ইংল্যান্ডের বিপক্ষে জয়টি বাংলাদেশের বিশ্বকাপে সপ্তম ও ওয়ানডেতে ৬৬তম জয়। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় জয়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়। এর আগে ২০০৯ সালে বাংলাদেশ ২২২/৯ করে হারিয়েছিল জিম্বাবুয়েকে। ব্যক্তিগত ৫৫ রানের মাথায় ১৭তম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ১০০০ রান পূর্ণ করেছেন ইমরুল কায়েস। ৩৪ ম্যাচ ও ৩৪ ইনিংসে ১০০০ রান করলেন ইমরুল। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় দ্রুততম। ২৯ ম্যাচের ২৯ ইনিংসে ১০০০ রান করেছিলেন শাহরিয়ার নাফীস। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান এখন তামিম ইকবালের। এ ম্যাচে ব্যক্তিগত ১৪ রানের মাথায় তামিম ছাড়িয়ে যান আশরাফুলের ২৯৯ রানকে। বিশ্বকাপে তামিমের মোট রান এখন ৩২৪। ইমরুল কায়েস ও সাকিব আল হাসানের ৮৪ রান চতুর্থ উইকেটে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল রকিবুল ও সাকিবের গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ট্রেন্টব্রিজে ৫০ রান। মাহমুদউল্লাহ ও শফিউলের অপরাজিত ৫৮ রানের জুটি ওয়ানডেতে নবম উইকেটে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ। এটি বিশ্বকাপে, ইংল্যান্ডের বিপক্ষে ও এই মাঠে নবম জুটিতে সর্বোচ্চ।