১৩১ রানের ব্যবধান, বিশ্বকাপে আয়ারল্যান্ডের সবচেয়ে বড় পরাজয়। এর আগে আইরিশদের বড় পরাজয় ছিল ২০০৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে ১২৯ রানের হার। ইডেন গার্ডেনে রানের হিসাবে এটিই সবচেয়ে বড় জয়। পরশুর ম্যাচটি ছিল ইডেন গার্ডেনের ২৩তম ওয়ানডে। ভারতে কোনো ভেন্যুতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ আয়োজনের রেকর্ড এটি। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হয়েছে ২২টি ওয়ানডে। ২৭২ রান ইডেনে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ স্কোর। আগের সর্বোচ্চ ছিল ১৯৯৩ সালে ভারতের বিপক্ষে ৫০ ওভারে ৯ উইকেটে করা ১৯৩। আয়ারল্যান্ডের ১৪১ রান ইডেনে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ১৯৯৩ সালে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ১২৩ এই মাঠের সর্বনিম্ন। অ্যাডাম গিলক্রিস্টের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে ৯৯ রানে আউট হলেন জেপি ডুমিনি। বিশ্বকাপে এটি ৩৬তম বার নড়বড়ে নব্বইয়ে আউট হওয়ার ঘটনা। ইডেনে দ্বিতীয়বারের মতো ৯৯ রানে আউট হলেন কোনো ব্যাটসম্যান। ১৯৬৯ সালে অস্ট্রেলিয়ার ইয়ান চ্যাপেল টেস্ট ম্যাচে ৯৯ রানে আউট হয়েছিলেন এখানে। জেপি ডুমিনি ও কলিন ইনগ্রামের ৮৭ রানের জুটি বিশ্বকাপে ষষ্ঠ উইকেটে দক্ষিণ আফ্রিকার সেরা। আগের সেরা ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জ্যাক ক্যালিস ও শন পোলকের ৭৭ রান। ১০ ওভারে ৭৬ রান দিয়ে ট্রেন্ট জনস্টন করেছেন বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার আইরিশ রেকর্ড। এই বিশ্বকাপেই মোহালিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ ওভারে ৭১ রান দিয়েছিলেন কেভিন ও’ব্রায়েন। ইডেনে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডও এখন জনস্টনের। দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার মরনে ফন উইক চারটি ক্যাচ ধরে ছুঁয়েছেন ১৯৯৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে মার্ক বাউচারের ধরা চারটি ক্যাচের দক্ষিণ আফ্রিকান বিশ্বকাপ রেকর্ড। এটি ইডেনেরও রেকর্ড। ইডেনে সপ্তম উইকেটে সবচেয়ে বেশি রানের জুটি গড়েছেন ডুমিনি ও বোথা (৬৫*)। বিশ্বকাপে আয়ারল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি ক্যাচ (৮টি) এখন ট্রেন্ট জনস্টনের। ডু প্লেসিসের ক্যাচ ধরে জনস্টন ছাড়িয়ে গেছেন এউইন মরগানের (মরগান এখন ইংল্যান্ডের খেলোয়াড়) সাতটি ক্যাচকে।