যত প্রশ্ন তত উত্তর
অসংখ্য চিঠি এসেছে ‘যত প্রশ্ন তত উত্তর’ বিভাগে। সেসব থেকে বাছাই করা কিছু প্রশ্নের উত্তর ছাপা হলো আজ। প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী। এই বিভাগে প্রশ্ন পাঠানোর ঠিকানা: যত প্রশ্ন তত উত্তর, বিজ্ঞান প্রজন্ম, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। মঙ্গলে অক্সিজেন ছেড়ে দিলে মানুষ থাকতে পারবে কি? বলা কঠিন। প্রথমত, মঙ্গলে ছাড়ার মতো লাখো কোটি টন অক্সিজেনই বা পাচ্ছি কোথায়? দ্বিতীয়ত, মঙ্গলের মাধ্যাকর্ষণ এই বায়ুমণ্ডল ধরে রাখতে পারবে কি না সেটা নিয়েও সন্দেহ আছে। তবে হাইপোথিসিসটা মন্দ নয়। একসময় এ রকম একটা কথা শোনা গিয়েছিল বটে, কোনো গ্রহে অসংখ্য নীল-সবুজ শৈবাল ছেড়ে দিলে তা গ্রহটির বাতাবরণে অক্সিজেন তেরি করবে। এর নাম ‘টেরাফর্ম’ করা। কিন্তু এটা একটা বৈজ্ঞানিক কল্পনা, বাস্তবে আদৌ সম্ভব কি না তা কেউ জানে না। শোনা যায়, মঙ্গলে বরফ আছে। আর বরফে অক্সিজেন থাকে। তাহলে মঙ্গলে কি প্রাণীও থাকে? মঙ্গলে প্রাণী আছে কি না কেউ জানে না। অন্তত গ্রহটির পৃষ্ঠে কোনো প্রাণের লক্ষণ নেই। তবে মাটির নিচে অণুজীব আছে কি না তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। প্রমাণ না পাওয়া পর্যন্ত কিছুই বলা যায় না। তবে পৃথিবীর অনেক চরম ও পরম পরিস্থিতিতে অণুজীবের অস্তিত্ব পাওয়া গেছে, তাই বিজ্ঞানীরাও আশ্চর্য হবেন না যদি মঙ্গলেও ও রকম অস্বাভাবিক পরিবেশে প্রাণের সন্ধান পাওয়া যায়। আরেকটা কথা, অক্সিজেন থাকা মানেই কিন্তু প্রাণ থাকা নয়, আদিম পৃথিবীতে অধিকাংশ অণুজীবের কাছে অক্সিজেন ছিল বিষবৎ। আলোকবর্ষ কী? আলোকবর্ষ হলো দূরত্বের একক, আলো এক বছরে যত দূরত্ব অতিক্রম করে, প্রায় 9.4×1012 কিলোমিটার।নওশাদ আলমকেরানীগঞ্জ মডেল একাডেমী।