যত কাণ্ড রান্নাঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিদ্দিকা কবীর, শারমিন লাকী, দিতি ও নাহিদ ওসমান—আমাদের টেলিভিশনের রান্নার অনুষ্ঠানের চার তারকা। ক্যামেরার সামনে রান্না করতে গিয়ে নিয়মিতই তাঁদের মুখোমুখি হতে হয় মজার মজার অভিজ্ঞতার।চারজনের মধ্যে সবচেয়ে প্রবীণ সিদ্দিকা কবীর। তাঁর অভিজ্ঞতাও বেশি। ‘কোনটা রেখে যে কোনটা বলব, বুঝতে পারছি না,’ বলছিলেন তিনি, ‘একবারের কথা মনে পড়ছে। সাগুদানা দিয়ে বাকরখানির রান্নার প্রণালি দেখাব। চিনির সিরাপের মধ্যে বাকরখানি ভিজিয়ে রাখতে হবে। গরম সাগুদানা বাটিতে ঢালামাত্র বাটিটি ফেটে যায়। এখন কী উপায়! ক্যামেরা চলছে। পরে ক্যামেরা বন্ধ করে ওপরে ওপরে সাগুদানা নিয়ে রান্নাটি দর্শকদের দেখানো হয়েছে।’ এ তো গেল গরম বিড়ম্বনা। ঠান্ডার বিড়ম্বনাও আছে। ‘আরেকবার কুলফি করব। কিন্তু আমাদের ফ্রিজে কিছুতেই বরফ জমছে না। শুটিং লোকেশনের পাশেই ছিল সাংসদ আসাদুজ্জামান নূরের বাসা। উপায়ান্তর না দেখে তাঁর বাসার ডিপফ্রিজে রেখে দেওয়া হলো তৈরি করা খাবার। খানিক পর নিয়ে এসে সেদিনের মতো শুটিং শেষ করা হয়। সবচেয়ে মজা হয়েছিল অতিথিপর্বে। একটি মেয়ে এসেছিল। সেদিন গরমও ছিল। সঙ্গে লাইট আর বদ্ধ জায়গার ভাপসা গরম। ব্যস, যেই না “লাইট-ক্যামেরা-অ্যাকশন” বলা হলো, অমনি মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে গেল। প্রথমে বুঝতে পারিনি কী হলো! পরে বুঝলাম, গরমে এমন হয়েছে। মেয়েটিকে সুস্থ করে তোলার পর খুব হেসেছিলাম।’সিদ্দিকা কবীরের সঙ্গী ছিলেন শারমিন লাকী। সাত বছর ধরে একসঙ্গে রান্নার অনুষ্ঠান করে যাচ্ছেন। কত শত স্মৃতি। প্রথম দিনের কথা অবশ্য আলাদাভাবে মনে আছে তাঁর। ‘শুরুতে খুব ভয়ে ভয়ে থাকতাম। সিদ্দিকা কবীরের গম্ভীর চেহারা দেখলেই কেমন যেন জড়োসড়ো হয়ে যেতাম। প্রথম দিন তিনি আমাকে রুটি গোল করতে দিলেন। খানিকটা দুশ্চিন্তায় ছিলাম। রুটি আমি ভালোই গোল করতে পারি, কিন্তু যদি তাঁর সামনে কোনো কারণে না হয়, তাহলে কী হবে! শেষ পর্যন্ত রুটি গোল করে প্রাথমিকভাবে উত্তীর্ণ হলাম সিদ্দিকা কবীরের কাছে।’ তবে শারমিন লাকীর প্রিয় সময় যখন শুটিং শেষ হতো, আর সবাই ঝাঁপিয়ে পড়ত রান্না করা খাবার খেতে। ‘চিংড়ি বা মুরগি দিয়ে তৈরি খাবার বা নাশতাজাতীয় খাবার থাকলেই বাটি-প্লেট ভাঙচুর হতো। সবাই একসঙ্গে তাড়াহুড়া করত। পরে আমরা সিদ্ধান্ত নিলাম, সিরিয়াল মেনে না দাঁড়ালে খাবার দেওয়া হবে না। অনুষ্ঠান শেষে সবাই লাইনে প্লেট নিয়ে দাঁড়িয়ে যেত। মজার বিষয় হলো, সবজির কোনো খাবার তৈরি করলে সেদিন কেউ খেতে আগ্রহী হতো না। সিদ্দিকা কবীর বলতেন, পুষ্টিকর খাবার এরা খায় না, সুস্থ থাকবে কী করে!’সিদ্দিকা কবীরকে নিয়ে শারমীন লাকীর পর্যবেক্ষণ, ‘রাশভারী মানুষ। তাঁর মধ্যে রসবোধ আছে। খুব কাছে থেকে না মিশলে বোঝা যায় না। ১০০ পর্বের পর তাঁর সঙ্গে আমার সম্পর্কটা সহজ হয়েছে। আমরা কী শাড়ি পরব, দুজন মিলে ঠিক করতাম। কখনো মিলিয়ে, কখনো বা কনট্রাস্ট করে পোশাক পরতাম। শুরুর দিকে তিনি সাজতে চাইতেন না। পরে আমি তাঁকে সাজিয়ে দিতাম। সিদ্দিকা কবীরের কাছে একজন আমার বিয়ের প্রস্তাব দেয়। তিনি বলেছিলেন, “ওর একটা ১০ বছর বয়সী ছেলে আছে।” মাঝেমধ্যে অনুষ্ঠান প্রচারের সময় ইচ্ছা করেই বলতেন, “শারমিন, তোমার ছেলেকে রান্না করে খাওয়াবে।” এটা বলতেন যাতে সবাই বুঝতে পারে আমি বিবাহিত। এসব মনে পড়লেই হাসি পায়।’অভিনয়ের গণ্ডি পেরিয়ে উপস্থাপক হিসেবেও সফল দিতি। রান্নার অনুষ্ঠান করতে ছোট ছোট মজার অভিজ্ঞতা হয়েছে অনেক। এসব অনুষ্ঠানে অনেক সময় অতিথিরা আসেন। ‘একবার একজন তারকা অতিথি রান্নার অনুষ্ঠানে এলেন। তিনি প্যানকেক তৈরি করবেন। বাদ সাধল ওভেন। এই রেসিপি করতে হলে ইলেকট্রিক ওভেন দরকার। কিন্তু আমাদের সেটে তো মাইক্রোওয়েভ ওভেন। উপায় না দেখে একটু ফাঁকি দিলাম। আমরা মাইক্রোওয়েভ ওভেনে ঢুকালাম কেক। কিন্তু সেটি তো আর হয় না। দর্শকদের বললাম, এটিই ইলেকট্রিক ওভেন। পরে বাইরে থেকে প্যানকেক কিনে এনে অনুষ্ঠান শেষ করা হলো।’তারকা অতিথিদের নিয়ে মজার অভিজ্ঞতার এখানেই শেষ নয়। ‘একবার এক অতিথি জানালেন, তিনি কখনো রান্না করেননি। অনুষ্ঠানের সেটে ভালোভাবে মুখস্থ করলেন রেসিপি। কোরমা রান্না করবেন। চুলা থেকে নামানোর আগে চিনি মেশানোর কথা থাকলেও তিনি শুরুতেই চিনি দিয়ে ফেলেন। এটা নিয়ে খুব হাসাহাসি করেছিলাম আমরা। আর চুলার কথা কী বলব, কতবার যে হাতের লোম পুড়ে গেছে আগুনের তাপে! ভয়াবহ ঘটনা ঘটেছিল একবার। কীভাবে যেন জামদানি শাড়িতে আগুনের ফুলকি ছিটকে এল। সবাই ছুটে এল। বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি। তবে খুব ভয়ে ছিলাম সেদিন।’নাহিদ ওসমান অন্যদের তুলনায় নতুন মুখ হলেও বেশ পরিচিত। তাঁর মতে, ‘রান্না এক ধরনের শিল্প। মজার মজার ঘটনা ঘটেছে এই রান্নার অনুষ্ঠান করতে গিয়ে। উপকরণ নিয়ে দু-একবার বিড়ম্বনায় পড়তে হয়েছে। একবার দর্শকদের দুধ-লাউয়ের রেসিপি দেখাব। সবই ঠিকমতো হচ্ছিল। সেটে উপকরণগুলো সাজিয়ে রাখার দায়িত্ব ছিল আলাদা দলের। সেখানে তারা ভুল করে চিনির জায়গায় লবণ রেখে দিয়েছিল। সেটি আমি জানতাম না। দুধ-লাউ পুরোটাই মিষ্টিজাতীয় খাবার। পরিমাণে বেশি চিনি দিতে হয়। সেদিন চিনির পরিবর্তে সেই পরিমাণে লবণ দিয়েছি। ভাবা যায়, কী অবস্থা হয়েছিল। অনুষ্ঠান শেষে তো সবাই মিলে খাওয়া হতো। মুখে দেওয়ামাত্র চিৎকার। সেদিন লবণের জন্য কেউ খেতে পারেনি।’দর্শককেও ফাঁকি দিতে হয়েছে। ‘রান্না করতে গিয়ে দেখি তেঁতুলপানি নেই। কিন্তু রেসিপিতে অবশ্যই তেঁতুলপানি দিতে হবে। দর্শকদের তো দেখাতে হবে। মাথায় একটা বুদ্ধি এল। কোকাকোলা কিনে বাটিতে ঢেলে দিলাম। টিভিতে দর্শক বুঝতেই পারেনি, তেঁতুলপানি ছিল না।’‘সুন্দরভাবে খাবার পরিবেশন করতে পছন্দ করি। একদিন মনে হলো কলাপাতা ছাড়া ঠিক পরিবেশন করা যাবে না। উত্তরার একটি বাড়িতে শুটিং হতো আমাদের। পাশের বাড়িতে কলাগাছ ছিল। সেখান থেকে কলাপাতা ছিঁড়ে আনা হলো। এরপর প্রয়োজন হলেই কলাপাতা আনা হতো সেখান থেকে। এভাবে একদিন সেই বাড়ির লোকেরা খেপে গেল। অনেক বুঝিয়ে তাদের মানানো হয়েছিল।’