যত খুশি পান করা যায় জমজমের পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জমজমের পানির কথা শুনেছি ছোটবেলা থেকে। আত্মীয়রা নিয়ে যাওয়ায় এই পানি পানও করেছি। এবার পবিত্র হজ পালন করতে এসে পুরো সফরে জমজমের পানি পান করছি। আমার প্রাণ ভরে গেছে।’ কথাগুলো বললেন নওগাঁর পত্নীতলা থেকে আসা হাফিজুর রহমান। তাঁর মতো অনেক হজযাত্রী মক্কায় এসে মসজিদুল হারামে (কাবা শরিফ) নামাজ আদায় এবং জমজম কূপের পানি পান করছেন।কাবাঘরের কাছে হাজরে আসওয়াদের পূর্ব-দক্ষিণ কোণে এই জমজম কূপ। জনশ্রুতি আছে, হজরত হাজেরা (আ.) এবং শিশুপুত্র ইসমাইল (আ.)-কে কাবার পাশে বড় একটি গাছের ছায়ায় রেখে যান হজরত ইব্রাহিম (আ.)। তখন কাবা শরিফের স্থানটি ছিল উঁচু একটি টিলার মতো। তাঁদের দিয়ে যান কিছু খেজুর আর এক মশক পানি। পানি ফুরিয়ে গেলে হজরত হাজেরা (আ.) পানির জন্য কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়ায় ছোটাছুটি করতে থাকেন। সাতবার ছোটাছুটির পর একটি আওয়াজ শুনে তিনি কাবার পাশে এসে দেখেন, চারদিকে ছড়িয়ে পড়ছে পানি। তিনি পানির উৎসের চারদিকে বালির বাঁধ দেন। পরে খনন করে এই কূপকে আরও প্রশস্ত করেন হজরত ইব্রাহিম (আ.)।দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের যত অনুপম নিদর্শন আছে, তার মধ্যে জমজম কূপ অন্যতম। এ কূপের পানি সর্বাধিক স্বচ্ছ, উৎকৃষ্ট, পবিত্র ও বরকতময়। জানা যায়, জমজম কূপ প্রথমে খোলা অবস্থায় ছিল। তখন কূপ থেকে বালতি দিয়ে পানি তোলা হতো। সর্বশেষ তথ্য অনুযায়ী, জমজমের মুখ থেকে ৪০ হাত গভীর পর্যন্ত প্লাস্টার করা। এর নিচে পাথরকাটা অংশ আছে আরও ২৯ হাত। এসব লাল পাথরের ফাঁক দিয়েই তিনটি প্রবাহ থেকে আসে পানি। এর একটি কাবার দিক থেকে, একটি সাফা পাহাড়ের দিক থেকে এবং আরেকটি মারওয়া পাহাড়ের দিক থেকে।সৌদি সরকার দুবার জমজম কূপ পরিষ্কার করিয়েছে। পরিষ্কারের সময় ডুবুরিরা কূপ থেকে তুলে আনেন বালতি, মগ, মুদ্রা ও অন্যান্য জিনিসপত্র। তখনই পানি আসার দিক শনাক্ত করা হয়। ছবিও তুলে আনেন ডুবুরিরা। এ সময়ই মাটির নিচে হাজিদের জমজমের পানি পানের জন্য একটি স্থান তৈরি করে সৌদি সরকার। শত শত টেপ দিয়ে আধুনিকভাবে সাজানো কক্ষটির প্রবেশপথ ছিল কাবা থেকে অনেক দূরে সাফা পাহাড়ের কাছে। সেখানে জমজম কূপটির অবস্থান এবং পানি উত্তোলনের মোটরপাইপ, সবই দেখা যেত। ক্রমবর্ধমান ভিড়ের কারণে ২০০৩ সালে ওই কক্ষ বন্ধ করে ওপরেই পানি পানের ব্যবস্থা করা হয়। এ ছাড়া কাবা শরিফের আশপাশ, সব স্থানে টেপ ও ছোট ড্রামের মাধ্যমে জমজমের ঠান্ডা পানির ব্যবস্থা থাকে সব সময়। হজ মৌসুমে প্রতিদিন ১৯ লাখ লিটার পানি পান করেন হাজিরা। হজ মৌসুম ছাড়া ওমরাহ ও জেয়ারতকারীরা প্রতিদিন এই পানি পান করেন। মদিনায় মসজিদে নববীতে প্রতিদিন গাড়ির মাধ্যমে ৪০ টন পানি পৌঁছে দেওয়া হয়। বিভিন্ন কোম্পানি দেশের বহু স্থানের মসজিদে জমজমের পানি পৌঁছে দিতে সহায়তা করে।জমজমের পানি যত খুশি পান করা যায়। কনটেইনারে ভরে আনতেও নিষেধ নেই। তবে এই পানি বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। মসজিদের ভেতর পর্যাপ্ত পানির (ঠান্ডা ও স্বাভাবিক) ব্যবস্থা আছে।হাজিরা কনটেইনারে করে দেশেও নিয়ে যান জমজমের পানি। সব কনটেইনার দেখতে একই রকম হওয়ায় বিমানে ওঠার আগে কনটেইনারের মুখ ভালোভাবে লাগিয়ে তাতে নিজের নাম লিখে নেওয়া ভালো। বিমানবন্দরে কনটেইনার পলিথিনে প্যাক করে দেওয়া হয়। নাম লেখা থাকলে হারানোর ভয় থাকে না।প্রতিদিন হাজিদের ছবি, মৃত হাজির তালিকা ও বুলেটিনে তথ্য হালনাগাদ করা হয় এই ঠিকানায় www.hajj.gov.bd।জেদ্দা বিমানবন্দর সূত্র জানায়, বাংলাদেশ থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ৬৮ হাজার ৩২৯ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।