গণিত বিষয়ে প্রস্তুতির জন্য প্রতিদিনের রুটিনে কমপক্ষে তিন ঘণ্টা সময় রাখবে। মনে রাখবে, ‘যথাযথ’ অনুশীলনই গণিতে পূর্ণ নম্বর পাওয়ার পূর্বশর্ত। উত্তরপত্র পাওয়ার পর প্রবেশপত্রের সঙ্গে মিলিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় অংশগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করবে। স্বাক্ষরলিপিতে যথাস্থানে স্বাক্ষর করবে। প্রশ্নপত্র পাওয়ার পর সম্পূর্ণ প্রশ্নটি কয়েকবার ভালোভাবে পড়বে এবং এর জন্য সময় বরাদ্দ রাখবে পাঁচ মিনিট। যে প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে দিতে পারবে, সেগুলো নির্ধারণ করবে। মনে রাখবে, প্রশ্ন সিলেকশনের ওপর নির্ভর করবে তোমার পরীক্ষার ভালো-মন্দ। যে প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো জানা আছে, সেটিই সর্বপ্রথম শুরু করবে এবং এভাবে পরপর দিতে থাকবে। মনে রাখতে হবে, প্রথমেই বেশি নম্বরপ্রাপ্তির চিন্তা না করে উত্তরপত্রে প্রথমে পাস নম্বর ওঠানোর চিন্তা করে উত্তর লিখবে। এরপর ক্রমান্বয়ে বেশি নম্বরপ্রাপ্তির দিকে অগ্রসর হতে হবে। সময়ের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এমনভাবে সময় বণ্টন করবে, যাতে উত্তরপত্রে উত্তর শেষ করার পর রিভিশনের জন্য অন্তত ১০ মিনিট সময় থাকে। প্রশ্নপত্র পড়ার জন্য পাঁচ মিনিট, রিভিশনের জন্য ১০ মিনিট (৫+১০), মোট ১৫ মিনিট সময় বাদ দিয়ে (১৮০-১৫) ১৬৫ মিনিটের মধ্যে সব প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষার জন্য দেওয়া উত্তরপত্র ছাড়া প্রশ্নপত্রে কোনো কিছু লিখবে না। কোনো প্রশ্নের উত্তর কাটাকাটি বা ঘষামাজা করবে না। ভুল হলে প্রয়োজনে সম্পূর্ণ কেটে আবার লিখবে। উত্তরপত্র জমা দেওয়ার আগে প্রশ্নের সঙ্গে নম্বর ও সংখ্যাগুলো মিলিয়ে নেবে এবং ভালোভাবে রিভিশন দেবে। উত্তরে ‘একক’ না লিখলে বা ভুল লিখলে অথবা ‘আসন্ন’ উত্তরে ‘প্রায়’ বা ‘আসন্ন’ না লিখলে ১ নম্বর কাটা যাবে। উত্তর নির্ভুল, কিন্তু সমাধানের যেকোনো স্তরে ভুল থাকলে কোনো নম্বর পাবে না। সমাধানের স্তরগুলো নির্ভুল, কিন্তু পৃথকভাবে লিখিত উত্তরে ভুল থাকলে ১ নম্বর কাটা যাবে। আলাদাভাবে উত্তর না লিখলেও কোনো নম্বর কাটা যাবে না। বিকল্প বা অতিরিক্ত প্রশ্নের উত্তর দিলে প্রথম উত্তরটি গ্রহণযোগ্য হবে এবং শেষেরটি অতিরিক্ত হিসেবে গণ্য হবে। অতিরিক্ত উত্তরের জন্য কোনো নম্বর পাবে না। যথাস্থানে সমান ‘=’ বা, ‘বা’, ‘অথবা’ না লিখলে বা ভুল লিখলে ১ নম্বর কাটা যাবে। বীজগাণিতিক সমাধান পাটিগণিতের নিয়মে করা যাবে না, কিন্তু পাটিগাণিতিক সমাধান বীজগাণিতিক নিয়মে করা যাবে। গণিতের সমস্যা সমাধানের ক্ষেত্রে কোনো বিতর্কিত নিয়মে না করে গতানুগতিক নিয়মে সমাধান করাই ভালো। সমাধানের স্তরে প্রয়োজনীয় কারণ উল্লেখ করবে। প্রশ্নের নম্বর সঠিকভাবে লিখে উত্তর শুরু করবে। জ্যামিতিতে চিত্র ছাড়া বা ভুল চিত্রের সাহায্যে বর্ণনা বা প্রমাণ লিখলে অথবা বর্ণনা বা প্রমাণের সঙ্গে চিত্রের কোনো মিল না থাকলে কোনো নম্বর পাবে না। উপপাদ্যের বিশেষ নির্বচনের পর চিত্র দিলে কোনো নম্বর পাবে না, কিন্তু সম্পাদ্যের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। সম্পাদ্যে বা উপপাদ্যে সাধারণ নির্বচন না লিখলেও কোনো নম্বর কাটা যাবে না। যেকোনো যুক্তিসংগত জ্যামিতিক প্রমাণ গ্রহণযোগ্য হবে এবং পূর্ণ নম্বর পাবে। সম্পাদ্যের চিত্র অঙ্কন না করলে বা ভুল করলে অথবা অঙ্কনের প্রয়োজনীয় চিহ্ন না থাকলে শুধু লেখার জন্য কোনো নম্বর পাবে না। কিন্তু যথাযথ অঙ্কনের চিহ্নসহ চিত্র অঙ্কন করে বর্ণনা না লিখলেও শুধু অঙ্কনের জন্য নির্ধারিত নম্বর পাবে। যেসব জ্যামিতির প্রমাণে একাধিক চিত্র আছে, সেখানে একাধিক চিত্রই দিতে হবে, অন্যথায় নম্বর কাটা যাবে। জ্যামিতিক চিত্র পেনসিল দিয়ে আঁকবে। গ্রাফ (লেখচিত্রের) অঙ্কের সমাধান করার সময় চিত্র গ্রাফ পেপারে আঁকবে এবং বর্ণনা খাতায় লিখে তার পাশে গ্রাফ পেপারটি লাগিয়ে দেবে। জ্যামিতির উপপাদ্যে বিকৃত চিত্রাঙ্কন করলে কোনো নম্বর পাবে না। চিত্র চোখের দৃষ্টিতে শুদ্ধ হলেই হবে।প্রাপ্ত নম্বরকে লেটার গ্রেডে রূপান্তরের নিয়মলেটার গ্রেড প্রাপ্ত নম্বরের শ্রেণী ব্যাপ্তি গ্রেড পয়েন্ট A+ ৮০-১০০ ৫.০০ A ৭০-৭৯ ৪.০০ A- ৬০-৬৯ ৩.৫০ B ৫০-৫৯ ৩.০০ C ৪০-৪৯ ২.০০ D ৩৩-৩৯ ১.০০ F ০০-৩২ ০.০০