বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলা তিনটি ম্যাচেই জিতল দক্ষিণ আফ্রিকা। প্রথম খেলোয়াড় হিসেবে দেশের মাটিতে ২০টি সেঞ্চুরি করলেন শচীন টেন্ডুলকার। প্রথম খেলোয়াড় হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ২০০০ রান করলেন শচীন টেন্ডুলকার। ওয়ানডেতে ভারতের পক্ষে সবচেয়ে বেশি ছক্কা (১৯৩) এখন টেন্ডুলকারের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ছক্কা মেরে ছাড়িয়েছেন সৌরভ গাঙ্গুলীকে (১৯০)। সেঞ্চুরি করার পরও সবচেয়ে বেশি ১৩টি ম্যাচে হেরেছেন টেন্ডুলকার। সেঞ্চুরি করা নয়টি ম্যাচ হেরে দ্বিতীয় স্থানে আছেন ক্রিস গেইল। প্রথম ১০ ওভারে ভারতের ৮৭ রান এবারের বিশ্বকাপের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৮২ রানও ছিল ভারতের, হল্যান্ডের বিপক্ষে। ভারতের প্রথম তিন ব্যাটসম্যান টেন্ডুলকার, শেবাগ ও গম্ভীর পঞ্চাশের ওপরে রান করেছেন। প্রথম তিন ব্যাটসম্যানের পঞ্চাশের ওপর রান বিশ্বকাপের ইতিহাসে এ নিয়ে মাত্র তৃতীয় উদাহরণ। এবারের বিশ্বকাপের চারটি ম্যাচেই শেবাগ বাউন্ডারি মেরে রানের খাতা খুলেছেন। শেবাগ ও টেন্ডুলকারের ১৪২ রানের উদ্বোধনী জুটি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ নিউজিল্যান্ডের মার্ক গ্রেটব্যাচ ও রড ল্যাথামের ১১৪ রান, ১৯৯২ বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম পঞ্চাশ করলেন গম্ভীর। পরশুর ৬৯ রান বিশ্বকাপেও তাঁর সর্বোচ্চ। ৫০ রানে ৫ উইকেট ডেল স্টেইনের ক্যারিয়ার-সেরা বোলিং। আগের সেরা ১৬ রানে ৪ উইকেট, বাংলাদেশের বিপক্ষে ২০০৮ সালে। ২৯ রানে শেষ ৯ উইকেটের পতন বিশ্বকাপে কোনো টেস্ট দলের সবচেয়ে বাজে রেকর্ড। এই বিশ্বকাপেই নিউজিল্যান্ডের বিপক্ষে কেনিয়ার শেষ ৯ উইকেট পড়েছিল ২৯ রানে। বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতের চার ব্যাটসম্যান শূন্য রানে আউট। হার্শেল গিবসের পর দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান হিসেবে বিশ্বকাপে ১০০০ রান পূর্ণ হলো জ্যাক ক্যালিসের। সব মিলিয়ে ১৩ জন ব্যাটসম্যানের হাজারের ওপরে রান আছে বিশ্বকাপে।