শহীদ আফ্রিদির ১৬ রানে ৫ উইকেট বিশ্বকাপে পাকিস্তানের সেরা বোলিং। আগের রেকর্ডটি ছিল ওয়াসিম আকরামের, ২৮ রানে ৫ উইকেট, ২০০৩ বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সেরা বোলিং রেকর্ড। আফ্রিদি ভেঙেছেন কপিল দেবের রেকর্ড। কপিল ১৯৮৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪২ রানে ৫ উইকেট নিয়েছিলেন। সব মিলিয়ে ওয়ানডেতে অধিনায়কের অষ্টম সেরা বোলিং। শ্রীলঙ্কায় কোনো অধিনায়কের সেরা বোলিংও এটি। সব মিলিয়ে শ্রীলঙ্কার মাটিতে ষষ্ঠ সেরা বোলিং। ২০৫ রানে জয় বিশ্বকাপে রানের দিক দিয়ে পাকিস্তানের বৃহত্তম জয়, যা কেনিয়ার বৃহত্তম পরাজয়। বিশ্বকাপ ইতিহাসে এটি রানের দিক দিয়ে অষ্টম বৃহত্তম জয়। পাকিস্তানের ইনিংসে চারটি পঞ্চাশের বেশি রানের ইনিংস বিশ্বকাপের এক ইনিংসে সর্বাধিক পঞ্চাশের যুগ্ম রেকর্ড। বিশ্বকাপ এটি দেখেছে আরও আটবার। পাকিস্তানের ৩১৭, ওয়ানডেতে কেনিয়ার বিপক্ষে তাদের সর্বোচ্চ। আগের সেরা ছিল ২০০৩ সালে শারজায় ২৮৬। বিশ্বকাপে পাকিস্তানের চতুর্থ বৃহত্তম ইনিংসও এটা। কেনিয়ার বোলাররা ওয়াইড রান দিয়েছেন ৩৭টি; ওয়ানডেতে সবচেয়ে বেশি ওয়াইড দেওয়ার যুগ্ম রেকর্ড এটি। ১৯৮৯ সালে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের বিপক্ষেই দিয়েছিল এতগুলো ওয়াইড। ইউনুস খানের ৫০ রান বিশ্বকাপে তাঁর সর্বোচ্চ; আগের সর্বোচ্চ ৩২ করেছিলেন ২০০৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে।গ্রন্থনায়: মোহাম্মদ সোলায়মান