যত দিন যুদ্ধাপরাধীরা থাকবে তত দিন বিচার চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর করতে বর্তমান সরকার জাতির কাছে দায়বদ্ধ—উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘নতুন প্রজন্ম আমাদের অঙ্গীকারে বিশ্বাস স্থাপন করে মহাজোট সরকারকে নির্বাচিত করেছে। তাই এ অঙ্গীকার বাস্তবায়নের জন্য যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। যত দিন বাংলাদেশে যুদ্ধাপরাধীরা থাকবে, তত দিন বিচার চলবে বলেও তিনি উল্লেখ করেন।আজ শনিবার রাতে চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, ‘যুদ্ধাপরাধীদের রক্ষা করতেই বিএনপি অবরোধ কর্মসূচি দিয়েছে। তাঁরা বঙ্গবন্ধুর খুনিদেরও রক্ষার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারেননি। এবারও বেগম খালেদা জিয়া যত চেষ্টাই করুন যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবেন না।’ স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, ‘যুদ্ধাপরাধীরা কোনো দিন ভাবেনি যুদ্ধাপরাধের বিচারকাজ বাংলাদেশে হবে। যুদ্ধাপরাধীদের অনেকেই সংসদ সদস্য ছিলেন। তাঁরা আমাকে বলেছেন, শেখ হাসিনা কেন পৃথিবীর কোনো শক্তিই আমাদের বিচারের কাঠগড়ায় নিতে পারবে না। এ ছাড়াও বিএনপি এবং কিছু পশ্চিমা শক্তি তাদের পেছনে আছে। তাই ধারণা ছিল কেউ তাদের স্পর্শ করতে পারবে না।’মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে অচিরেই যুদ্ধাপরাধের বিচারের রায় দেওয়া শুরু হবে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘এবার ভিন্ন প্রেক্ষাপটে বিজয় মেলা শুরু হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচারের কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করি অচিরেই রায় দেওয়া শুরু হবে এবং আমরা ন্যায়বিচার পাব। এ কারণেই জামায়াতে ইসলামী ও বিএনপি ভীষণ উত্কণ্ঠার মধ্যে আছে।’ মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও মেলা পরিষদের মহাসচিব এম বদিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেলা পরিষদের সহসভাপতি কাজী ইনামুল হক ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় মহাসচিব এ এ মতিন। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান ও চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।এর আগে বিকেলে স্টেডিয়ামের সামনে সড়কদ্বীপে স্থাপিত ‘বিজয় শিখা’ প্রজ্বালন করেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী।