া চেপে বসার জন্য উন্মুক্ত। পিঠে চাপিয়ে শিশুদের ঘোরানোর মতো প্রশিক্ষণপ্রাপ্ত হাতি একটিই। ফলে হাতির পিঠে সওয়ার হতে ধরতে হবে লম্বা লাইন। হাতির এই লাইন দুপুরে থেমে থাকে ঘণ্টাখানেকের জন্য। তখন হাতি মহাশয়কে খাবার খাওয়ানো হয়। চিড়িয়াখানায় দুপুরের দিকে হাতিকে খাবার খাওয়াতে বের হয়েছিলেন মাহুত। খানাপিনা শেষে একটু হাঁটাতে হয় হাতিকে। এখানেও অন্য রকম বিপত্তি। হাতি হেলেদুলে হেঁটে চলছে আর তার পেছন পেছন শয়ে শয়ে মানুষ। কেউ মোবাইলে হাতির ছবি তুলছে আবার কেউ একটু ছুঁয়ে দেখছে হাতিকে। এত মানুষের ঢল দেখে হাতিও বিরক্ত কি না, কে জানে। কিন্তু মাহুত বিরক্ত তো বটেই। হাতিকে কী যেন ইশারা করলেন তিনি, হাতি পাগলা হাতির মতো আচরণ শুরু করল। তাতে দর্শনার্থীদের পিলে চমকে গেল। যে যার মতো দৌড়ে দূরে সরে গেল। মাহুতের সহকারী মুসলেম মিয়া বলেন, ‘হাতিরে খাওনের পর একটু জিরান দিওন লাগে। সেই সময় পাবলিক হাতির গায়ে হাত দেয়, হাতিরে খোঁচায়। তাই এই কৌশল।’আবার ঘোড়ার খাঁচায় বিরতির কোনো পালা নেই। ঘোড়া সারা দিনই দৌড়াতে পারে। যারা চিড়িয়াখানার ঘোড়াকে তেজি ভেবে সওয়ার হতে চাইছেন, তারা ঘোড়ায় সওয়ার হলেই বুঝবে, এখানকার ঘোড়া কতটা তেজি! তেজ তো নেই-ই, তার ওপর হাড় জিরজিরে ঘোড়াগুলোয় চড়লে নিজের গায়ে ঘোড়ার হাড়ের গুঁতো টের পাওয়া যায়।বড়শিতে টোপচিড়িয়াখানার লেকের ধারে দেখা মিলল ধানমন্ডির সাইফুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে। তিনি শৌখিন মৎস্যশিকারি। প্রায়ই চিড়িয়াখানায় আসেন মাছ শিকারে। শৌখিন শিকারিদের কথা ভেবে চিড়িয়াখানা কর্তৃপক্ষের ব্যবস্থা রয়েছে মাছ শিকারের। এক হাজার টাকায় টিকিট কেটে চারটি বড়শিতে মাছ ধরার সুযোগ মেলে এখানে। এক দিন মেয়াদি এসব টিকিটে ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাছ শিকার করা যায়।বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকরদূর থেকে বাঘের খাঁচায় ভিড় দেখে সেখানে ছোটে লক্ষ্মীবাজারের শান্ত। শান্তর বাবা শুধু এতটুকুই দেখেছেন। এরপর শান্তকে আর পাওয়া যাচ্ছে না। তাই এসেছিলেন হারানোর খবরটি মাইকে প্রচারের জন্য। নাম তালিকাবদ্ধ করে বসে ছিলেন তথ্যকেন্দ্রের বারান্দায়। তথ্যকেন্দ্রের কর্মকর্তারা শান্তর বাবাকে বারবার বোঝাচ্ছিলেন যে তাঁর ছেলেকে পাওয়া যাবে। ঘণ্টা দেড়েক পর চিড়িয়াখানার এক গার্ড শান্তকে বাবার হাতে তুলে দিয়ে যান। তথ্যকেন্দ্রের এক কর্মী বলেন, ঈদের পরদিন মোট ৪৫ শিশু হারানো গিয়েছিল। এর মধ্যে সবাইকে পাওয়া গেছে। বাচ্চা হারালে যাঁরা তালিকাবদ্ধ করতে আসেন, তাঁরা আবার বাচ্চা ফেরত পাওয়ার খবরটি আমাদের জানান না। ফলে বাচ্চা হারানোর খবরটি বারবার প্রচার হতে থাকে। এ জন্য বাচ্চা হারালে যেমন দায়িত্ব নিয়ে প্রচারের ব্যবস্থা করতে হবে, তেমনি পাওয়া গেলেও তথ্যকেন্দ্রে জানানোর কথা বলেন কর্মকর্তারা। বাচ্চা নিয়ে তো অনেকেই আসেন। যাঁরা বাচ্চাদের সামাল দিতে গিয়ে নাজেহাল, তাঁদের জন্য চিড়িয়াখানার ভেতর আছে শিশুপার্ক। সেখানে আছে স্লিপার, দোলনা, ঢেঁকিসহ নানা খেলনা। সেখানে শিশুদের নির্মল বিনোদনের ব্যবস্থাও রয়েছে। এ ছাড়া এবার খেলনাগুলোতে লেগেছে মেরামতের ছোঁয়া।খাঁচায় নতুন অতিথিচিড়িয়াখানার প্রাণীগুলোর মধ্যে দর্শনার্থীদের মাতিয়ে রাখতে বানরের জুড়ি নেই। নানা অঙ্গভঙ্গি আর দুষ্টুমিতে মাতিয়ে রাখে খাঁচা। তাই বানরের খাঁচার সামনে ভিড়ও একটু বেশিই। চিড়িয়াখানার বাঘের ঘরে এ বছর এসেছে নতুন অতিথি। ফলে বাঘের খাঁচার সামনে ভিড় থাকাটা স্বাভাবিক। বাঘের খাঁচার আশপাশে ঘুরে দেখা মিলল অগণিত মানুষ। ছানাকে নিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে বাঘিনী। আর তা দেখার জন্য খাঁচার চারপাশের ইটের বেষ্টনীতে গেড়ে বসেছে কেউ কেউ। বাঘের খাঁচার ভিড় পেরিয়ে একটু এগোতেই ময়ূরের খাঁচা। বাঘের খাঁচা থেকে ময়ূরের খাঁচা অবধি যেতে নাক চেপে যাওয়াই ভালো। পথটুকু উৎকট দুর্গন্ধে ভরে থাকে সব সময়। ময়ূরের খাঁচায় দেখা মিলল পেখম মেলা ময়ূর। ময়ূরের খাঁচার সামনে তাই সৌন্দর্যপিপাসু মানুষেরও জটলা। আবার মায়া হরিণের মায়ায় পড়েছে কেউ কেউ। হরিণের খাঁচার সামনে বেশ জটলা। হরিণগুলো বোঝে ওদের দেখতে আসা দর্শনার্থীদের মন। তাই বারবারই ঘুরেফিরে খাঁচার একেবারে সামনে চলে আসে। খাঁচা ঘিরে দাঁড়িয়ে থাকা শিশুদের তখন কি উচ্ছ্বাস! আবার এই নিরীহ হরিণকে খোঁচাতেও কেউ কেউ পিছপা হয় না। এ ছাড়া ওয়াইল্ড বিস্টের ছানাটিও বেশ গা ছেড়ে দিয়ে বাড়ছে। ফলে মাসহ ছানা দেখতে ভিড় করছে অনেকেই।এ কেমন মানুষচিড়িয়াখানার প্রাণী জাদুঘরের মাইক থেকে বারবার ঘোষণা আসছে বনমানুষ দেখার জন্য। এখানে ঢুকতে হলে কাটতে হবে দুই টাকার টিকিট। ঘোষক বনমানুষ প্রসঙ্গে মজার মজার কথা বলে দর্শনার্থীদের জাদুঘরমুখো করছেন। প্রাণী জাদুঘরের বারান্দায় বসে ঘোষণাটি করছিলেন মো. বেলাল। তিনি টিকিট ইজারাদার পক্ষের লোক। তাই টিকিটের বিক্রি বাড়াতে মাইক হাতে এই চটুল বাক্য ছুড়ছেন দর্শনার্থীদের প্রতি। যাঁরা বেলালের কথায় গলেছেন, তাঁরা ঠিকই গেছেন জাদুঘরে। কিন্তু ভেতরে গিয়ে মিলছে বনমানুষের সংরক্ষিত দেহ।প্রাণী জাদুঘরের ভেতর গরম গুমোট বাতাসে দম বন্ধ হয়ে আসতে চায়। কিন্তু তার পরও দমে যায়নি দর্শনার্থীরা। ভেতরে সংরক্ষণ করা বাঘ-হরিণের মাথায় হাত বোলানো আর মোবাইলে বাঘের গলা জড়িয়ে ছবি তোলা—সবই করেছে তারা।প্রাণী জাদুঘরের সামনের বারান্দার শেডের নিচে রাখা হয়েছে তিমি মাছের একটি কঙ্কাল। কাচঘেরা ঘরটিতে বসানো হয়েছে একটি গ্রিল। আবার তার ওপর নেটের জাল। এত সব নিরাপত্তাব্যবস্থায় শেষতক তিমির কঙ্কালটিই ভালোমতো দেখা যায়নি বলে অভিযোগ দর্শনার্থীদের।পানি ধুলায় নাকালচিড়িয়াখানার ভেতর দেখা পানি বিক্রেতা হাশেমের সঙ্গে। বালতিতে করে পানি বেচায় ব্যস্ত সে। এক গ্লাস পানি তিন টাকা। কেউ কেউ পানির বোতল ভরে আনার জন্যও টাকা দিচ্ছিল হাশেমকে। এক বোতল পানি ভরে এনে সে নিচ্ছিল পাঁচ টাকা। হাশেমের পিছু পিছু গিয়ে দেখা মিলল পানির উৎস। চিড়িয়াখানার মসজিদের পাশেই পানির নলকূপ। সেখান থেকেই পানি সংগ্রহ করে দর্শনার্থীদের বুঝ দিচ্ছিল হাশেমের মতো অনেক পানি বিক্রেতা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিনা মূল্যে পানির ব্যবস্থা করেছিল কয়েকটি পানির ট্যাংকের মাধ্যমে। কিন্তু পানিওয়ালাদের বুদ্ধিতেই কিনা সেই ট্যাংকগুলোতে পানি শেষ অনেক আগেই। শান্তিনগরের মাহিমা চিড়িয়া দেখতে এসে নিজেই চিড়িয়া বনে গেছেন। শজারুর খাঁচা পেরিয়ে যেই পাখির খাঁচার দিকে যাবেন, অমনি নাকে হামলে পড়ে দুর্গন্ধ। আর সঙ্গে সঙ্গে বমি। বমি করে একেবারে নিস্তেজ হয়ে পড়েন মাহিমা। তিনি বলেন, ‘চিড়িয়াখানায় আইসা নিজেই চিড়িয়া হইলাম। বমিটমি কইরা শেষ। বিশ্রাম নিতে এই ছাউনির নিচে বসছি। এখানে আবার ধুলার রামরাজত্ব।’