যত দূরত্ব তত দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের করিমগঞ্জ এলাকার সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা। সিলেটের অন্যান্য উপজেলার চেয়ে জকিগঞ্জের দূরত্ব অনেক বেশি। এ অঞ্চলটি বাংলাদেশের যেকোনো জেলা শহরের সঙ্গে দূরত্বের দিক থেকে দূরের উপজেলা হিসেবে গণ্য হয়ে আসছে। এলাকাবাসীর অভিযোগ, ভৌগোলিক ও আয়তনের দিক থেকে দেশের অনেক উপজেলার চেয়ে জকিগঞ্জ অনেক বড়। এলাকাটি কেবল দূরত্বে অনেক দূর হওয়ার কারণে পিছিয়ে আছে। এলাকাবাসীর অভিযোগ, জকিগঞ্জ থেকে সিলেটে আসতে হলে লোকজনকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এ সড়কে যেসব বাস চলাচল করে এর অধিকাংশই লক্কড়ঝক্কড়। বহুদিনের পুরোনো। সিটের কোনো ঠিক নেই। মহিলাদের সিটে পুরুষেরা বসে। ভাঙাচোরা ছোট ছোট সিটে কোনো রকমে গাদাগাদি করে বসতে হয় দুজনকে। নামে বিরতিহীন হলেও সারাপথেই এগুলোর থেমে থেমে যাত্রী ওঠা-নামা চলে। যানজট নিত্যসঙ্গী।২০০৪ সালের বন্যার পর থেকে আজ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সংস্কার না হওয়ার পাশাপাশি রাস্তাঘাটের ইট-সুরকি উঠে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। রাতের অন্ধকারে চলে ডাকাতির ঘটনা। স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের দুঃখ করে বলেন, শুধু যোগাযোগব্যবস্থার কারণে আমরা সবকিছু থেকে পিছিয়ে আছি। রাস্তা সমস্যার সমাধান চেয়েও পাচ্ছি না—এটা খুবই দুঃখজনক। একটি মাত্র রাস্তার জন্য কয়েকটি উপজেলার কয়েক লক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।