যত ঘর তত টাকা!
বাংলাদেশ সেতু বিভাগ জানুয়ারি মাসের শুরুতে স্যাটেলাইট থেকে পদ্মা সেতু এলাকার যে ছবি তুলেছিল, তাতে শিবচরের পাচ্চর মৌজায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে কোনো স্থাপনার অস্তিত্ব ছিল না। সেতুর জন্য ওই এলাকায় জমি অধিগ্রহণ করা হবে—এ কথা চাউর হওয়ার পর জানুয়ারির শেষের দিকে মহাসড়ক ঘেঁষে একে একে ঘর উঠতে থাকে। দেড় মাসে পাচ্চর, বাখরকান্দি ও রঘুনাথপুর মৌজায় এখন ২০০ নতুন ঘরবাড়ি দাঁড়িয়ে গেছে। স্থাপনা থাকলে অধিগ্রহণের সময় ক্ষতিগ্রস্ত হিসেবে অতিরিক্ত টাকা পাওয়া যায়—এ জন্যই ফসলি জমিতে এসব ঘরবাড়ি তৈরি করা হয়েছে।সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ ঘরই অপরিকল্পিত, একটি অন্যটির সঙ্গে লেগে আছে। মানুষ চলাচলের পথও নেই। অনেক ঘরের ভেতর ও বাইরে টাইলসও বসানো হয়েছে। কিন্তু ঘরগুলোতে কোনো লোকজন থাকে না। জানা গেছে, অন্যের জমি ভাড়া নিয়েও ঘর তৈরি করছেন কেউ কেউ। অনেকে ঘরের কাছাকাছি গাছের চারাও রোপণ করেছেন। কারণ, অধিগ্রহণের সময় গাছের জন্যও ক্ষতিপূরণ দেওয়া হবে।জেলা প্রশাসন জমির নিবন্ধন মূল্যের সঙ্গে ৫০ শতাংশ ক্ষতিপূরণ দিয়ে ফসলি জমি অধিগ্রহণ করে। কিন্তু বসতবাড়ি অধিগ্রহণের ক্ষেত্রে পুনর্বাসনের ক্ষতি, মূল্যস্ফীতিসহ আরও বেশ কিছু ক্ষতিপূরণ ধরা হয়। পাশাপাশি ঘর (পাকা, আধাপাকা, কাঁচা আলাদা আলাদা), গাছপালা, টিউবওয়েলসহ আসবাবের মূল্য ক্ষতিপূরণ হিসেবে পরিশোধ করা হয়। ঘর স্থানান্তরেরও খরচ দেয় সরকার। পদ্মা সেতু নির্মাণের জন্য মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর—এই তিন জেলায় প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা হবে। কিন্তু মাদারীপুরের শিবগঞ্জেই এভাবে সরকারি টাকার জন্য ঘর তৈরির ঘটনা ঘটেছে। সেখানে লোকজনের মুখে মুখে ফিরছে একটি কথা—যত ঘর তত টাকা। মূলত মাদারীপুরের শিবচরে হবে সেতুর সংযোগ সড়ক, টোল প্লাজা ও পুনর্বাসন কেন্দ্র। আর সেতু হবে মুন্সিগঞ্জ ও শরীয়তপুরের মধ্যে। অর্থাত্ সেতুর এক প্রান্ত থাকবে মুন্সিগঞ্জে, অপর প্রান্ত শরীয়তপুরে। শিবচরের স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পাচ্চর, বাখরকান্দি ও রঘুনাথপুর মৌজায় নতুন করে জমি অধিগ্রহণ করার বিষয়টি এলাকার লোকজন আগেই জেনেছে। এর পর থেকেই ঘরবাড়ি তৈরির হিড়িক পড়ে। সেতু বিভাগ সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ মাদারীপুর জেলা প্রশাসন থেকে তিন একর জমি অধিগ্রহণের প্রস্তাব পাঠানো হয়। এর পরই পুরো উপজেলার বিভিন্ন স্থানে ঘরবাড়ি বানানোর জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়। গত সোমবারও ওই এলাকায় গিয়ে দেখা গেছে, সেখানে পাকা, আধাপাকা, কাঁচা ঘর তৈরির কাজ চলছে। উপজেলার কুতুবপুর এলাকায় দেখা গেছে ফসলি জমিতে কাঠ, টিন ও ঘর তৈরির উপকরণ জমা করা হচ্ছে।সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী গত সোমবার অধিগ্রহণ করা এলাকায় পরিদর্শনে এলে প্রথম আলোকে বলেন, যেসব স্থানে নতুন করে ঘর হচ্ছে, সেগুলো জানুয়ারি মাসেও ছিল না। এ বিষয়ে জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। সেতু বিভাগ সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর সমীক্ষা যাচাইয়ের পর জাজিরা প্রান্তে নদী অন্তত ৫০০ মিটার ভেঙে গেছে। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও অন্যান্য স্থাপনা তৈরির জন্য তিন জেলায় আরও ৩০৬ একর ভূমি অধিগ্রহণ করা হবে। বিভিন্ন জেলায় সেতু বিভাগ থেকে চিঠিও দেওয়া হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে ফসলি জমিতে ঘরবাড়ি তৈরির প্রবণতা বেড়ে গেছে। উপজেলার মাদবরচরের নাঈম ফিলিং স্টেশনের কাছে দেখা গেছে, কেউ ইট ও লোহার পাত দিয়ে পাকা ঘর করছে। কেউ করছে আধাপাকা ঘর। অনেকে শুধু টিন দিয়ে ঘর তৈরি করছে। অনুসন্ধানে দেখা গেছে, প্রস্তাবিত পদ্মা সেতুর জন্য এর আগে অধিগ্রহণ করা উপজেলার কাঁঠালবাড়ী এলাকায়ও জায়গা ভাড়া নিয়ে বড় বড় ঘর তৈরি করা হয়েছে। কাঁঠালবাড়ী ফেরিঘাট এলাকায় স্থানীয় মজিদ মিয়া বলেন, ‘পদ্মা সেতু হবে শুনে কয়েক বছর আগে টঙ্গী থেকে এক লোক এসে নদীর পাড়ে বড় একটি ঘর তৈরি করে ফেলে রাখেন। ক্ষতিপূরণের জন্য নাম তালিকাভুক্ত হওয়ার পর আর তাঁকে দেখা যাচ্ছে না।’ জানা গেছে, ক্ষতিপূরণের লোভে ঘর তৈরির খবর পেয়ে সেতু বিভাগ জেলা প্রশাসনকে দুই দফা চিঠি দেয়। তাতে নতুন করে ঘর তৈরি বন্ধ রাখাতে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়। কিন্তু জেলা প্রশাসন এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। সেতু বিভাগের কর্মকর্তারা বলেন, এভাবে নতুন করে ঘরবাড়ি তৈরির ফলে অধিগ্রহণ খাতে কয়েক কোটি টাকা ব্যয় বেড়ে যাবে। এ নিয়ে জটিলতাও তৈরি হতে পারে। মাদারীপুরের জেলা প্রশাসক শশী কুমার সিংহ প্রথম আলোকে বলেন, ‘সেতু বিভাগ থেকে নতুন করে জমি অধিগ্রহণের চিঠি পেয়েছি। সম্ভবত স্থাপনা নির্মাণকারী ব্যক্তিরা আগে থেকেই ভবিষ্যত্ অধিগ্রহণের খবর জানতে পেরে এগুলো নির্মাণ করছে।’ অবশ্য পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণ-সংক্রান্ত আইনে বলা আছে, জেলা প্রশাসন যে ভূমি অধিগ্রহণ করবে, তাতে কেউ অসত্ উদ্দেশে ঘরবাড়ি তৈরি করলে তার ক্ষতিপূরণ পাবে না। হঠাত্ ঘর তৈরির সঙ্গে জড়িত আ. হক মৃধা, মতিউর রহমান মৃধা, রতন হাওলাদার প্রথম আলোর কাছে দাবি করেন, সামনে এলাকায় অনেক লোকসমাগম হবে। তাই ঘরবাড়ি তুলে ভাড়া দেব। অল্প সময়ের মধ্যে এত স্থাপনা এবং সব একসঙ্গে কেন তুলছেন—জানতে চাইলে তাঁরা কোনো সদুত্তর দিতে পারেননি। অভিযোগ পাওয়া গেছে, ঘর তৈরির সঙ্গে জড়িত স্থানীয় খোকন শিকদার, হানিফ হাওলাদার, শাহিন মুন্সীসহ বেশ কয়েকজনের সেখানে কোনো জমি নেই। তাঁরা দরিদ্র জমির মালিকদের সঙ্গে সমঝোতা করে ঘর তৈরি করছেন। তবে শাহিন মুন্সী অন্যের জায়গায় ঘর তোলার কথা অস্বীকার করেছেন। এভাবে অল্প জায়গায় এত ঘর কেন তৈরি করছেন, জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। পাচ্চর বাজারের ব্যবসায়ী নবী বলেন, ‘এখানে আগে কিছুই ছিল না। ঘরের অবস্থা দেখে তো মনে হচ্ছে না যে এখানে কেউ বসত করবে।’শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘স্থাপনাগুলো আমাদেরও চোখে পড়েছে। এখানে খাস জমিসহ সরকারি কোনো জমি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’ আগের অধিগ্রহণ: এর আগে পদ্মা সেতুর জন্য শিবচরের ১২টি মৌজায় ৭৩৪ দশমিক ৭২ একর জমি অধিগ্রহণ করা হয়। সে সময় অধিগ্রহণ করা অনেক বসতবাড়ির মালিক অভিযোগ করেছেন প্রভাবশালী ব্যক্তিরা তুলনামূলকভাবে বেশি টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। বাখরকান্দির মোতাহার মাতবর অভিযোগ করেন, তাঁর জমিতে নানা প্রজাতির ৬০০ গাছ ছিল, সেভাবেই হিসাব করে নিয়ে যায় গণপূর্ত প্রকৌশল অধিদপ্তর। কিন্তু পরে গিয়ে জানতে পারেন ১৪০টি গাছের হিসাব আছে। একই ভাবে তিনি বড় পাকা ঘরের ক্ষতিপূরণ পেয়েছেন আট লাখ টাকা। পাশের ভাঙা টিনের ঘরের জন্য ক্ষতিপূরণ ধরা হয় ২১ লাখ টাকা। তিনি প্রতিবাদ জানালে জেলা প্রশাসক সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।