৮০ রানের জয় বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের ব্যবধানে ভারতের সবচেয়ে বড় জয়। ২৬৮ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সর্বোচ্চ ইনিংস। বিশ্বকাপ অভিষেকেই ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং (৫/৫১) করলেন উইন্ডিজের রবি রামপল। আগের সেরা ৩৭ রানে ৪ উইকেট, ভারতের বিপক্ষেই, ২০০৯ সালে। রামপলের বোলিং চিদাম্বরম স্টেডিয়ামেরও সেরা। আগের সেরা আকিব জাভেদের ৬১ রানে ৫ উইকেট, ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে। নিজের তৃতীয় বিশ্বকাপে ও ২০তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরি পেলেন যুবরাজ সিং। তাঁর আগের বিশ্বকাপ সর্বোচ্চ রান ৮৩, ২০০৭-এ বারমুডার বিপক্ষে। এটি যুবরাজের ১৩তম ও উইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক যুবরাজ (২৫৫), ছাড়িয়েছেন অস্ট্রেলিয়ার জিওফ মার্শকে (২৪৬ রান)। এ নিয়ে ওয়ানডেতে ২৪ বার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেলেন যুবরাজ, এই বিশ্বকাপেই তিনবার। এই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ও সব দেশ মিলিয়ে সপ্তম খেলোয়াড় হিসেবে ওয়ানডে অভিষেক হলো কার্ক এডওয়ার্ডসের।