যত দিন সরকার ক্ষমতায় থাকবে ততদিন দেশ পিছিয়ে থাকবে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৯১ সালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতায় বলেছিলেন, বিএনপি ১০টির বেশি আসন পাবে না। সে বার বিএনপিরই সরকার গঠন করেছিল। এটা বুঝতে পেরে আমাদের ভোটের অধিকার কেড়ে নিতে চাচ্ছে। যত দিন এই সরকার ক্ষমতায় থাকবে ততদিন দেশ পিছিয়ে থাকবে। কারামুক্তির পর ঠাকুরগাঁওয়ে আগমন উপলক্ষে দেওয়া এক গণসংবর্ধনায় আজ মঙ্গলবার মির্জা ফখরুল এসব কথা বলেন। বিকেলে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্বরে জেলা বিএনপি আয়োজিত এই গণসংবর্ধনায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি শাহেদ কামাল চৌধুরী।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আগামী সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। যদি নিজেদের ক্ষমতা ধরে রাখতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দেওয়া হয়, তাহলে দেশের মানুষ মেনে নেবে না। তারা মহাজোট সরকারকে আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করবে।ইলিয়াস আলী গুম হওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ইলিয়াস আলীকে সরকার গুম করেছে। এটা প্রতিবাদ করায় বিরোধী দলীয় নেতা কর্মীদের মামলায় জড়ানো হচ্ছে। এই সরকারের কাছে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ নিরাপদ নয়। দেশ আজ দুর্নীতিতে ছেয়ে গেছে। বিশ্বব্যাংকসহ দাতা গোষ্ঠী অনুদান দিতে অস্বীকার করছে। এরপরও সরকার বলছে দেশ খুব ভাল চলছে। পদ্মা সেতু নির্মাণে দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ কাজ শুরুর আগেই মন্ত্রী ১০ ভাগ ঘুষ চেয়েছে।মহাজোটের শরিকদের পরামর্শ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেওয়ালের লিখন পড়ুন, মানুষের চোখের ভাষা পড়ুন। আর পত্র-পত্রিকায় প্রকাশিত জনমত জরিপের ফলাফল বুঝবার চেষ্টা করুন। তবেই জানতে পারবেন জনমনে আপনাদের অবস্থান কোথায়।জনসভায় আরও বক্তব্য দেন কৃষক দলের সভাপতি আনোয়ারুল হক, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, মহিলা দলের সভাপতি ফুরাতুন নাহার, জিয়া পরিষদের আহ্বায় চৌধুরী হুমায়ুন কবীর, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফরহাদ হোসেন আজাদ প্রমুখ। সংবর্ধনা শেষে মির্জা আলমগীর স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।