যত কিছুই করুক, পদ্মা সেতু হবে না: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘পদ্মা সেতু নির্মাণ সরকারের মূল উদ্দেশ্য ছিল না। তাদের মূল উদ্দেশ্য ছিল দুই হাজার ৪০০ কোটি টাকার ঘুষ।’ তিনি বলেন, ‘যত কিছুই করুক, এ সরকারের আমলে আর পদ্মা সেতু হবে না। নাম ফলক লাগানো হবে।’আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ আহমদ এ কথা বলেন।মওদুদ আহমদ অভিযোগ করেন, ‘পদ্মা সেতুর এই দুর্নীতির সঙ্গে শুধু একজন মন্ত্রী নয়, পুরো সরকার জড়িত। আর বিশ্বব্যাংককে বিদায় দিয়ে সরকার তা প্রমাণ করেছে। সরকারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ তারা এখনো খণ্ডন করতে পারেনি, এই অভিযোগ সত্যি। অভিযোগ থেকে মুক্তি পেতেই সরকার বিশ্বব্যাংককে পত্র দিয়ে জানিয়েছে—সহায়তার প্রয়োজন নেই।’ তিনি বলেন, ‘এ দুর্নীতির বিচার একদিন হবে। যারা এর সঙ্গে জড়িত, তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে দুটি পদ্মা সেতু করা হবে।’ প্রধানমন্ত্রী সরকারি সব সুযোগ সুবিধা ব্যবহার করে নৌকায় ভোট চাইছেন, অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘এর মাধ্যমে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন দলীয় সরকারের অধীনে নির্বাচন কেমন হবে।’বিএনপির আন্দোলন প্রসঙ্গে মওদুদ বলেন, ইচ্ছা করলে কঠোর কর্মসূচি দিয়ে সরকারকে অচল করে দেওয়া যায়। কিন্তু তাতে লাভ হবে না। এতে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ব্যালটের মাধ্যমে ক্ষমতায় যাওয়া, বুলেটের মাধ্যমে নয়। এ জন্য সতর্কতার সঙ্গে এগোতে হবে। সময় আসবে যখন প্রশাসন শিথিল হয়ে যাবে, পুলিশ অকর্মণ্য হয়ে যাবে। সে সময়ের জন্য অপেক্ষা করতে হবে। সে সময় দূরে নয়।’ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন নামের একটি সংগঠন ‘রাজনৈতিক নির্যাতন-হয়রানি বন্ধকরণ ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে। এতে অন্যদের মধ্যে আয়োজক সংগঠনের সভাপতি মোজাহিরুল ইসলাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য দেন।